শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাড্ডায় আগুন শতাধিক ঘর ভস্মীভূত

news-image

স্বামী ও দুই ছেলেকে নিয়ে মধ্য বাড্ডার পুষ্করনীপাড়ের একটি টং ঘরে থাকতেন গার্মেন্টকর্মী শাহনাজ বেগম। স্বামী আমীন আগে রিকশা চালাতেন। অসুস্থতার কারণে এখন এক বাসায় দারোয়ানের কাজ  করেন। দুই ছেলেকে নিয়ে তাদের সংসার ভালই চলছিল। বড় ছেলে শামীম স্টিলের ফার্নিচারের কাজ শিখছে। কিছুটা সচ্ছলতার মুখ দেখতে শুরু করেছিলেন তারা। কিন্তু চোখের সামনেই সর্বগ্রাসী আগুন তাদের সব কেড়ে নিলো। চোখের সামনেই পুড়ে ছাই হয়ে গেল সাজানো সংসার। কোন রকমে প্রাণ নিয়ে তারা ঘর থেকে বেরিয়ে এসেছিলেন। আগুনে পোড়া ছাই হাতড়াতে হাতড়াতে শাহনাজ কান্নাজড়িত কণ্ঠে বলছিলেন, ‘আমার তো কিচ্ছু নাই। সব পুইড়া গেছে। আমি অহন কি করুম?’ শুধু শাহানাজই নয়, তার আশেপাশে আরও শতাধিক পরিবার একই বিলাপ করছিল। কারণ আগুনে তাদের সব পুড়ে ছাই হয়ে গেছে। কেউ ঘর থেকে কিছু বের করতে পারেননি। রাজধানীর মধ্য বাড্ডায় আগুন লেগে একটি মেসবাড়ি, একটি ভবনে থাকা কয়েকটি দোকান এবং ঝিলের ওপর তৈরি করা শতাধিক টং ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল বেলা সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর দুপুর সোয়া ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশনস) মেজর এ কে এম শাকিল নেওয়াজ বলেন, আমরা নিশ্চিত নই কিভাবে আগুন লেগেছে। ঘটনা তদন্তে একটি কমিটি করা হবে। আগুন নিয়ন্ত্রণে আনার পর ভেতরে কোন মৃতদেহ পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র জানায়, গতকাল বেলা সাড়ে ১২টার দিকে  মধ্য বাড্ডার ব্যাংক এশিয়া ও সিডিসিএল সিএনজি স্টেশনের পাশের গলির পুষ্কনিপাড়ে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি একটি করে ১১টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়। ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় লোকজনকে আগুন নেভানোর কাজে অংশ নিতে দেখা যায়। ইরফান নামে এক প্রত্যক্ষদর্শী জানান, বেলা সাড়ে ১২টার দিকে ঝিলপাড়ের একটি ফুসকার দোকানে আগুন জ্বলতে দেখা যায়। পরে সেই আগুন আশেপাশের টং ঘরসহ অন্যান্য বাসাবাড়িতে ছড়িয়ে পড়ে। ফায়ার ব্রিগেডের কর্মকর্তারাও ধারণা করছেন, টং ঘরের মাঝখানের অংশ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সরজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সিডিসিএল সিএনজি স্টেশন থেকে আনুমানিক পঞ্চাশ গজ গলির ভেতরে ভাই ভাই বোর্ডিং হাউজ নামে দোতলা একটি টিনের ঘর রয়েছে। এর বাঁ দিকে একটি দোতলা মেসবাড়ি এবং ডান দিকে দোতলা ভবনের নিচতলায় কয়েকটি দোকান ও উপরে বোর্ডিংয়ের বর্ধিতাংশ। আর বোর্ডিংয়ের পেছনে ঝিলের ওপর খুঁটির মাচায় পাঁচটি দোতলা কাঠামোতে শতাধিক টিনের ঘর। আগুনে সবকিছু পড়ে ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনার পর সেখানে কংক্রিটের পিলারগুলো দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। আলম তাজ নামে বিএফ শাহীন কলেজের এক শিক্ষার্থী জানান, ঘরের অন্য সব জিনিসপত্রের সঙ্গে তার বইপত্রও সব পুড়ে গেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চাচার সঙ্গে পুষ্কনিপাড়ের একটি মেসে থাকতেন তাজ। বাড়িতে অভাব অনটন লেগেই থাকে। চাচাই ছিল তার লেখাপড়া খরচের যোগানদাতা। চাচার জিনিসপত্রের সঙ্গে তারও সব শেষ হয়ে গেছে। তাজ বলছিলেন, আগুন লাগার পর বাসা থেকে কিছুই বের করতে পারিনি। মনে করেছিলাম, ফাঁকা রাস্তায় ফায়ার ব্রিগেডের গাড়ি এসে পানি দিলে নিভে যাবে। আমাদের মেস পর্যন্ত আগুন আসবে না। কিন্তু সব শেষ হয়ে গেল। সরকার সহায়তা না করলে আমরা অনেকেই আর ঘুরে দাঁড়াতে পারবো না- বলেই দীর্ঘশ্বাস ছাড়লেন তাজ। নিজের পুড়ে যাওয়া টং ঘরের পাশে দাঁড়িয়ে আহাজারি করছিলেন মাইক্রোবাস চালক গিয়াসউদ্দিন রানা। সকালে বাসা থেকে কাজে বেরিয়ে গেলেও আগুন লাগার খবর পেয়ে বাসার কাছে ছুটে এসেছেন তিনি। তার চোখের সামনেই দাউ দাউ করে পুড়ে ছাই হতে দেখেন নিজের ঘর। প্রথমে স্ত্রী-সন্তানকে খুঁজে না পেয়ে ভেবেছিলেন তারা হয়তো আগুনে পুড়েছে। পরে অবশ্য খুঁজে পান তাদের। স্ত্রী-সন্তানেরা কোন রকমে জীবন নিয়ে বেরিয়ে এলেও বের করতে পারেনি সংসারের কোনও জিনিসপত্র। রানা বলছিলেন, ‘ঋণ কইরা ফ্রিজ কিনছি। বাকিতে খাট কিনছি। এখনও টাকা দেই নাই। এহন ক্যামনে দিমু? কাইলকা বিভিন্ন জনের কাছ থেইকা পাওনা ৭০ হাজার টাকা তুইল্যা আনছিলাম। আমার খাট, ফ্রিজ, টাকা সব শ্যাষ। সব পুইড়া ছাই হয়্যা গেলো।’
আগুনে পোড়া ঘরের সামনে বসে কাঁদতে দেখা যায় কাঁচামাল ব্যবসায়ী আহমদ আলী সুমনকে। শিশুপুত্রকে কোলে নিয়ে স্ত্রী কুলসুম বেগম তার পাশে বিহ্বল দাঁড়িয়ে ছিলেন। কান্নাজড়িত কণ্ঠে আহমদ আলী বলেন, ‘ঘুম থেইকা উইঠাই শুনি আগুন লাগছে। তিন পোলারে তাড়াতাড়ি ঘুম থেইকা উঠায়া বউ নিয়া বাড়ি থিকা বাইর হইছি। ঘরে ব্যবসার টেকা পয়সা, জিনিসপত্র সব পুইড়া গেছে।’ প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের কারণে বোর্ডিং, মেসবাড়ি ও টং ঘরগুলোর অনেক বাসিন্দারা গ্রামের বাড়িতে ছিলেন। অল্প কিছু লোকজন সেখানে  অবস্থান করলেও আগুন লাগার পর সবাই খালি হাতে ঘরের বাইরে বেরিয়ে আসেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আগুন লাগার পর একপর্যায়ে আগুনের শিখা অনেক উঁচু পর্যন্ত উঠে যাওয়ায় চারপাশের আবাসিক ভবনগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রগতি সরণীর এক পাশে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। আশপাশের এলাকা থেকে বহু মানুষ জড়ো হওয়ায় তাদের সামলাতে হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় এ সময় পাশের ভেনাস কমপ্লেক্স নামের একটি বহুতল ভবন থেকেও বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়। আগুনের তাপে ভাই-ভাই বোর্ডিংয়ের উত্তর-পশ্চিম পাশের ভবনগুলোর দরজা-জানালার কাচ ফেটে যায়। টাইলসও উঠে যায়। মনিরুল ইসলাম নামে এক ব্যবসায়ী জানান, নিম্ন আয়ের বহু কর্মজীবী মানুষ পুড়ে যাওয়া টং ঘরগুলোতে ভাড়া থাকতেন। কয়েক বিঘা জমির ওপর গড়ে তোলা এসব স্থাপনার মালিক ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওসমান গণি। তিনি সাংবাদিকদের বলেন, কিভাবে আগুন লেগেছে তা তিনি জানেন না। আগুনে তার কাঠ ও টিনের তৈরি মেসবাড়ি ছাড়াও টং ঘরগুলো পুড়ে গেছে। ওসমান গণির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বাড্ডা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, টং ঘরগুলোতে দেড় শতাধিক পরিবার ভাড়া থাকতেন। ঈদে অনেকেই বাড়ি যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি। আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক আলী আহমেদ খান সাংবাদিকদের বলেন, সম্পূর্ণ অপরিকল্পিতভাবে এসব স্থাপনা তৈরি করা হয়েছিল। এ কারণে আগুন নেভাতে গিয়ে পানির জোগান পেতে সমস্যা হয়েছে। অপরিকল্পিত স্থাপনা নির্মাণের বিষয়টি স্বীকার করে স্থানীয় সংসদ সদস্য এ কে এম রহমত উল্লাহ বলেন, এরপর যাতে এখানে আর এভাবে স্থাপনা তৈরি না হয় তা তিনি দেখবেন।