পাক-ভারত সীমান্তে গুলি বর্ষণের তদন্তে জাতিসংঘ
পাকিস্তান সীমান্তের বেসামরিক জনসাধারণের ওপর বিনা উস্কানিতে ভারতীয় গুলি বর্ষণের বিরুদ্ধে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন শুরু করেছে ভারত ও পাকিস্তান সীমান্তে জাতিসংঘ সামরিক পর্যবেক্ষক গোষ্ঠী বা ইউএনএমওজিআইপি। পাকিস্তান সেনাবাহিনীর অনুরোধে এ মিশন শুরু করেছে ইউএনএমওজিআইপি। পাক সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর এ কথা জানিয়েছে। আইএসপিআর’এর বিবৃতিতে বলা হয়েছে, শিয়ালকোটের সীমান্তের কাছে ভারতীয় গোলাবর্ষণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত গ্রামগুলো পরিদর্শন করেন ইউএনএমওজিআইপি সামরিক কর্মকর্তারা। রাওয়ালপিন্ডি ভিত্তিক ইউএনএমওজিআইপি সামরিক কর্মকর্তাদের হেলিকপ্টার যোগে এসব এলাকায় নিয়ে যাওয়া হয়। ইউএনএমওজিআইপি সামরিক কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত বেসামরিক কাঠামো দেখেন এবং বেসামরিক মানুষরা নিজেদের অভিজ্ঞতার কথা তাদের জানান। সীমান্তে গুলি বর্ষণের ঘটনা পুরোপুরি তদন্ত করে দেখার এবং এ সংক্রান্ত তথ্য বিশ্বের কাছে তুলে ধরার জন্য ইউএনএমওজিআইপি পর্যবেক্ষকদের পুরো সহায়তা দিচ্ছে পাকিস্তান।











