শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাপের বাড়ি যেতে আর দেরি সইছে না ওবামার!

news-image

বাপের বাড়ি যেতে আর দেরি সইছে না মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার। বেশ কয়েকবার উদ্যোগ নিয়েও বাপ-দাদার ভিটাতে পা রাখতে পারেননি তিনি। কিন্তু এবারে সেখানে যাবার ব্যাপারে সবকিছুই চূড়ান্ত প্রায়। আর যেন কোনো দেরিই সইছে না।
৮ বছর আগে ২০০৬ সালে শেষবার গিয়েছিলেন কেনিয়াতে। এবার কেনিয়াবাসীর অপেক্ষার অবসান ঘটিয়ে আসছেন তাদের প্রিয় সন্তান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আগামী শুক্রবার নাইরোবিতে পিতৃভূমিতে পা রাখবেন ওবামা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে ২০০৬ সালে শিকাগোর সিনেটর থাকাকালীন ওবামা সর্বশেষ কেনিয়া এসেছিলেন। এদিকে ওবামার এই তিন দিনের রাষ্ট্রীয় সফরকে কেন্দ্র করে এরই মধ্যে মনোরম সাজে সাজছে নাইরোবি। জোরদার করা হচ্ছে নিরাপত্তাব্যবস্থাও। পত্রিকাগুলো করছে বিশেষ আয়োজন। টেলিভিশনে দেখানো হচ্ছে নানা অনুষ্ঠান। ওবামাকে তার দাদা বাড়ির পুরনো ঐতিহ্য স্মরণ করিয়ে দিতে প্রস্তুত হয়েছে নাটক ও গানের অনুষ্ঠানও। ওবামা যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের রাজধানী হনলুলুতে জন্মগ্রহণ করেন। তার বাবা কেনিয়ার লুও জাতির বারাক হুসেইন ওবামা সিনিয়র ছিলেন একজন অর্থনীতিবিদ এবং মা অ্যান ডানহ্যাম ছিলেন মার্কিন নাগরিক। ওবামার বাবা হাওয়াই-মানোয়া বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে অ্যান ডানহ্যামের সঙ্গে তার পরিচয় ও বিয়ে হয়। ওবামার দুই বছর বয়সে বাবা-মায়ের বিচ্ছেদ ঘটে। ওবামার মা পরে ইন্দোনেশীয় লোলো সুতোরোকে বিয়ে করেন। ফলে ওবামার শৈশবের অনেকটা সময় কেটেছে ইন্দোনেশিয়াতে। এবারের সফরে ওবামা নাইরোবিতে তার দাদাবাড়িও যাবেন বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে ওবামার বাবা বারাক হুসাইন ওবামা সিনিয়রের স্মৃতি ধরে রাখতে নাইরোবির টম মবোয়া স্ট্রিট তার নামে নামকরণ করা হয়েছে।