শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে রেলওয়ে দৈনিক আড়াই লাখ যাত্রী পরিবহন করবে

news-image

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী যাত্রীদের রেলওয়েতে ১৭ তারিখের যাত্রার টিকেট আগামীকাল সোমবার বিক্রি হবে। যাত্রীরা ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ গুরুত্বপূর্ণ স্টেশন থেকে এই টিকেট কিনতে পারবেন। বাংলাদেশ রেলওয়ে ঈদে ঘরমুখী যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে গত ৯ জুলাই থেকে অগ্রিম টিকেট বিক্রি শুরু করে। আগামীকাল সোমবার অগ্রিম টিকেট বিক্রির শেষ দিন। বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মো. হাবিবুর রহমান আজ জানান, ঢাকার কমলাপুরে রেলওয়ে স্টেশনে অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে টিকেট বিক্রি হচ্ছে। টিকেট ক্রেতারা তাদের চাহিদা অনুযায়ী নির্ধারিত গন্তব্যের টিকেট ক্রয় করছেন। টিকেট বিক্রির সময় রেলওয়ের কর্মকর্তাগণ তদারকি করছেন। তিনি জানান, টিকেট কালোবাজারি রোধে ব্যাপক পদক্ষেপ নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা স্টেশন ও আশপাশের এলাকায় নজরদারি করছেন। এ পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে সকল আন্তনগর ট্রেনের অফ-ডে বাতিল করেছে। বাংলাদেশ রেলওয়ে যাত্রীদের সুবিধার্থে মোট ১৬৯টি অতিরিক্ত কোচ চলমান ট্রেনে সংযোগ করবে। এ ছাড়া কারখানায় মেরামত করে অতিরিক্ত ২৫টি ইঞ্জিন সরবরাহ করা হবে। এদিকে বাংলাদেশ রেলওয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের তিন দিন পূর্বে (১৫-১৭ জুলাই) এবং ঈদের পরে ৭ দিন (২০-২৬ জুলাই চাঁদ দেখার ওপর নির্ভরশীল) ৫ জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করবে। এ ছাড়া পবিত্র ঈদের দিন ভৈরব-কিশোরগঞ্জ-ভৈরব এবং ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে শোলাকিয়া স্পেশাল ট্রেন নামে দুই জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করবে। রেলওয়ে সূত্র জানায়, স্বাভাবিকভাবে প্রতিদিন বাংলাদেশ রেলওয়েতে প্রায় ১ লাখ ৮০ হাজার যাত্রী পরিবহন করা হয়ে থাকে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিদিন প্রায় ২ লাখ ৫০ হাজার যাত্রী পরিবহনের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ রেলওয়ে ঈদ পরবর্তী সময়ে রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহার স্টেশনে আগামী ১৬ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত অগ্রিম টিকেট বিক্রি করবে। একজন যাত্রীকে সর্বাধিক ৪টি টিকেট দেওয়া হবে এবং বিক্রিত টিকেট ফেরত নেওয়া হবে না।