শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শঙ্খ শিশু নিনাদ: অপরাহ্ণ সুসমিতো

news-image

ও ইয়া ও ইয়া
বেবী গার্ল কল মি জেইলর
কজ আই অ্যাম এ প্রিজনার
আই উইল নট ব্রেক ইওর হার্ট
অনলি ইউ বেবী অনলি ইউ
স্যাটিসফাই মি…লেট মি স্যাটিসফাই ইউ..ও ইয়া ও ইয়া

সন্ধ্যা থেকে ভাসছি নীল আলোর ঘূর্ণিতে। গানের লাইনগুলো তিরতির করে ভেসে যায় লহমায়। আমার রক্তে মাতম জেগে ওঠে আবিষ্কারের কলম্বাসে। গীটারটা হাতে নিয়ে জেগে উঠি আধো আলোর সন্ধ্যার বাতাবীলেবুতে। কিছুক্ষণ আগে সিগারেটের ভেতর ঢুকিয়ে দেয়া মারিউয়ানা এখন রিমরিম করে মাথার চারপাশে।

চিৎকার করে উঠি:

: ওনানা গট ইট ..

ওনানা আমার থার্ড গার্ল ফ্রেন্ড। আগের দু দুটো সম্পর্ক নষ্ট হয়ে যাবার পর ওনানার সাথে আমার গাঁটছড়া বাঁধে। ওনানা মরিসাসের মেয়ে। ও ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি জোগাড় করার জন্য এখানে একটা স্ট্রিপ ক্লাবে পার্ট টাইম নাচে। সুজানের সাথে আমার তখন ভাঙ্গনের পর্ব শুনি। একদিন প্রচন্ড অস্থির সময়ের দ্রিমিকি দ্রিমিকি রাতে আমি ওনানাদের নাইট ক্লাবে ঢুকি। আগেও গেছি কয়েকবার।

দুটো শুটার টাকিলা চুমুক। লবন লেবু মিশিয়ে। আমি রাতের পৃত্থীরাজ হয়ে উঠি মশাল গনগনে। টলটল মাধবী নগ্নিকা ওনানা তখন ডায়াসে নাচছিল সেই গানে।

I luh ya papi
I luh ya papi,
I luh ya, luh ya, luh ya papi
I luh ya luh papi,
I luh ya, luh ya, luh ya papi
I luh ya papi,
I luh ya papi, I luh ya luh ya luh ya papi
Yeah that my papi
I luh ya luh ya luh ya papi

ওনানা ডায়াস থেকে নামতেই ওর পাশে গিয়ে দাঁড়াই। ডাক দেই আমার করিডোরে। নিয়ম কানুন খুব সহজ। পরের গানে ও আমার সামনে প্রাইভেট নাচবে। গান প্রতি ২০ ডলার। শর্ত একটাই ওর শরীর টাচ করা যাবে না। গান বেজে ওঠে। আমি ওনানাকে ফিসফিসিয়ে বলি:

: তোমার নাচতে হবে না। চলো ভালোবাসায় ধর্মান্তরিত হই।

সে গানের মূর্ছনার শব্দ ছাপিয়ে হেসে ওঠে। সে জানে এসব রাতের প্রেমিকের মাতাল কূজন, পিউকাঁহা।

কদিন পরেই ক্যাম্পাসের ক্যাফেতে ওর সাথে আমার আচানক দেখা। সেই রাতের ওনানার বাইরে অন্য এক পটল মাধবী রেণুকা। মরিসাসের দ্বীপবাসিনী সুন্দরম। কী অপূর্ব লোনা ধিন তা না ও না না।

সেই থেকে লিভ টুগেদার।

আমার পড়াশুনার খরচ জোগানোর জন্য নাইট ক্লাবে ডিজে। নতুন নতুন রিমিক্স। নতুন কম্পোজিশন। ওনানার স্ট্রিপ ক্লাবে নাচ।

কোনো কোনো দিন রাতের মলয় গভীরে দুজন দুজনের বুকের মাঝে কুন্ডলি পাঁকিয়ে থাকি। ওর সমুদ্র ভাসা জীবনের গল্প। আমার কচুরিপানা ভাসতে ভাসতে ভেসে যাওয়ার গল্প। অদৃশ্য কান্নার রেশমে ভেসে যাই দুই উন্মূল। টের পাই বন্ধনের আড়ালে বন্ধন।

আজ রাতে আমার ডিজে শো। নতুন রিমিক্স মাথায় আসছিল না বলেই কয়েক পাফ খেয়ে নিলাম মারিউয়ানার নীল মধু। আমার চিৎকারে ওনানা প্রজাপতির মতো উড়ে এলো।

: ওনানা গান পেয়ে গেছি ..ইয়াহু
: কই দেখাও ?
: মাথায়

আমি হো হো করে আনন্দের বঙ্গোপসাগরে ভাসতে থাকি। ওনানা আমার সুখী মুখের দিকে বিল্লিবাবু তাকিয়ে থাকে। গীটারে সুর গুনগুন তুলতে ওনানা আমার ঠোঁটে আঙ্গুল চেপে ধরে। অবাক হয়ে লক্ষ করি ও আমার দুটো হাত টেনে ওর পেটে চেপে ধরে।

: অভি আমি মা হচ্ছি,তুমি বাবা হচ্ছো

মগজ থেকে সাঁ করে দৌঁড়ে পালায় গানের লিরিক,রাতের পার্টি ও অচেনা সুর। মিছিলের মতো নেমে যায় নেশার লাটিম,শৈশব কাজু বাদাম। অবোধ বালকের মতো আমি উবু হয়ে ওনানার তলপেটে কান পাতি।

শোনা কি যায় অতল গহীনের দূর ধ্বনি? কোনো শংখ শিশু নিনাদ?
ওনানা ঝরণার মতো হেসে হেসে ওঠে।

: আর ক্লাবে নাচবো না
: আমিও বাজাবো না
: চলো মরিশাস যাই
: চলো বাংলাদেশ যাই
: বাচ্চাটার নাম হোক মরিবা
: এ কেমন নাম গো?
: মরিশাস এর মরি আর বাংলাদেশের বা ..মরিবা

দুজনে ঘর ফাটিয়ে হাসতে থাকি। এই প্রথম টের পেলাম যৌথ হাসি কী যে সুন্দর!