নতুন প্রস্তাব দিল গ্রিস
আন্তর্জাতিক ডেস্ক : আইএমএফের ১৬০ কোটি ইউরো ঋণ পরিশোধ করার সময়সীমার মাত্র কয়েক ঘণ্টা আগে গতকাল মঙ্গলবার রাতে গ্রিস সরকার আর্থিক পুনরুদ্ধারে নতুন চুক্তির অনুরোধ জানিয়েছে। নতুন চুক্তির ওই প্রস্তাবে গ্রিস নতুন করে দুই বছরের জন্য প্রায় তিন হাজার কোটি ইউরো সাহায্য চেয়েছে।
ইউরোজোনের অর্থমন্ত্রীরা গ্রিসের বিষয়ে গতকাল রাতে টেলিকনফারেন্সে আলোচনায় বসেন। তাঁরা গ্রিসের আর্থিক পুনরুদ্ধার কর্মসূচি অনুমোদন করতে অস্বীকৃতি জানান। তবে নতুন চুক্তির প্রস্তাবের আলোকে আজ বুধবার পর্যন্ত আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। খবর এএফপি, বিবিসি ও রয়টার্সের।
সব ব্যাংক বন্ধ। এটিএম বুথ থেকে টাকা তোলা ছাড়া আর কোনো উপায় নেই গ্রিসের বাসিন্দাদের। রাজধানী এথেন্সের মধ্যাঞ্চলের এই এটিএম বুথের মতো দেশজুড়ে সব বুথের সামনেই গতকাল ছিল গ্রাহকদের লাইন l ছবি: এএফপিদাতাদের দেওয়া আর্থিক পুনরুদ্ধার (বেইলআউট) কর্মসূচি প্রস্তাবের ওপরে গণভোট ডেকে বড় বাজিই ধরেছেন গ্রিসের প্রধানমন্ত্রী আলেক্সিস সিপ্রাস। তিনি চান এথেন্সকে ইউরোতে রাখতে। কিন্তু এ জন্য দাতাদের দেওয়া শর্ত মেনে নিতে রাজি নন। তাই সিদ্ধান্তের বোঝাটা ঠেলে দিয়েছেন জনগণের দিকে।
তবে আগামী রোববারের ওই গণভোটে এথেন্সের ইউরো থেকে বেরিয়ে যাওয়া ঠেকানো গেলে সম্ভবত সবচেয়ে বেশি লাভবান হবে ইউরোপেরই। তারাও চায় গ্রিস ইউরোতে থাকুক। কিন্তু গ্রিসকে দাতাদের দেওয়া শর্ত মেনে নিতে হবে।
ফরাসি বিনিয়োগ ব্যাংক নাতিক্সিসের অর্থনীতিবিদ ফিলিপ ওয়েস্তার বলেন, ‘গ্রিস ও তার অংশীদারদের প্রশ্নে আমরা একটি চরম জটিল সপ্তাহে প্রবেশ করছি। রোববারের গণভোটেই দেশটির ভবিষ্যৎ ঠিক হবে। কিন্তু এর আশু পরিণতি এখনো অজানা।’
বেইলআউট প্রস্তাবের ওপর সপ্তাহান্তে গণভোটের ঘোষণা দিয়ে গ্রিসের প্রধানমন্ত্রী সিপ্রাস একটি আকস্মিক বিস্ময় উপহার দিয়েছেন। ব্যয়-সংকোচনবিরোধী অবস্থান নিয়ে গত জানুয়ারিতে নির্বাচিত হওয়া তাঁর সরকার শুরু থেকেই এমন প্রস্তাবের বিরোধী। কারণ, এতে করে বাড়তি করারোপ ও ব্যয় কর্তনের পথে হাঁটতে হবে।
গ্রিসের ইউরোজোনের অংশীদারেরা এরই মধ্যে আলোচনা বন্ধ করে দিয়েছে। আর ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) তার জরুরি সহায়তা আরও বাড়াতে অস্বীকৃতি জানিয়েছে। ফলে গ্রিসকে তার ব্যাংকগুলো এক সপ্তাহের জন্য বন্ধ করে দিয়ে পুঁজি নিয়ন্ত্রণের পথ ধরতে হয়েছে। প্রধানমন্ত্রী সিপ্রাস গণভোটে সবাইকে ‘না’ ভোট দিয়ে প্রস্তাবটি আটকে দেওয়ার আহ্বান জানিয়েছে। অন্যদিকে ইউরোপীয় নেতারা ‘হ্যাঁ’ ভোট দিতে গ্রিসের নাগরিকদের প্রতি অনুরোধ করেছেন।
ইউরোপীয় কমিশনের প্রধান জ্যঁ-ক্লদ ইয়ুংকার বলেন, ‘আমি গ্রিসের জনগণকে “হ্যাঁ” ভোট দিতে বলব। প্রশ্নটা যা-ই হোক, “না” ভোট জেতার অর্থ হবে, গ্রিস ইউরোপকে “না’ বলে দিল।’ আর ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেন, ‘প্রশ্নটা হলো…গ্রিকের নাগরিকেরা ইউরোতে থাকতে চান…নাকি ছেড়ে চলে যাওয়ার ঝুঁকি নিতে চান, সেটি জানা যাবে।’
গণভোটের আহ্বান করার আগেই গ্রিসের সাপ্তাহিক পত্রিকা ভিমার জন্য একটি মতামত জরিপ চালায় গবেষণা প্রতিষ্ঠান কাপা। এতে দেখা গেছে, গ্রিসের ৪৭ দশমিক ২ শতাংশ নাগরিকই বেইলআউট প্রস্তাবের পক্ষে এবং ৩৩ শতাংশ বিপক্ষে। আর ১৯ দশমিক ৮ শতাংশ কোনো দিকেই মত দেননি।
মূল কথা হচ্ছে, কর বৃদ্ধি ও বেতন কর্তন নিয়ে গ্রিসের নাগরিকেরা এত দিন উদ্বিগ্ন থাকলেও এখন তাঁদের ব্যাংকগুলো বন্ধ হয়ে যাওয়া এবং অর্থ উত্তোলনের ওপর কড়াকড়ির মতো সমস্যাগুলোর মুখোমুখি হতে হচ্ছে। গ্রিস ইউরোজোন থেকে বিদায় নিলে এই পরিস্থিতি আরও শোচনীয় হতে পারে। এ কারণেই ‘হ্যাঁ’ ভোটের হালে পানি পাচ্ছে।
নোবেলজয়ী অর্থনীতিবিদ পল ক্রুগম্যান মনে করেন, গ্রিসের বেইলআউট সহযোগী ত্রয়ী ইইউ, আইএমএফ এবং ইসিবি-ই তাদের বেইলআউট প্রস্তাবের মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রধানমন্ত্রী সিপ্রাসকে কোণঠাসা করার চেষ্টা করছে।











