গুজরাটে বন্যায় ৭ সিংহের মৃত্যু নিখোঁজ অনেক
ভারতের গুজরাটে বন্যায় সাতটি সিংহ মারা গেছে। নিখোঁজ রয়েছে আরো অনেক। কর্মকর্তারা শনিবার জানিয়েছেন, হঠাৎ আঘাত হানা বন্যায় এশিয়া অঞ্চলের এইসব সিংহ মারা যায়। আমরেলি, ভবনগড় এবং গির জেলায় বন্যার কারণে অনেক সিংহকে খুঁজে পাওয়া যাচ্ছে না।কর্মকর্তারা জানান, বিভিন্ন স্থানে সাতটি সিংহের মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। এর মধ্যে তিন মাসের বাচ্চাও রয়েছে। বন সংরক্ষণ কর্মকর্তা ডিসি প্যান জানিয়েছেন, নিরাপত্তা রক্ষীরা নিখোঁজ সিংহের খোঁজে অভিযান চালিয়েছে। কিন্তু রাস্তা ভেঙ্গে যাওয়ার কারণে অনেক স্থানে পৌঁছানো সম্ভব হচ্ছে না। স্থানীয়রা জানিয়েছেন, বন্যার কারণে ৯ টি সিংহ মারা গেছে। নিখোঁজ সিংহদের মধ্যেও অনেকগুলো মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। পালিটানার এক স্থানীয় বাসিন্দা জানান, বুধবার শেতরুনজিতে তিনটি সিংহকে ভেসে যেতে দেখেছেন তিনি। গির জেলায় মূলত এসব সিংহ থাকে। তবে এই এলাকা আটটি জেলাকে অন্তর্ভুক্ত করেছে। ১৮৮০ সাল থেকে সেখানে এগুলো বাস করছে। গত মে মাসের সর্বশেস জরিপে গুজরাটে ৫২৩টি সিংহ ছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা। রাজ্যের মুখ্যমন্ত্রী আনন্দিবেন প্যাটেল জানান, ২০১০ সালে ৪১১টি সিংহ থাকলেও তা চলতি বছর ৫২৩ এসে দাঁড়ায়। অর্থাৎ সিংহের বৃদ্ধির সংখ্যা ছিল শতকরা ২৭ ভাগ। এর মধ্যে জুনাগদ জেলায় ২৫৮টি, সোমনাথে ৪৪টি, আমরেলিতে ১৭৪টি, ভবনগড়ে ৪৭টি সিংহ আছে। আমরেলিতে সিংহের সংখ্যা সবেচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে।











