হলো না প্রতিক্ষীত সেমিফাইনাল
ক্রীড়া ডেস্ক : কোয়ার্টার ফাইনাল লাইন আপ চূড়ান্ত হওয়ার পরপরই নড়েচড়ে বসেছিলেন ফুটবল-রোমান্টিকরা। প্রত্যাশা একটি ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই। গতকাল আর্জেন্টিনা টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে শেষ চার নিশ্চিত হওয়ার পর ব্রাজিলের দিকে তাকিয়ে ছিল গোটা দুনিয়া। কিন্তু ব্রাজিল শেষপর্যন্ত ব্যর্থ। প্যারাগুয়ের বিপক্ষে ২০১১ কোপার পুনরাবৃত্তি ঘটিয়ে লাতিন শ্রেষ্ঠত্বের লড়াই থেকে বিদায় নিয়েছে তারা। ফুটবল রোমান্টিকরাও হতোদ্যম, মুখরোচক এক লড়াইয়ের স্বাদ থেকে বঞ্চিত হয়ে।
২০১১ সালের কোপা আমেরিকা প্রতিযোগিতায় এই প্যারাগুয়ের কাছে টাইব্রেকার-দুর্ভাগ্যের শিকার হয়েছিল ব্রাজিল। চার বছর পর ঠিক একই প্রতিপক্ষ সেলেসাওদের সামনে দুঃস্বপ্ন হয়ে হাজির। অথচ ম্যাচের ১৫ মিনিটে রবিনহোর গোলে এগিয়ে গিয়েছিল এই ব্রাজিলই। খেলার পুরো সময় প্রাধান্য বিস্তার করেও গোলটি ধরে রাখতে না পারার খেসারত ব্রাজিল দিয়েছে পেনাল্টি-দুর্ভাগ্যের জালে আটকেই।
শুরু থেকেই খেলাটিকে নিয়ন্ত্রণ করেও জিততে না পারাটাকে দুর্ভাগ্য হিসেবে অভিহিত করাটা কিন্তু অন্যায়ই হবে। বিশেষ করে দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে থিয়াগো সিলভা যেভাবে প্যারাগুয়েকে পেনাল্টি উপহার দিলেন, সেটাকে কীভাবে ব্যাখ্যা করা যায়? ৭২ মিনিটে সেই পেনাল্টি থেকেই ম্যাচে সমতা ফিরিয়ে নিয়ে আসেন এফসি বাসেলের খেলোয়াড় গঞ্জালেজ।
টাইব্রেকারে ব্রাজিলের হয়ে গোল করেন ফির্নানদিনিয়ো, মিরান্দা ও ফিলিপে কুটিনিয়ো। এভারটন রিবেইরো ও ডগলাস কস্তার দ্বিতীয় ও চতুর্থ শটটি লক্ষ্য ভেদ করতে ব্যর্থ হয়। প্যারাগুয়ের পক্ষে আসভালদো মার্টিনেজ, ভিক্টর কাসেরেস ও রাউল বাবাদিয়া টানা তিনটি শটে গোল করেন। একমাত্র রকে সান্তাক্রুজের শটটি ব্যর্থ হলেও শেষ শটে গঞ্জালেজের লক্ষ্যভেদ প্যারাগুয়েকে নিয়ে যায় কোপা আমেরিকা প্রতিযোগিতার শেষ আটে। ব্যবধানটা ৪-৩ গোলের।
আগেই বলা হয়েছে খেলার শুরু থেকেই প্রাধান্য নিয়ে খেলেছে ব্রাজিল। খেলার প্রথম ভাগের প্রায় পুরো সময়জুড়ে প্যারাগুয়ের খেলোয়াড়েরা ব্যস্ত ছিল ব্রাজিলের আক্রমণ সামাল দিতে। ম্যাচের ১৫ মিনিটে রবিনহো তাঁর ২৮ তম আন্তর্জাতিক গোলটি পান দানি আলভেসের নির্ভুল এক ক্রসে। এগিয়ে যাওয়ার পর গোলের ব্যবধান না বাড়াতে পারার খেসারত ব্রাজিল দেয় ম্যাচটিকে আস্তে আস্তে প্যারাগুয়ের হাতে তুলে দিয়ে।
দ্বিতীয়ার্ধ ছিল পুরোপুরি প্যারাগুয়েরই। এ সময় ব্রাজিল দলকে মনে হয়েছে দিশাহীন। প্রচণ্ড চাপের মুখে ভেঙে পড়ার প্রবণতা থেকে যে ব্রাজিলের রক্ষণভাগ এখনো বের হয়ে আসতে পারেনি, তার নমুনা দেখান থিয়াগো সিলভা খেলার ৭০ মিনিটে।
ব্রাজিলের রক্ষণে উড়ে আসা এক ক্রসে ফিরিয়ে দিতে একইসঙ্গে লাফিয়েছিলেন সিলভা ও দানি আলভেজ। কিন্তু বল সিলভার হাতে লেগে গেলে রেফারি পেনাল্টি না দিয়ে পারেননি।
ম্যাচ শেষে ক্লান্ত-বিধ্বস্ত-হতাশ ব্রাজিল কোচ দুঙ্গা বলেছেন, এই পরাজয় নাকি ২০১৮ বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করে তুলতে বড় ভূমিকা রাখবে!











