বিএনপিকে রাস্তায় সমাবেশ করতে দেওয়া হবে না: ডিএমপি কমিশনার

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ‘সভা-সমাবেশ বিএনপির রাজনৈতিক অধিকার। জনসভা করতে চাইলে বিএনপিকে কোনো মাঠেই যেতে হবে, রাস্তায় কোনো সমাবেশ করতে দেওয়া হবে না। অনুমতির বাইরে অন্য কোথাও সমাবেশ করার চেষ্টা করলে পুলিশ আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেব।’

তিনি বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যান বা ঢাকার কোনো উন্মুক্ত স্থানেই সমাবেশ করতে হবে। মিরপুরের কালসি, টঙ্গি বিশ্ব ইজতেমার মাঠ অথবা পূর্বাচলের বাণিজ্য মেলার মাঠে বিএনপি চাইলে সমাবেশ করতে পারবে। সেক্ষেত্রে পুলিশ তাদের সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা করবে।’

আজ বুধবার বিকেল ৫টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘কয়েকদিন আগে বিএনপির কিছু নেতাকর্মী আমার কাছে এসে একটি আবেদন করেন। ওনারা পল্টন সমাবেশ করবেন। পরে গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারি বিএনপি ঢাকায় ১০ লাখের লোকের সমাবেশ করবে। এরপর আমি বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে বলি। কিন্তু ওনারা (বিএনপি) রাস্তাঘাটে সমাবেশ করতে চাইছে। এখন ওনারা সারাদেশ থেকে ১০ লাখ লোক আনবে। এর মধ্যে ৫০ হাজার লোক পল্টনে জায়গা দিতে পারবেন, বাকি সাড়ে নয় লাখ লোকের কী ব্যবস্থা ওনারা করবেন? ’

নয়াপল্টনে পুলিশ-বিএনপির সংঘর্ষের বিষয়ে এক প্রশ্নের জবাবে ঢাকা মহানগরের এই পুলিশ প্রধান বলেন, ‘আজকে তাদের কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না। কিন্তু তারা রাস্তাঘাট বন্ধ করে পল্টনে অবস্থান করছিল। তখন পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়।’

সংঘর্ষের ঘটনায় হতাহতের বিষয়ে জানতে চাইলে গোলাম ফারুক বলেন, ‘এমন কোনো তথ্য আমার জানা নেই।’

পাড়া-মহল্লায় ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের পাহারা বসানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘যুবলীগ বা ছাত্রলীগ কোথায় পাহারা বসিয়েছে আমার জানা নেই। তবে তাদের রাজনৈতিক কোনো কর্মসূচি থাকতে পারে।’

রাজধানীতে প্রবেশের পথ গাবতলী, আব্দুল্লাহপুর এবং যাত্রাবাড়ী এলাকায় পুলিশ তল্লাশি চৌকি বসানো নিয়ে অপর এক প্রশ্নের জবাবে গোলাম ফারুক বলেন, ‘১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর খৃস্টান ধর্মাবলম্বীদের বড়দিন রয়েছে। এসব কথা মাথায় রেখেই রাজধানীতে বিশেষ অভিযান চলছে।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান