রোমাঞ্চ-নাটক শেষে ৩ রানে জিতল বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ রানের নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ। ১৫১ রান তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৪৭ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস।
শেষ ওভারে ৬ বলে ১৬ রানের সমীকরণ ছিল আগের ম্যাচে পাকিস্তানকে হারানো জিম্বাবুয়ের সামনে। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বল তুলে দিয়েছিলেন মোসাদ্দেক হোসেনের হাতে। মহানাটকীয়তার মধ্যে শেষ হয়েছে ওই ওভার। বাংলাদেশ পেয়েছে বড় স্বস্তির এক জয়।
ব্রিজবেনে রবিবার গ্রুপ-২ এর ম্যাচটিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। পাওয়ার প্লেতে ব্যর্থতার পরও নাজমুল হোসেন শান্তর প্রথম টি-টোয়েন্টি ফিফটিতে লড়ার মতো পুঁজি গড়ে দলটি।
এরপর তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের দারুণ বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। তবে অভিজ্ঞ শন উইলিয়ামস অসাধারণ এক ফিফটিতে ম্যাচটা প্রায় বের করে নিচ্ছিলেন। সাকিব সরাসরি থ্রোয়ে তাকে রান আউট করে বাংলাদেশকে প্রাণ দেন।
শেষ ওভারে মোসাদ্দেক বোলিংয়ে এসে দ্বিতীয় বলেই তুলে নেন উইকেট। কিন্তু রিচার্ড এনগারাভা পর পর দুই বলে চার ও ছক্কা হাঁকালে জিম্বাবুয়ের সামনে জয়ের পথ খুলে যায়। পঞ্চম বলে এনগারাভাকে নুরুল হাসান সোহান স্টাম্পড করেন। শেষ বলেও ব্লেসিং মুজারাবানিকে স্টাম্পড করেন তিনি। জয়োল্লাস করে মাঠ ছাড়ে বাংলাদেশ।
কিন্তু পরে দেখা স্পাম্পের আগে বল ধরেছেন সোহান। তাই নো বলের সিদ্ধান্ত আসে। একই সঙ্গে ফের মাঠে নামানো হয় দুই দলকে। শেষ বলে জিততে হলে ৪ রান নিতে হতো জিম্বাবুয়েকে। যে বলটা ছিল ফ্রি হিট। তবে শেষ পর্যন্ত মোসাদ্দেকের ওই বলটা ব্যাটে-বলে করতে পারেননি মুজারাবানি। তাই শেষ হাসি বাংলাদেশেরই।











