বাংলাদেশকে বোঝা ভাবা ভুল ছিল পাকিস্তানের
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের স্বীকারোক্তি
জাহাঙ্গীর সুর
বাংলাদেশকে এক সময় পাকিস্তান বোঝা বা ভার হিসেবে বিবেচনা করেছিল। পাকিস্তানের সেই চিন্তা ভুল ছিল বলে স্বীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেছেন, ‘বাংলাদেশের সঙ্গে বন্ধন ছিন্ন করার ধারণা ভুল ছিল। পাকিস্তান থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে দেওয়া কোনোভাবেই উচিত হয়নি।’
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুক্রবার পুলিশ সার্ভিসের ৪৮তম বিশেষ কোর্সের অনুষ্ঠানে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শরিফ এমন কথা বলেছেন। পাকিস্তানভিত্তিক গণমাধ্যম মিনিট মিরর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। ভাষ্যের স্পষ্টতার জন্য গতকাল পাকিস্তান প্রধানমন্ত্রী দপ্তরের সঙ্গে ইমেইলে যোগাযোগ করেছিল দৈনিক আমাদের সময়। তবে, এই প্রতিবেদন তৈরি করার সময় পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি। এই প্রতিবেদক পাকিস্তানের দৈনিক কুদরাত-এর ইউটিউব চ্যানেলে প্রচারিত শরিফের প্রায় আধা ঘণ্টাব্যাপী ভাষণটি শুনেছেন।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কথা যেন পাকিস্তান বংশোদ্ভূত সুইডিশ রাষ্ট্রবিজ্ঞানী ইশতিয়াক আহমেদের কথার প্রতিচ্ছবি। সুইডেনের স্টকহোম ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের ইমেরিটাস অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ আমাদের সময়ের সহকারী সম্পাদক জাহাঙ্গীর সুরকে জুম মাধ্যমে দেওয়া সরাসরি ভিডিও সাক্ষাৎকারে পাকিস্তানের উদ্দেশে বলেছিলেন, ‘আমার কথা হলো, যাকে তুমি অকারণ ঘৃণা করো, সেই ভারত থেকে তুমি যদি শিখতে না চাও, না শেখো। কিন্তু তোমায় শিখতে হবে তোমার সেই অংশের কাছ থেকে, ১৯৭১ সালে যার সঙ্গে তুমি বিশ্বাসঘাতকতা করেছিলে। এখন সেই বাংলাদেশ একটি সফল জাতিরাষ্ট্রে পরিণত হয়েছে, যাদের অগ্রযাত্রাকে বিশ্বের সবাই প্রশংসার চোখে দেখছে’ (৩ আগস্ট আমাদের সময়ে প্রকাশিত)।
পররাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক প্রসঙ্গে শুক্রবারের ভাষণে প্রধানমন্ত্রী শরিফকে বলতে শোনা গেছে, ‘অতীতের ভুলগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত।’
তিনি বলেন, ‘দেখুন, বাংলাদেশকে।… আমি এ কথা বুঝে শুনেই বলছি, ওই সময় (একাত্তর ও পূর্ববর্তী সময়ে) বাংলাদেশকে বোঝা হিসেবে ভাবা হয়েছিল। এই ভাবনা ঝেড়ে ফেলুন। বাংলাদেশের সঙ্গে বন্ধন ছিন্ন করার ধারণা ভুল ছিল। পাকিস্তান থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে দেওয়া কোনোভাবেই উচিত হয়নি।’
শাহবাজ শরিফ আরও স্বীকার করেন, ‘আজ বাংলাদেশের রপ্তানি পাকিস্তানকে ছাড়িয়ে গেছে। পিছিয়ে পড়েছে পাকিস্তান।’
তবে, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বর্বর গণহত্যার বিষয়ে বা পাকিস্তানের আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ ও ক্ষমা চাওয়ার প্রসঙ্গে শাহবাজ শরিফ কোনো কথা বলেননি।
এ বিষয়ে সরাসরি জানতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরে ইমেইলে যোগাযোগ করেছিলেন এই প্রতিবেদক। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে প্রশ্ন রাখা হয়েছে, ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তান যে বর্বর গণহত্যা চালিয়েছিল, এ বিষয়টি ইসলামাবাদ কবে রাষ্ট্রীয়ভাবে স্বীকার করবে এবং এর জন্য তারা কবে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে ক্ষমা চাইবে? তবে, রাত ১০টায় এ প্রতিবেদন প্রস্তুত করার সময় পর্যন্ত কোনো ফিরতি উত্তর পাওয়া যায়নি।
এদিকে, শাহবাজ শরিফ শুক্রবার টুইটারে সম্প্রতি ঘূর্ণিঝড়ে প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের জন্য বাংলাদেশ মানুষ ও বাংলাদেশ সরকারের প্রতি তার ‘গভীর শোক ও আন্তরিতক সমবেদনা’ জানিয়েছেন।











