সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘নতুন’ চীনের রূপকার

news-image

নাসরিন শওকত
আধুনিক চীনের রূপকার প্রেসিডেন্ট শি চিনপিংয়ের ক্ষমতা আরও বাড়ল। ক্ষমতাসীন চীনা কমিউনিস্ট পার্টির সবশেষ কংগ্রেস অধিবেশনে সর্বসম্মতিক্রমে নতুন সংবিধান অনুমোদন দেওয়া হয়। যেখানে বলা হয়েছে, এখন থেকে চীনের সমাজব্যবস্থা নিয়ন্ত্রণ করবে কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির নীতিনির্ধারণী ফোরাম। তারা দেশের সমাজ ও রাজনীতির ঊর্ধ্বে থেকে চীন শাসন করবেন। লিখেছেন নাসরিন শওকত

ক্ষমতাকেন্দ্রিক কমিউনিস্ট পার্টি

চীনের একদলীয় শাসনে রাজনীতির ক্ষমতার কেন্দ্রে রয়েছে চীনা কমিউনিস্ট পার্টি। ১৯২১ সালে ১ জুলাই সাংহাইয়ের ১২ জন নেতাকে সঙ্গে নিয়ে চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) প্রতিষ্ঠা করেছিলেন মাও সে-তুং। এটি গণপ্রজাতন্ত্রী চীনের একমাত্র ক্ষমতাসীন দল। যা গণতান্ত্রিক আদর্শের ভিত্তিতে গঠিত। চীনের কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ অঙ্গ-সংগঠন হলো জাতীয় কংগ্রেস; যা প্রতি পাঁচ বছর পরপর অনুষ্ঠিত হয়। যখন জাতীয় কংগ্রেসের অধিবেশন থাকে না, তখন সর্বোচ্চ অঙ্গ-সংগঠন হিসেবে এর কেন্দ্রীয় কমিটি কাজ করে।কেন্দ্রীয় কমিটি আবার বছরে একবারের জন্য মিলিত হয়। বছরের বাকি সময় কেন্দ্রীয় কমিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ফোরাম পলিটব্যুরো ও স্ট্যান্ডিং কমিটি কাজ করে। যে কমিটি চীনের রাজনীতি ও শাসন ক্ষমতার নীতিনির্ধারণ ও সিদ্ধান্ত প্রণয়ন করে থাকে। কমিটিতে দায়িত্বপ্রাপ্ত রাজনীতিবিদরা দলের নেতৃত্বের শীর্ষে থেকে দলের ও দেশ শাসনের গুরুদায়িত্ব পালন করে থাকেন। দলের প্রধান হন সাধারণ সম্পাদক। যিনি একাধারে কেন্দ্রীয় সামরিক কমিশনের (সিএমসি) চেয়ারম্যানের দায়িত্ব পালন করার পাশাপাশি প্রেসিডেন্ট হিসেবে রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেন।

২০তম জাতীয় কংগ্রেস

এক দশক শাসন ক্ষমতায় থাকার পর আবারও তৃতীয় মেয়াদে ক্ষমতা বাড়ল চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের। ২২ অক্টোবর চীনা কমিউনিস্ট পার্টির ২০তম জাতীয় কংগ্রেস অধিবেশন অনুষ্ঠিত হয়। বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হলে এই অধিবেশন এক সপ্তাহ ধরে চলে। যেখানে পরবর্তী পাঁচ বছরের জন্য যারা চীন শাসন করবেন তাদেরকে চুড়ান্ত অনুমোদন দেয়া হয়। কমিউনিস্ট পার্টির প্রথা অনুযায়ী, পরবর্তী পাঁচ বছরের জন্য ২০৫ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন, কেন্দ্রীয় কমিটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম পলিটব্যুরোর স্ট্যান্ডিং কমিটির সদস্য নির্বাচন ও নাম ঘোষণা করা হয়। পাশাপাশি সর্বসম্মতিক্রমে সংশোধিত সংবিধানও পাস করা হয়। যেখানে প্রথমবারের মতো কমিউনিস্ট পার্টির সংবিধানে জানিয়ে দেওয়া হয়েছে যে, তাইওয়ানের স্বাধীনতাকে স্বীকার করে না তার দল।

এর আগে পূর্ণ তালিকা প্রকাশ না করেই বেলা ১১টায় ২০৫ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছিল। কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় বৈঠকের পরপরই শি চিনপিংকে দলটির সাধারণ সম্পাদক হিসেবে অুনমোদন দেওয়া হয়। তার আগে গ্রেট হলে অনুষ্ঠিত কংগ্রেসে অংশ নেওয়া সদস্যরা সবাই সম্মতি জানিয়ে হাত তুলে নতুন সংবিধান অনুমোদন করেন। এবারের কেন্দ্রীয় কমিটিকে বেশ সফলভাবে নিজ হাতে গড়েছেন প্রেসিডেন্ট শি চিনপিং। প্রেসিডেন্ট শির পরবর্তী পাঁচ বছরের শাসনের নেতৃত্বের কেন্দ্রে রয়েছেন ছয় অভিজাত সহচর। যারা তার নেতৃত্বে চীন শাসন করবেন।

রূপকথার রূপকার শি

চীনে মার্কসবাদী সমাজতন্ত্রের প্রবক্তা ও সামাজিক-রাজনৈতিক মুক্তি বিপ্লবের নেতা মাও সে তুং। ১৯৪৯ সালে মাও-এর নেতৃত্বে চীনে কমিউনিস্ট পার্টির শাসন শুরু হয়। যার মধ্য দিয়ে চীনে গণতান্ত্রিক সমাজতন্ত্র প্রতিষ্ঠা পায় ও যাত্রা শুরু হয় গণপ্রজাতন্ত্রী চীনের।

২০১২ সালে চীনের কমিউনিস্ট পার্টির প্রধান হন শি চিনপিং। পরের বছর ২০১৩ সালে তিনি চীনের সপ্তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ২০১৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর দ্বিতীয় মেয়াদে আবার ২০১৮ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে এখনো পর্যন্ত দায়িত্ব পালন করছেন। ২০২৩ সালের মার্চের মধ্যে তার তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবার কথা। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো সিপিসির পলিটব্যুরো কমিটির প্রধানের পদে এলেন। এর মাধ্যমে গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠাতা মাও সেতুংয়ের পর চীনের সবচেয়ে শক্তিশালী নেতার তালিকায় নাম লেখা হলো শির। ৬৯ বছর বয়সী শি চিনপিং সাধারণ সম্পাদক হিসেবে (জেনারেল সেক্রেটারি) চীনা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা, প্রেসিডেন্ট হিসেবে চীনের রাষ্ট্রপ্রধান ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান হিসেবে চীনা সামরিক বাহিনীর শীর্ষ কমান্ডার। টানা তিনবারের মতো এই তিনটি শীর্ষ ক্ষমতাধর পদ ধরে রেখেছেন শি চিনপিং।

প্রেসিডেন্ট শি চিনপিং যেন একুশ শতকের আধুনিক চীনের রূপকথার রূপকার। যার দূরদর্শী নেতৃত্বে বিশে^র সবচেয়ে বড় জনসংখ্যার (প্রায় ১০৪০ কোটি) দেশটি বিশ^ দরবারে আজ দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে পরিচিত। সেই সঙ্গে আন্তর্জাতিক রাজনীতিতে অর্জন করেছে মর্যাদার আসন। চীনের বহুমুখী স্বপ্ন বাস্তবায়ন শির অন্যতম লক্ষ্য। এর লক্ষ্য অর্জনের জন্য বেল্ট অ্যান্ড রোড পদক্ষেপের অংশ হিসেবে পুনরুদ্ধার করেন পুরনো সিল্ক রোড। এর পাশাপাশি বিশ^ রাজনীতিতে নিজের অবস্থান জোরদারের লক্ষ্যে দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের সঙ্গে নতুন রাজনৈতিক সখ্যও গড়ে তোলেন। তার দূরদর্শী রাজনৈতিক উচ্চাকাক্সক্ষা পূরণের জন্য প্রেসিডেন্টের মেয়াদ তুলে দিয়ে সংবিধান সংস্কার করে চীন। শির ক্ষমতাকে আরও পাকাপোক্ত করতে ২০১৮ সালে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির গঠনতন্ত্রেও সংশোধন আনা হয়েছে, যা তার রাজনৈতিক জীবনের পথকে দীর্ঘ করেছে। ফলে আজীবনের জন্য প্রেসিডেন্ট হওয়ার পথ খুলে যায় শির। এর মধ্য দিয়েই চীনের প্রতিষ্ঠাতা মাও সে তুংয়ের পর দেশটির সবচেয়ে শক্তিশালী রাজনীতিক হিসেবে আবির্ভূত হতে যাচ্ছেন তিনি। চীনে নিজের প্রভাব-বলয় বাড়াতে গত কয়েক বছরে মাও সে তুংয়ের মতোই শি চিনপিংও তার মতাদর্শ প্রতিষ্ঠায় তৎপর হয়েছেন, যা ‘নতুন যুগে শি চিনপিংয়ের চীনা সমাজতান্ত্রিক চিন্তা’ নামে সংযুক্ত করা হয়েছে গঠনতন্ত্রে।

২০১২ সালে ১৮তম জাতীয় কংগ্রেসে বর্তমান প্রেসিডেন্ট শি চিনপিংকে দলে প্রধান ও প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয়। যিনি দুই মেয়াদে ক্ষমতায় রয়েছেন। ২২ অক্টোবর ২০তম জাতীয় কংগ্রেসে তাকে তৃতীয় মেয়াদের জন্য দলের প্রধান বা সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। ২৩ সালের মার্চে শিকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করার কথা রয়েছে।

চীনের সংবিধান অনুযায়ী, পার্টির ২৫ সদস্যবিশিষ্ট পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির প্রধানই দেশটির রাষ্ট্রপতি হন। শি চিনপিং তৃতীয়বারের মতো এই কমিটির প্রধান হওয়ায় নিশ্চিতভাবেই তিনি আরও ৫ বছর দেশটির রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করবেন। এদিকে রাজনীতিবিদরা বলছেন, একচ্ছত্র ক্ষমতা দখলের ফলে কমিউনিস্ট পার্টির শীর্ষ পর্যায়ে শিকে চ্যালেঞ্জ করার মতো আর কেউ থাকছে না। নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো নিজের অনুভূতি জানিয়ে গণমাধ্যমের উদ্দেশে শি বলেন, ‘চীনকে বিশ্বের প্রয়োজন। বিশ্বকে ছাড়া চীনও উন্নতি করতে পারবে না। আবার বিশ্বেরও চীনকে প্রয়োজন।’ ১৯৫৩ সালে পেইচিংয়ের এক রাজনৈতিক পরিবারে জন্ম নেন শি চিনপিং। ১৯৬০ সালে তিনি পেইচিংয়ের হাইস্কুল হিসেবে পরিচিতি পেইচিং বাই স্কুলে পড়াশোনা করেন। তার বাবা শি জোংশুন ছিলেন সিপিসির প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ও শীর্ষ নেতা মাও সে তুংয়ের নেতৃত্বাধীন কমিউনিস্ট গেরিলা আন্দোলনের অন্যতম নেতা। পরে তিনি কমিউনিস্ট সরকারের উপপ্রধানও হন। ১৯৬৬ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত ঐতিহাসিক মহান সর্বহারা

সাংস্কৃতিক বিপ্লবে যোগ দিয়ে কঠোর পরিশ্রম করেন। এরপর বাবার পথ অনুসরণ করে ১৯৭১ সালে ১৮ বছর বয়সে সিপিসির অঙ্গসংগঠন কমিউনিস্ট ইউথ লীগে যোগ দেন শি। এই লীগে চার বছর কাটানোর পর ১৯৭৫ সালে মূল পার্টি সিপিসির সদস্যপদ পান তিনি। এর এরপর ধীরে ধীরে পার্টির আঞ্চলিক শাখা প্রধান, সিপিসির কেন্দ্রীয় কমিটির সদস্যপদ এবং সবশেষ দেশটির প্রেসিডেন্ট হন তিনি।

লি কিয়াং

বর্তমান সময়ে প্রেসিডেন্ট শির অত্যন্ত ঘনিষ্ঠ ও সবচেয়ে বিশ^স্ত সহকর্মী হিসেবে বিবেচনা করা হয় লি কিয়াংকে। বয়স ৬৩ হলেও রাজনীতিবিদ হিসেবে কমিউনিস্ট পার্টিতে বেশ নবীন লি। এবার চীনের বাণিজ্যিক নগরী সাংহাইয়ের পার্টির সেক্রেটারির (পার্টি সেক্রেটারি অব সাংহাই) দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। প্রেসিডেন্ট শি যখন ঝেজিয়াংয়ের দলীয় প্রধানের দায়িত্বে ছিলেন তখন লি তার প্রধান কর্মকর্তার দায়িত্ব পালন করেন। বর্তমানে সাংহাইয়ের প্রশাসনিক পদের শীর্ষে রয়েছেন তিনি। তার নির্দেশেই করোনা সংক্রমণ ঠেকাতে এ বছরের প্রথম দিকে সাংহাইয়ে কঠোর লকডাউন চলে। লির নেওয়া বিতর্কিত ওই পদক্ষেপের তখন বেশ সমালোচনা চলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এই গুরুদায়িত্ব তার রাজনৈতিক ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে বলে গুঞ্জন চলছিল বেশ। কিন্তু নতুন এই নিয়োগ মাধ্যমে এটা স্পষ্ট হয়েছে যে, শির প্রতি তার আনুগত্য তাকে দলে বেশ ভালো একটি স্থানে নিয়ে এসেছে। চীনের কমিউনিস্ট পার্টির ভেতরে অনেকেরই বিশ^াস, প্রেসিডেন্ট শির পরবর্তী উত্তরসূরি হতে চলেছেন লি কিয়াং।

ঝাও লেইজি

চীনের বর্তমান নেতৃত্বের এক উদীয়মান নেতা হিসেবে দেখা হচ্ছে ঝাউকে। ৬৫ বছর বয়সী রাজনীতিক ঝাউ শির বেশ প্রিয়ও। শানঝি প্রদেশের সঙ্গে যুক্ত থাকা ঝাউকে নতুন করে সেন্ট্রাল কমিশনের ডিসিপ্লিন ইন্সপেকশনের (হেড অব দ্য সেন্ট্রাল কমিশন ফর ডিসিপ্লিন ইন্সপেকশন) প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। রাজনীতি জীবনের প্রথম দিকে ঝাউ কিংহাই প্রাদেশিক সরকারে কাজ করেন। পরে দলীয় দায়িত্বের সিঁড়ি বেয়ে তর তর করে ওপরে ওঠে যান তিনি। মাত্র ৪২ বছর বয়সে তিনি কিংহাই প্রদেশের গভর্নর নিযুক্ত হন, যা সে সময় তাকে কমিউনিস্ট পার্টির সবচেয়ে নবীন গভর্নরের একজন হিসেবে পরিচিতি এনে দিয়েছিল। বর্তমানে ঝাউ চীনের দুর্নীতি দমনবিরোধী বিভাগের প্রধানের দায়িত্ব পালন করছেন।

ওয়াং হুনিং

চীনের সাবেক অধ্যাপক ও পণ্ডিত ওয়াং হুইন। এবারের কেন্দ্রীয় কমিটিতে ৬৭ বছর বয়সী ওয়ানও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। প্রবীণ এই রাজনীতিবিদকে এবার কমিউনিস্ট পার্টির সেক্রেটারিয়েটের ফার্স্ট সেক্রেটারির (ফার্স্ট সেক্রেটারি অব দ্য কমিউনিস্ট পার্টিজ সেক্রেটারিয়েট) দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট শি। কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের চোখে পড়েই রাজনীতিতে ওয়াংয়ের পদোন্নতি হতে থাকে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। দলের শীর্ষ নেতৃত্বের সিঁড়ি বেয়ে ওপরে উঠেছেন তর তর করে। প্রথমে চীনের তৎকালীন প্রেসিডেন্ট জিয়ান জেমিনের সরকারের জন্য তাকে মনোনীত করা হয়। এরপরই তিনি জেমিনের উপদেষ্টার দায়িত্ব পেয়ে যান। তার এই রাজনৈতিক তাত্ত্বিক হিসেবে দলে দৃঢ় অবস্থান রয়েছে ওয়াংয়ের। এজন্য কমিউনিস্ট পার্টির অনেক ধারণার পেছনেই তার অবদান রয়েছে বলে মনে করা হয়। চীনের প্রথিতযশা তিন নেতার মনস্তাত্ত্বিক আদর্শের পেছনও তার অবদানের কথাই প্রচলিত। যেমনজিয়ান জেমিন, হু জিনতাওয়ের বৈজ্ঞানিক উন্নয়নের দর্শন এবং শি চিনপিংয়ের চিন্তা। ধারণা করা হয়ে থাকে, চীনের উচ্চাকাক্সক্ষা বেল্ট অ্যান্ড রোড পদক্ষেপের ধারণাও তারই সৃষ্টি। এমনকি দলের সব ধরনের কর্মকাণ্ডের সঙ্গেই তার জোরালো সম্পৃক্ততা রয়েছে বলে জানা যায়।

কাই কি

শির ঘনিষ্ঠ মিত্র কাই কি। ৬৬ বছর বয়সী এই রাজনীতিক একসময় দলের শীর্ষ নেতা শির সঙ্গে ফুজিয়ান ও ঝেজিয়ান প্রদেশে কাজ করেছেন। তখন শির পুরোপুরি বিশ্বস্ত এক অনুচর বলা হতো তাকে। প্রতিদানে আনুগত্যের পুরস্কার হিসেবে শি তাকে রাজনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্র পেইচিংয়ের মেয়রের পদেও (মেয়র অব পেইচিং) দায়িত্ব দিয়েছেন কাইকে। করোনা মহামারীর মধ্যেই এ বছরের শুরুর দিকে শীতকালীন অলিম্পিক আয়োজন করা হয়েছিল পেইচিংয়ে। যার পুরো দায়িত্বে ছিলেন কাই। এমন কঠিন সময়ে দক্ষতার সঙ্গে সবকিছু সামলেছেন তিনি। এই সফলতা তার ভাবমূর্তিকে উজ্জ্বল করে কমিউনিস্ট পার্টিতে তার অবস্থানকে করেছে দৃঢ়। তবে কাইয়ের রাজনৈতিক ক্যারিয়ারও বিতর্কের কম নয়। ২০১৭ সালে রাজধানীতে জনসংখ্যা কমানোর এক পরিকল্পনা হাতে নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। কারণ তখন তিনি জোরপূর্বক স্বল্প আয়ের বেশ কিছু বাসিন্দাকে শহরটি ছাড়তে বাধ্য করেছিলেন।

ডিং জুয়েজিয়াং

ডিং জুয়েজিয়াং একজন প্রশিক্ষিত প্রকৌশলী। ৬০ বছর বয়সী রাজনীতিক ডিংকে এবার দলের সাধারণ সম্পাদকের কার্যালয় ও সভাপতির কার্যালয়ের পরিচালকের (ডিরেক্টর অব দ্য অফিস অব দ্য জেনারেল সেক্রেটারি অ্যান্ড অফিস অব দ্য প্রেসিডেন্ট) দায়িত্ব দেওয়া হয়েছে। সাংহাইয়ের সরকারের আওতাধীন একটি গবেষণা কেন্দ্রে কাজ করার মধ্য দিয়ে ডিং তার রাজনৈতিক কর্মজীবন শুরু করেন। দলে প্রাদেশিক পর্যায়ে সম্পাদক বা গভর্নর হিসেবে তার কাজ করার তেমন অভিজ্ঞতা ছিল না। তার পরও ক্ষমতার শীর্ষে একজন অপরিহার্য রাজনীতিক হিসেবে তাকে উঠে আসতে দেখা যায়। ডিং ২০০৭ সালে শির সেক্রেটারি নিযুক্ত হন। ২০১৪ সাল থেকে তিনি প্রেসিডেন্টের কার্যালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তখন তাকে পুরোপুরি প্রেসিডেন্ট শির প্রধান কর্মকর্তার দায়িত্ব পালন করতে দেখা যায়। তাকে শির মতাদর্শের একজন শক্তিশালী উপদেষ্টা ও বিশ^স্ত অনুসারী হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। এসব দায়িত্বের পাশাপাশি ডিংকে দেশের ভেতরে ও বিদেশ সফরেও শির সফরসঙ্গী হয়ে থাকেন।

লি শি

৬৬ বছর বয়সী লি শিকে প্রেসিডেন্ট শির পরিবারের ঘনিষ্ঠ এক সদস্য ও অন্যতম বিশ^স্ত অনুগত হিসেবে বিবেচনা করা হয়। এবারের পলিটব্যুরোতে তাকে গুয়াংডং প্রদেশের দলীয় সেক্রেটারির (পার্টি সেক্রেটারি অব গুয়ানপং প্রভিন্স) দায়িত্ব দেওয়া হয়েছে। লিকে বরাবর দলের সংকটকালীন মধ্যস্থতাকারী হিসেবেও দেখা হয়। ২০১৭ সালে লিয়াওনিং প্রদেশের একটি মিথ্যা অর্থনৈতিক কেলেঙ্কারির সমাধান করে বেশ আলোচনায় আসেন লি। চীনের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা শহর ইয়ানানে দলের নেতা হিসেবে লি তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেন। যে শহরকে দ্বিতীয় বিশ^যুদ্ধের সময় মাও সেতুং তার দলের সদর দপ্তর হিসেবে ব্যবহার করতেন। গণপ্রজাতন্ত্রী চীনের এই প্রতিষ্ঠাতার পর বর্তমান প্রেসিডেন্ট শি তার তরুণ রাজনীতিক জীবনের সবচেয়ে কঠোর পরিশ্রমের সাতটি বছর এই শহরেই কাটিয়েছেন। গুয়াংডংয়ে লির আগে প্রযুক্তি শিল্পের বিকাশ ও অর্থনৈতিক সংস্কারের জন্য কাজ করেন। তখন তিনি অঞ্চলটিতে নতুন বাণিজ্য নীতি জারি ও গুয়াংডংকে একীভূতকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

 

এ জাতীয় আরও খবর