সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রক্তাক্ত নাবালিকার বাঁচার আকুতি, ভিডিও করতে ব্যস্ত জনতা

news-image

অনলাইন ডেস্ক : রক্তাক্ত শরীর, বাঁচার জন্য করছেন আকুতি, চাচ্ছেন সাহায্য। কিন্তু নাবালিকাকে বাঁচাতে কেউ এগিয়ে এলেন না। সবাই ব্যস্ত এমন অবস্থায় ওই নাবালিকার ভিডিও ধারণ করতে। এমনই ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের। খবর এনডিটিভির।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ঘটনার ওই সময় কেউ বলছেন পুলিশে খবর দেওয়া হয়েছে কি? কারও বা প্রশ্ন, পুলিশ সুপারের ফোন নম্বরটা দিন তো! কিন্তু কেউই এগিয়ে গেলেন না নাবালিকাকে উদ্ধার করতে। চিৎকার করতে করতে নাবালিকা এক সময় জ্ঞান হারান, পুরো ঘটনার রেকর্ডিং চলল ঘিরে ধরে থাকা জনতার মোবাইলে। কিন্তু একজনও উদ্ধারে এগিয়ে এলেন না। উত্তরপ্রদেশের কনৌজের ঘটেছে এমন ঘটনা।

জানা যায়, গত সোমবার বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় ১৩ বছরের এক নাবালিকা। কয়েক ঘণ্টা পর তার দেখা মেলে দেশটির এক জাতীয় সড়কের ধারে, রক্তাক্ত অবস্থায়। এভাবে নাবালিকাকে পড়ে থাকতে দেখে ভিড় জমে। নাবালিকা বাঁচার আর্তি জানালেও তা কেউ শুনে নি। সবাই ব্যস্ত তাকে মোবাইলে ভিডিও করতে। শেষ পর্যন্ত পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ইতোমধ্যে ঘটনার ২৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, নাবালিকাকে ঘিরে ধরে চলছে ভিডিও রেকর্ডিং। কেউ কেউ অবশ্য পুলিশে খবর দেওয়া হয়েছে কি না তা জানতে চেয়েছিলেন বা পুলিশ সুপারের নম্বর চেয়েছিলেন, কিন্তু মোবাইলে চোখ রেখেই। পরে পুলিশ এসে নাবালিকাকে উদ্ধার করে।

তবে ওই নাবালিকা কীভাবে জখম হয়েছেন তা এখন পর্যন্ত স্পষ্ট জানা যায়নি। দেশটির পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে। কনৌজের পুলিশ সুপার কুয়াঁর অনুপম সিংহ বলেছেন, ‘নাবালিকাকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। স্থানীয় পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করেছে। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে।’