রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পরীমণির ৩০-এ একাধিক চমক

news-image

বিনোদন ডেস্ক : ঢালিউডের বিউটি কুইন পরীমণি। এমনিতেই সারা বছর তিনি নানা কারণে আলোচিত। সেটা তারকাজীবনে ঘটেই থাকে। কিন্তু জন্মদিনে তার মতো এত আলোচিত হন না কোনো তারকা। কারণ পরী তার জন্মদিনে আয়োজন, পরিকল্পনা আর চমকের কোনো কমতি রাখেন না। তাতে হোক না ভালো আলোচনা কিংবা খারাপ, তাতে তার কিছু যায়-আসে না। যেমনটি দেখা গিয়েছিল গত দুই বছরের জন্মদিনে। একবার জন্মদিনের সব আয়োজনকে ছাপিয়ে আলোচনায় আসে তার ভুল ইংরেজি। এরপরের বার লুঙ্গি পরে নায়িকার বেদম নাচ তুমুল আলোচনার রসদ জোগায়। তবে পরী এখন জীবনের এক নতুন অধ্যায় পার করছেন। এখন তিনি সন্তানের মা, একজন স্ত্রী। তাই তার এবারের জন্মদিন যে আগের মতো হালকা মেজাজের হবে না, সেটা বোঝা গিয়েছিল।

কিন্তু তাতেও আয়োজন আর চমকের কমতি ছিল না। গতকাল ৩০-এ পা রাখলেন পরীমনি। এ দিনটি ঘিরে নতুন পরিচয়ে দর্শকের সামনে হাজির হন এই সুন্দরী। এবারই প্রথম একটি গল্প লিখেছেন তিনি। নাম ‘নতুন জন্মের গল্প’। এর চিত্রনাট্য ও পরিচালনা করবেন রুদ্র হক। বিষয়টি নিয়ে পরীমনি বলেন, ‘বিষয়টি সত্যি। আমি একটি গল্প লিখেছি। স্বামী শরিফুল রাজ আমার জীবনে আসার পর আমি একটি নতুন জীবন পেয়েছি। এরপর মা হওয়া আমার জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই উপলব্ধি থেকেই গল্পটি লিখেছি। তবে এটি নিয়ে এখনই আর কিছু বলতে চাই না।’

তবে জন্মদিনে ভক্তদের উপহার দিতে ভোলেননি এই নায়িকা। মুক্তির অপেক্ষায় থাকা তার অভিনীত রায়হান জুয়েল পরিচালিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির ‘তুই কি আমায় ভালোবাসিস’ গানটি প্রকাশ করেছে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান। এতে দারুণ খুশি পরী, ‘এত দিন ধরে সিনেমায় কাজ করি, জন্মদিনে এ ধরনের উপহার কখনো পাইনি। এটি আমার জন্য বড় উপহার, বেশি ভালো লাগার।’

প্রতি বছরই ধুমধাম করে নিজের জন্মদিন উদ্যাপন করেন ঢাকাই ছবির এই নায়িকা। এবারের জন্মদিনটা পরীর কাছে আলাদা বিশেষত্ব বহন করে। কারণ, মা হওয়ার পর প্রথম জন্মদিন এটি। অনুষ্ঠানে ছেলে রাজ্য, পরী ও রাজের দুই পরিবারের সদস্যরা অংশ নেন। অনেক তারকাও ভিড় জমান। তিনি বলেন, ‘স্বামী রাজেরও আনুষ্ঠানিকভাবে আমার জন্মদিনের অনুষ্ঠানে প্রথম অংশ নেওয়া। গতবারও অংশ নিয়েছিল, কিন্তু তখন তো বিয়ের কথা প্রকাশ করিনি। জন্মদিনের এক সপ্তাহ আগে আমাদের বিয়ে হয়েছিল।’ তবে এবারের জন্মদিনই এমন ঘটা করে পালন করা তার শেষ জন্মদিন বলে জানান পরীমনি। কারণ জানতে চাইলে পরীমনি বলেন, ‘আগামীবার তো আমার ছেলের প্রথম জন্মদিন পড়বে। ওর জন্ম ১০ আগস্ট। এর দুই মাস পর আমার। আগামী বছর থেকে আমার মতো ধুমধাম করে বাবুর জন্মদিন করব। আমারটা আর করতে চাই না।’ পরীর ভাষ্য, ‘প্রথমে ভেবেছিলাম জন্মদিন উদযাপন করব না। দুই মাস বয়সী রাজ্যকে নিয়ে এত কিছু সামাল দেব কীভাবে। আর রাজ্যর বাবা রাজের তো শ্যুটিং থাকে, ওর দামাল ছবি মুক্তি পাচ্ছে। সেটার প্রচারণায়ও ব্যস্ত। পরে ভাবলাম জন্মদিন উদযাপন না করলে আমি কষ্ট পাব। আমার মন খারাপ হবে। নিজেকে তো নিজে কষ্ট দেওয়া যাবে না।’

প্রতিবারের মতো এবারও পরী তার ব্যক্তিগত ডিজাইনার জেমির ডিজাইন করা পেস্ট রঙের গাউন পরেন এবং অতিথিদের পোশাকের ক্ষেত্রেও বেঁধে দিয়েছেন নির্দিষ্ট রং। এবার তার জন্মদিনের রং অ্যাকোয়া বা আসমানি নীল ও সাদা। ছেলে রাজ্য ও স্বামী রাজের পোশাকের নকশা পরী নিজেই করেছেন। তিনি বলেন, ‘পরিকল্পনা করেই আমাদের তিনজনের পোশাকের রং একই রেখেছি।’

জন্মদিনের অনুষ্ঠানে ছোট্ট একটি নাচ-গানের অনুষ্ঠানও ছিল। সেখানে তার অভিনীত অনেকগুলো ছবির গান নিয়ে একটি কোলাজ তৈরি করা হয়েছে। তাতে অংশ নেয় সোহাগ ড্যান্স গ্রুপের ছেলেমেয়েরা।