বিগ বস থেকে ‘বিরতি’ সালমান খানের
বিনোদন ডেস্ক : জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’ এ সঞ্চালকের ভূমিকায় প্রথম থেকেই সালমান খানকে দেখে আসছেন দর্শক। কিন্তু গত শুক্রবার ওই শো এর সঞ্চালকের আসনে দেখা গেছে পরিচালক করণ জোহরকে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়া টুডের মাধ্যমে জানা যায়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান। অসুস্থতার কারণে বাড়িতেই রয়েছেন তিনি। তাই কিছুদিনের জন্য বিগ বসের মঞ্চ থেকে বিরতি নিতে হয়েছে তাকে।
ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার কারণে সালমানকে শুটিং বন্ধ রাখতে হয়েছে। তবে তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শারীরিকভাবে তেমন অসুস্থ নয় সালমান। পুরোপুরি সুস্থ হয়ে কাজে ফিরবেন তিনি। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর দিওয়ালির সব আমন্ত্রণের জবাবেই আপাতত ‘না’ বলে দিয়েছেন এ অভিনেতা।
গতকাল শুক্রবার বিগ বসের শো তে সঞ্চালকের আসনে দেখেছেন পরিচালক করণ জোহরকে। তবে শনিবার দর্শক আবার সঞ্চালকের আসনে সালমানকেই দেখবেন। কেননা, আগেই বেশ কিছু পর্বের শুটিং সেরে রেখেছেন সালমান।
প্রসঙ্গত, আগামী ২৫ অক্টোবর থেকে পরের সিনেমার শুটিং শুরু করার কথা ছিল ভাইজানের। ডেঙ্গু থেকে দ্রুত সেরে উঠে নির্দিষ্ট দিনে সেই সিনেমার কাজ শুরু করতে পারবেন কিনা, তা এখনো স্পষ্ট নয়।











