ইমরান খান ভণ্ড: বিলাওয়াল
অনলাইন ডেস্ক : পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে একহাত নিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো গতকাল বুধবার ইমরান খানকে ভণ্ড ও মিথ্যাবাদী হিসেবে আখ্যা দিয়েছেন। জিও নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিলাওয়াল ভুট্টো জারদারি বলেন, ইমরান খানের সময় হয়েছে রাজনীতিকে বিদায় জানানো এবং ঘরে বসে থাকার। বেলুচের নির্বাচনে পিপিপি-এর নেতা আব্দুল হাকীমের জয়লাভে পার্টির অনুষ্ঠানের আয়োজনে এসব কথা বলেন বিলাওয়াল।
তিনি এ সময় আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অপদার্থ ও অযোগ্য পদক্ষেপের কারণে দেশের পররাষ্ট্র নীতির ব্যাপক ক্ষতি হয়েছে।
এ ছাড়া ২০১৮ সালের জাতীয় নির্বাচনের কথা উল্লেখ করে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, অযোগ্য ব্যক্তি জনগণের ভোট চুরি করেছে এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী হন।
বিলাওয়াল বলেন, ভণ্ড ইমরান খান মনে করেছেন তিন-চার মাসের মধ্যে মানুষ তার ভুলকাজ ভুলে যাবে। ইমরান খান জনগণের জন্য লাখ লাখ বাড়ি তৈরি করতে চেয়েছিল। কিন্তু ক্ষমতায় আসার পর শুধু চুরি করেছেন।











