কিছু জায়গায় উন্নতি চান সোহান
ক্রীড়া প্রতিবেদক : দলের সঙ্গে একদিন আগে যোগ দিলেও পাকিস্তান ম্যাচে খেলেননি নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তার অনপুস্থিতিতে মাঠে দায়িত্ব সামলেছেন নুরুল হাসান সোহান। অবশ্য এর আগেও ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তিনি। ত্রিদেশীয় সিরিজের আগে দুবাইয়ে আমিরাতের বিপক্ষে দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ব্যস্ত থাকায় সে সিরিজে খেলেননি সাকিব। ইনজুরি কাটিয়ে দলে ফেরা সোহানের কাঁধে ওঠে নেতৃত্বভার। সহজ প্রতিপক্ষের বিপক্ষে সিরিজ জিতে দেশে ফেরেন টাইগাররা। তবে ত্রিদেশীয় সিরিজে পাকিস্তান কোনো সহজ প্রতিপক্ষ না। তারা ভয়ঙ্কর দল। বাবর আজমের দলকে হারানোটা কঠিন। তার ওপর আবার নেই দলের নিয়মিত অধিনায়ক ও সেরা অলরাউন্ডার সাকিব। এবার আর জয়ীর বেশে মাঠ ছাড়া হয়নি সোহানের। পাকিস্তানকে ১৬৭ রানের মধ্যে আটকে রাখার পরও ব্যাটসম্যানদের দায়িত্বহীন ব্যাটিংয়ে ২১ রানে হারের তেতো স্বাদ পেতে হয়েছে। হার দিয়ে অভিযান শুরু করায় বেশ হতাশ নুরুল হাসান। কিছু জায়গায় উন্নতি চান বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক। অবশ্য কোন কোন জায়গায় উন্নতি করতে হবে তা স্পষ্ট করে তিনি বলেননি। পাকিস্তান ম্যাচশেষে নুরুল হাসান বলেন, ‘অবশ্যই আমরা কিছুটা হতাশ। উইকেট ভালো ছিল। আমাদের বোলাররাও সত্যিই ভালো করেছে। আমাদের কিছু জায়গায় উন্নতি করা প্রয়োজন। আমরা সেদিকে তাকিয়ে আছি।’
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টস জিতে বাংলাদেশ দল পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। বোলিংয়ে দলের সেরা অস্ত্র মোস্তাফিজ হতাশ করেছেন। ১২ ইকোনমিতে ৪ ওভারে ৪৮ রান দিলেও বাঁহাতি পেসার ছিলেন উইকেটশূন্য। চোট কাটিয়ে দলে ফেরা হাসান মাহমুদও মলিন ছিলেন। তরুণ পেসার ১০.৫০ ইকোনমিতে ৪ ওভারে ৪২ রানে ১ উইকেট পান। তবে তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ ভালো বোলিং করেছেন। মোস্তাফিজ ও হাসান যদি আরেকটু নিয়ন্ত্রিত বোলিং করতেন তা হলে পাকিস্তানের দলীয় স্কোরটা হয়তো দেড়শ পার হতো না! সোহান অবশ্য পেসারদের পাশেই দাঁড়াচ্ছেন। তিনি বলেন, ‘আমাদের পেস বোলাররা কঠোর পরিশ্রম করছে। কিছু কিছু জায়গায় উন্নতির চেষ্টা করছে। সব মিলিয়ে ভালো বোলিংয়ের চেষ্টা করছে। আমার কাছে মনে হয়েছে আমাদের বোলাররা চেষ্টা করেছে ভালো করার। উন্নতির জায়গা অবশ্যই আছে।’
পাকিস্তান ২০ ওভারে ৫ উইকেটে ১৬৭ রান করে। কুড়ি ওভারের ক্রিকেটে এই রান তাড়া করে জেতাটা খুব কঠিন কিছু নয়। তবে দায়িত্ব নিতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। মেকশিফট ওপেনার হিসেবে মিরাজ-সাব্বিরকে নামানো হয়। তারা দুজনই ছিলেন ব্যর্থ। ১১ বলে ১০ রান করেন মিরাজ। ১৮ বলে ১৪ সাব্বির। ওয়ান ডাউনে নামা লিটন দাস ২৬ বলে ৩৫। আর আফিফের ব্যাট থেকে আসে ২৩ বলে ২৫ রান। একমাত্র টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং করেছেন ইয়াসির আলী। সাতে নেমে ২১ বলে ৪২ রানে অপরাজিত ছিলেন তিনি। ব্যাটসম্যানরা আরেকটু দায়িত্ব নিয়ে খেললে রান তাড়া করে ম্যাচটা হয়তো জিতে যেত বাংলাদেশ। সোহান বলেন, ‘তিন চার ওভারের মধ্যে আমরা চারটা উইকেট হারিয়েছি। আমার মনে হয় ম্যাচের পার্থক্যটা এখানেই হয়ে গেছে। এখানে যদি আমরা আরেকটু ভালো করতে পারতাম তাহলে হয়তো গল্পটা ভিন্ন হতো।’ আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ রয়েছে বাংলাদেশের। সোহান জানান, পরের ম্যাচগুলোর জন্য তাদের কিছু জায়গায় উন্নতি প্রয়োজন। এছাড়া টি-টোয়েন্টি বিশ^কাপে ভালো করতে হলেও কিছু জায়গায় উন্নতি করতে হবে বলে মনে করছেন ভারপ্রাপ্ত অধিনায়ক।










