সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চক্রাকার বাসে হাফ ভাড়ার দাবিতে বনানীতে শিক্ষার্থীদের অবরোধ

news-image

নিজস্ব প্রতিবেদক : চক্রাকার বাসে হাফ ভাড়া কার্যকরের দাবিতে রাজধানীর বনানী পোস্ট অফিসের সামনের সড়ক অবরোধ করে রেখেছে বনানী বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেছেন। তারা ‘হাফ পাস চাই’, ‘হাফ পাস ভাড়া নিয়ে কোনো টালবাহানা চলবে না’ লেখা প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিচ্ছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, গুলশান-বনানী-নতুনবাজার রোডে চক্রাকার যেসব বাস চলাচল করে সেগুলোতে কর্তৃপক্ষ হাফ ভাড়া নিচ্ছে না। অথচ প্রতিদিন প্রায় হাজারখানেক শিক্ষার্থী এই পথে যাতায়াত করে। আড়াই কিলোমিটার দূরত্বের এই পথে ভাড়া নেওয়া হচ্ছে ৩০ টাকা।

বনানী বিদ্যানিকেতনের শিক্ষক ও পুলিশ দুপুর সোয়া ১২টার দিকে শিক্ষার্থীদের অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানান। কিন্তু দাবি মানার ঘোষণা না দিলে সড়ক থেকে সরবে না বলেও জানিয়ে দেয় শিক্ষার্থীরা।

এর আগে চক্রাকার বাসে হাফ পাসের দাবিতে গতকাল সোমবার রাজধানীর কাকলী মোড় সংলগ্ন বনানী পোস্ট অফিসের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। ঘোষণা অনুযায়ী, আজ সড়কে অবস্থান নেন তারা।