সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সিনেমার মানুষদের শ্রদ্ধা

news-image

বিনোদন ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৮ সংগঠন। আজ সোমবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)-তে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তারা। একইসঙ্গে এফডিসি নির্মাণে স্বাধীন বাংলার রূপকারের অবদানের কথাও শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে ১৮ সংগঠনের মুখপাত্র চিত্রনায়ক আলমগীর বলেন, ‘শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালে তৎকালীন প্রাদেশিক সরকারের শিল্প ও বাণিজ্যমন্ত্রী থাকাকালে সংসদে উত্থাপিত বিলের মাধ্যমে এফডিসি প্রতিষ্ঠা করেন। তিনি চেয়েছিলেন বাংলাদেশে চলচ্চিত্র হবে এবং তাই হয়েছে।’

এ সময় তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের এফডিসি করে দিয়েছেন বলেই আমরা তাকে স্মরণ করছি, বিষয়টি এমনটা নয়। তিনি আমাদের বাঙালি জাতির পিতা। আমাদের দেশের প্রতিটি মানুষ তার কাছে কৃতজ্ঞ, তিনি আমাদের স্বাধীন-সার্বভৌম একটি রাষ্ট্র দিয়ে গেছেন। তিনি না থাকলে আজ বাংলাদেশ হতো না। এদেশের সমস্ত বাঙালি তার কাছে ঋণী।’

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শোক দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। চলচ্চিত্র শিল্পী, পরিচালক, প্রযোজক ও পরিবেশক সমিতিসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট সব সংগঠনের সদস্যরা ভিন্ন ভিন্ন ভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

আলমগীর ছাড়াও এসময় আরও উপস্থিত ছিলেন, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, ফেরদৌস, রিয়াজ আহমেদ, চিত্রনায়িকা নিপুণ, চিত্রপরিচালক মুশফিকুর রহমান গুলজার, ছটকু আহমেদ, কাবিরুল ইসলাম রানাসহ অনেকে।

এফডিসির আনুষ্ঠানিকতা শেষে শিল্পী সমিতির নেতারা ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। সেখান থেকে বনানী কবরস্থানে যান তারা।