কালাপাখির ডানায় উড়বে হাওয়া
তারেক আনন্দ
শোনার মতো গান হলে, মনের মতো গান হলে শ্রোতার কানে আসতে বেশিদিন লাগে না। দুই-চার দিনই যথেষ্ট! হাওয়া সিনেমার কালাপাখি গানটি তেমনি। প্রকাশ হওয়ার পর থেকেই শ্রোতাদের মুখে মুখে। ইতোমধ্যে এই গানটি ছড়িয়ে পড়ছে সারাদেশে। চায়ের দোকান থেকে শুরু করে ড্রয়িংরুমেও বাজতে শোনা গেছে এই গান। রেডিও-টিভি থেকে শুরু করে বাদ যায়নি কোনো প্রচার মাধ্যমে ‘কালাপাখি’র প্রচার। ভালো গানের শক্তি ব্যাপক, তীব্র, প্রখর। মন ছুঁয়ে যাওয়া গান মনের ভেতর আসন গেড়ে নিতে বেশি সময় লাগে না।
বেশ কিছুদিন বাংলা গানের শ্রোতারা এমন গান শোনেননি। এ যেন প্রচণ্ড তাপদাহে এক ফোঁটা জলের প্রশান্তি। এক ফোঁটাই তো! কারণ আগে প্রায়ই গান হিট হতো। বেশিসংখ্যক গান জনপ্রিয়তা পেত। এখনো গান হিট হয় তবে কালেভদ্রে! আমরা কথায় কথায় শ্রোতাদের নিয়ে, এই প্রজন্ম নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করি। তারা সস্তা, বস্তা পচা গান শোনে! তারা রুচিহীন! সত্যি কথা বলতে কী আমরা তাদের ভালো গান উপহার দিতে পারছি না। এটা আমাদের ব্যর্থতা। ভালো গান নেওয়ার জন্য শ্রোতারা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে। সেই ভালো গান যদি না থাকে তা হলে তো সস্তা, বস্তাপচা, মন্দ গানগুলো ছড়াবেই। ভালো গান দিয়ে মন্দকে চাপা দিতে হবে। এখন হয়ে যাচ্ছে উল্টো। মন্দ গানের সংখ্যা এত বেশি হচ্ছে যে, ভালো গান করার মানুষরাই চাপায় পড়ে আছে!
কালাপাখি সিনেমার গান। গানের কথা ও সুর করেছেন হাশিম মাহমুদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় যাদের যাতায়াত আছে, তারা হাশিম মাহমুদকে খুব ভালো করেই চেনেন। তিনি গান করেন। নিজেই লেখেন, সুর করেন। নিজেই গান। সাবলীল, সহজ আর প্রেমময় গানগুলো খুবই জনপ্রিয় ঢাবির শিক্ষার্থীদের কাছে। ‘কালাপাখি’ গানটি সিনেমায় হাশিম মাহমুদেরই গাওয়ার কথা ছিল। অসুস্থতার কারণে তিনি গাইতে পারেননি। গেয়েছেন এরফান মৃধা শিবলু।
গানটি গাইতে পেরে দারুণ খুশি শিবলু। তিনি বলেন, ‘আমি হাশিম ভাইকে অনেকদিন ধরে চিনি। তার সঙ্গে চারুকলায় বহু সময় কাটিয়েছি। ওনার লেখা ও সুর করা গান গাইতে পারা আমার ভাগ্য।’
যার সংগীতায়োজনে গানটি শ্রোতার কানে কানে, শ্রোতার মনে মনে ঠাঁই করে নিয়েছে তিনি ইমন চৌধুরী। রাত-দিন এই গানের পেছনে সময় দিয়েছেন। একদিন-দুদিন নয়, টানা তিন বছর ধরে তিল তিল করে এগিয়ে নিয়েছেন এই গানের কাজ! এই গান প্রসঙ্গে উচ্ছ্বসিত ইমন। তিনি বলেন, ‘গানটি যখন রিলিজ হয় তখন পাহাড়ে ঘুরতে গেছি। দুই-তিন দিন পর ফেরার সময় সেখানকার একটি টঙ দোকানে শুনতে পাই। তখনই বুঝলাম গানটি অন্যমাত্রা পেয়ে গেছে। তিনি আরও বলেন, পরিশ্রম, নিষ্ঠা আর সততা দিয়ে কাজ করলে তার একটা রিপ্লাই শ্রোতারা দেবেই। যে কোনো গানের সাফল্য আসলে স্রষ্টার দেওয়া ম্যাজিক।’
মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ সিনেমা মুক্তি পাচ্ছে ২৯ জুলাই। তার আগে গান সুপার-ডুপার হিট। গান হিট হলে দর্শক টেনে নিয়ে যায় হলে। এই প্রবাদ অনেক আগে থেকেই সত্য। গান শুনে দর্শকরা হলে যাবে, সিনেমার গল্প, অভিনেতাদের অভিনয় দেখে প্রশান্তি নিয়ে হল থেকে বের হবে- এমনটাই হয়ে আসছে এর আগে। ‘হাওয়া’ সেই স্বস্তিই দেবে, এই প্রত্যাশা দর্শকের। সিনেমায় অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল ম-ল, রিজভী রিজু, মাহমুদ হাসান প্রমুখ।











