ব্যক্তিগত গাড়ি বাড়ছেই কমছে গণপরিবহন
তাওহীদুল ইসলাম
ঢাকার সড়ক রয়েছে আয়তনের ৯ শতাংশ। থাকার কথা ২৫ শতাংশ। এ অবস্থায় ছোট গাড়ির পরিবর্তে গণপরিবহন বাড়ানো দরকার। কিন্তু ঘটছে উল্টোটা। কমছে বাস-মিনিবাস, বাড়ছে কার-মোটরসাইকেল। প্রতিদিন দেশের সড়কে নতুন করে নামছে এক হাজার ৪০৯টি মোটরসাইকেল, ৫০টি প্রাইভেটকার আর ১০টি করে বাস। প্রাইভেটকারের আধিক্য ঢাকার রাস্তায় যানজটের অন্যতম কারণ। ফলে সামনে রাজধানীর যানজট সমস্যা আরও বাড়ার আশঙ্কা দেখছেন পরিবহন বিশেষজ্ঞরা। তারা বলছেন, প্রাইভেট গাড়ি নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে সড়কের সীমাবদ্ধতা ও পরিমাণ বিবেচনা করা উচিত।
সংশ্লিষ্টরা জানান, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এগিয়ে আসছে গ্রাহকদের গাড়ি কেনার ঋণ দিতে। তা ছাড়া সরকারি কর্মকর্তাদের মধ্যে গাড়ি কেনা ঝোঁক বেড়েছে। এখন উপসচিব পদমর্যাদার কর্মকর্তাও গাড়ি বাবদ রক্ষণাবেক্ষণ খরচ পান। সহজ শর্তে তাদের ঋণ দিচ্ছে সরকার। আগে অবসরে যাওয়ার আগে সরকারি কর্মকর্তারা গাড়ি কেনার চিন্তা করতেন। তাদের একটা অংশ সরকারি গাড়ি ব্যবহার করেন অফিসের কাজে; আর পারিবারিক কাজে ব্যবহার করেন ব্যক্তিগত গাড়ি।
এক দশক আগেও দেশে নির্দিষ্ট কয়েকটি এলাকায় রিকন্ডিশন্ড গাড়ির বিক্রয়কেন্দ্র বা শোরুম ছিল। এসব শোরুমের বেশিরভাগই ছিল নয়াপল্টন-বিজয়নগর এলাকায়। এখন এসব শোরুমের সংখ্যা অনেক বেড়েছে। শোরুমের সঙ্গে
পাল্লা দিয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও এখন গাড়ি কিনতে ঋণ দিচ্ছে। এর ফলে বিক্রি বাড়ছে গাড়ির। আবার গণপরিবহনের সংকটও ব্যক্তিগত গাড়ি বৃদ্ধির জন্য দায়ী।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ২০ ধরনের যানবাহনের হিসাব সংরক্ষণ করে। এর মধ্যে কার, জিপ (স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল-এসইউভি) ও মাইক্রোবাসকে ব্যক্তিগত ব্যবহারের গাড়ি হিসেবে বিবেচনা করা হয়। এ ছাড়া বাস-ট্রাকসহ অন্য যানবাহনগুলো বাণিজ্যিক যানের আওতাভুক্ত। সঠিক পরিসংখ্যান না থাকলেও গাড়ি ব্যবসায়ীরা দাবি করেন, নিবন্ধন নেওয়া ব্যক্তিগত গাড়ির মধ্যে প্রায় ৮৫ শতাংশই রিকন্ডিশন্ড বা পুরনো (জাপানে একবার ব্যবহৃত)। তবে বিআরটিএর কর্মকর্তারা মনে করেন, এই সংখ্যা ৭৫ শতাংশ।
ঢাকার গাড়ি ব্যবসায়ীরা জানিয়েছেন, বর্তমানে রিকন্ডিশন্ড সিডান কারের মধ্যে সবচেয়ে বেশি আসছে টয়োটা প্রিমিও, টয়োটা এলি?েয়ন, টয়োটা এক্সিও ও টয়োটা করলা ফিল্ডার। এসবের দাম ১৬ থেকে ৩০ লাখ টাকা। মাইক্রোবাসের মধ্যে আসছে টয়োটা হাইয়েস, টয়োটা নোয়া ও টয়োটা লাইটেস। এসবের দাম ১১ লাখ থেকে ৩০ লাখ টাকা। জিপের (এসইউভি) মধ্যে বেশি চলছে টয়োটা ল্যান্ড ক্রুজার, টয়োটা প্রাডো, নিশান এক্সটেইল, মিতসুবিশি আউটল্যান্ডার ও হোন্ডা সিআরভি।
দ্রুত গন্তব্যে যাওয়ার জন্য এখন মোটরসাইকেল হয়ে উঠছে অন্যতম বাহন। রাইড শেয়ারিংয়ের কারণে মোটরসাইকেলে যাত্রী পরিবহন এখন উপার্জনের উৎস। আর নানা কারণে চাহিদা রয়েছে প্রাইভেটকারেরও।
পরিকল্পনামাফিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠেনি এই শহরে। উন্নত দেশে সাধারণত স্কুলকেন্দ্রিক যাতায়াত কখনো প্রধান সড়কে যেতে দেয় না। সেখানের স্কুলগুলো হয় কমিউনিটিভিত্তিক। দূরের বাচ্চাদের জন্য নিজস্ব স্কুলবাস থাকে। অন্যদিকে রাজধানীজুড়ে আছে উন্নয়ন প্রকল্প; নেই সেগুলোর সুফল। এক এক করে নির্মাণ করা হচ্ছে ফ্লাইওভার। এতে করে উৎসাহ দেওয়া হচ্ছে ব্যক্তিগত গাড়িকে।
সংশ্লিষ্টরা জানান, অনিয়ন্ত্রিত প্রাইভেট গাড়ির সংখ্যা বেড়ে যাওয়াই যানজটের অন্যতম কারণ। তাই এসব গাড়ি নিবন্ধন দেওয়াকে সীমিত করার পরামর্শ বিশেষজ্ঞদের। ঢাকায় কত গাড়ি চলতে পারে, সেটি বিবেচনা করে গাড়ির অনুমোদন দেওয়া উচিত।
বিআরটিএর পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সালে ঢাকার সড়কে এক লাখ ১৮ হাজার এবং ২০২১ সালে এক লাখ ৫০ হাজার নতুন যানবাহন নেমেছে। চলতি বছরে প্রথম দুই মাসে নেমেছে ২৯ হাজার ৬৭৮টি যানবাহন। গত দুই বছরে তিন লাখ গাড়ি বেড়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে নিবন্ধিত মোটর যানের সংখ্যা ৫১ লাখ ১০ হাজার ৭৮৬টি। এর মধ্যে প্রাইভেটকার ৩ লাখ ৮৫ হাজার। বাস ৪৯ হাজার ৬৭৩টি। মোটরসাইকেলের সংখ্যা ৩৫ লাখ ৮৫ হাজার।
বর্তমানে আছে মালিকনির্ভর পাল্টাপাল্টির বাস সার্ভিস। এগুলোকে একটি বা একাধিক কোম্পানীর অধীনে এনে ভালো মানের সেবাদানের প্রক্রিয়া বাস্তবায়ন হয়নি আজও। বাস রুট ফ্রাঞ্চাইজির মাধ্যমে পাইলটিং হচ্ছে ঘাটারচর থেকে কাঁচপুর রুটে। ঢাকায় এখনো নেই বাস র্যাপিড ট্রানজিট সিস্টেম। গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত অংশ নির্মাণাধীন।
পরিবহন বিশেষজ্ঞ ও বুয়েটের অধ্যাপক ড. শামসুল হক বলেন, ছোট যানবাহন নিরুৎসাহিত করার কথা বলছে। অথচ সহজ শর্তে ঋণ দেওয়াসহ নানা সুবিধা দেওয়ায় ব্যক্তিগত গাড়ি কিনছেন অনেকে। কার কেনার জন্য সচিব থেকে উপসচিব, ব্যাংকসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা সফট লোন পান। বসবাসযোগ্য নগরীর তালিকায় তলানিতে আসার পরও ছোট ছোট গাড়ি কিনতে উৎসাহিত করার জন্য প্রণোদনা দেওয়া হয়। দৃষ্টান্ত হিসাবে তিনি বলেন, মোটরসাইকেলের নিবন্ধন খরচ কমানো হয়েছে, ঋণেও কেনা যাচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, গণপরিবহনের ঘাটতিতে মধ্যবিত্ত পরিবারের লোকজনও গাড়ি কেনার ইচ্ছা পোষণ করেন। সামাজিক মর্যাদা বাড়াতেও গাড়িকে বেছে নেন। একই পরিবারে একাধিক গাড়ির ব্যবহার বাড়ছে। যদিও সরকারের তরফ থেকে বলা হয়েছিল, গাড়ি কেনায় শর্ত দেওয়া হবে। একই পরিবারে একের অধিক গাড়ি নয়, এমন আলোচনার পর একটি অংশ বলতে থাকেন- পরিবারের সদস্যদের অবস্থানের সংজ্ঞা নিয়ে ব্যাখ্যা দরকার। যারা পৃথকভাবে থাকেন, তাদের ব্যাপারে কী হবে, এমন কথাবার্তা চালিয়ে উদ্যোগটি চাপা পড়ে। কার পার্কিংয়ের ব্যবস্থা ও আয়ের উৎসের শর্ত দেওয়ার ব্যাপারে বিশেষজ্ঞরা বলে আসছিলেন। ব্যক্তিগত গাড়ির নিবন্ধন কমানোর সিদ্ধান্তও আসছে না।
বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার আমাদের সময়কে বলেন, ‘ব্যক্তিগত গাড়ি নিবন্ধনে এখন পর্যন্ত কোনো সিলিং নেই। এগুলোর ব্যবহার কমাতে হবে। তবে তার আগে সড়কে যান চলাচলের ব্যবস্থা নিশ্চিত করাও দরকার। অবশ্যই সমন্বিত গণপরিবহনে জোর দিতে হবে।’











