ঢাকার কোথায়-কখন লোডশেডিং, জানাল ডিপিডিসি
নিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎ সংকট সমাধানে আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশে এলাকাভিত্তিক লোডশেডিং হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
কোন এলাকায় কখন লোডশেডিং হবে, তা প্রতিমন্ত্রী জানাননি। এ বিষয়ে রাজধানীর তথ্য দিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)।
আজ সোমবার অনলাইনে দেওয়া সংস্থাটির সেই তালিকা প্রকাশের পর ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের ধারণসক্ষমতার বেশি ক্লিক পড়ায় এই সমস্যা তৈরি হয়েছে।
ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান বলেন, ‘আগামীকাল থেকে চালু হবে সূচি অনুযায়ী লোডশেডিং। প্রতিদিন এক ঘণ্টা করে লোডশেডিং রাখা হয়েছে সূচিতে। ফলে সারা দিনে যেকোনো এক ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে আমাদের গ্রাহকরা।’
এই ঘোষণা অনুযায়ী বিদ্যুৎ কখন, কোথায় লোডশেডিং হবে সেই সূচি নির্ধারণ করেছে বিতরণ সংস্থাগুলো, যা কার্যকর হতে যাচ্ছে মঙ্গলবার।
ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক জানান, এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সময়সূচির সম্ভাব্য তালিকা ডিপিডিসির ওয়েবসাইটে পাওয়া যাবে। ওয়েবসাইটে গিয়ে ‘সম্ভাব্য লোডশেডিং শিডিউল’ নামের লিংকে ক্লিক করলেই সময়সূচি জানা যাবে।
‘সম্ভাব্য লোডশেডিং শিডিউল’ দেখতে এখানে ক্লিক করুন
এর আগে আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকপরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর জ্বালানি, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী জানান, চলমান বিদ্যুৎ সংকট সমাধানে রুটিন মেপে লোডশেডিং, মসজিদে এসি বন্ধ রাখা, রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখা, সপ্তাহে একদিন পেট্রল পাম্প বন্ধ রাখা, অফিসের সময় ১-২ ঘণ্টা কমানোর চিন্তার পাশাপাশি ডিজেলে বিদ্যুৎ উৎপাদন আপাতত বন্ধ করেছে সরকার।
প্রসঙ্গত, ঢাকা ও আশপাশের ৩৬টি এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে ডিপিডিসি। ঢাকার মধ্যে প্রতিষ্ঠানটি বিদ্যুৎসেবা দিচ্ছে আদাবর, আজিমপুর, বনশ্রী, বাংলাবাজার, বংশাল, বাসাবো, ডেমরা, ধানমন্ডি, ঝিগাতলা, জুরাইন, কাকরাইল, কামরাঙ্গীরচর, খিলগাঁও, লালবাগ, মানিকনগর, মাতুয়াইল, মগবাজার, মতিঝিল, মুগদাপাড়া, নারিন্দা, পরীবাগ, পোস্তগোলা, রাজারবাগ, রমনা, সাতমসজিদ, শ্যামলী, শেরেবাংলা নগর, শ্যামপুর, স্বামীবাগ ও তেজগাঁও এলাকায়। আর নারায়ণগঞ্জের মধ্যে আছে- ফতুল্লা, কাজলা, পূর্ব ও পশ্চিম নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ ও শীতলক্ষ্যা।
রাজধানীর বিদ্যুৎ বিতরণ সংস্থা ডিপিডিসি তার আওতাভুক্ত এলাকাগুলোতে দিনে এক ঘণ্টা করে লোডশেডিং করার সিদ্ধান্ত জানিয়েছে।











