রাশিয়ার গ্যাস স্থায়ীভাবে বন্ধের শঙ্কায় জার্মানি
অনলাইন ডেস্ক : রক্ষণাবেক্ষণ কাজের জন্য আপাতত ১০ দিনের জন্য বাল্টিক সি পাইপলাইন নর্ড স্ট্রিম–১ দিয়ে গ্যাস সরবরাহ স্থগিত করেছে রাশিয়া। এ পাইপলাইন দিয়ে জার্মানিতে গ্যাস যেতো। কিন্তু জার্মানির শঙ্কা, এ সরবরাহ ১০ দিনের পরিবর্তে স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে।
জার্মান অর্থমন্ত্রী ওব্যাট হাবেক বলেছেন, গ্যাস সরবরাহ যদি আর শুরু না হয়, সে ক্ষেত্রে পরিস্থিতি সামাল দিতে ইইউ দেশগুলোকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে। ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার ওপর ইইউ নিষেধাজ্ঞার পাল্টা জবাবে গ্যাসকে ‘একটি অস্ত্র হিসেবে’ ব্যবহার করা হচ্ছে বলে ক্রেমলিনের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি।
রাশিয়ার গ্যাসের ওপর জার্মানি অতিমাত্রায় নির্ভরশীল সেকথাও হাবেক স্বীকার করেছেন। তিনি বলেন, ‘আজ আমরা যা দেখছি সেটি এক গুরুতর রাজনৈতিক ভুল। যত দ্রুত পারি আমরা এই ভুল শুধরে নেওয়ার চেষ্টা করছি।’
হাবেক বলেন, এ বছরের শেষেই তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের জন্য দুটো ভাসমান টার্মিনাল প্রস্তুত হয়ে যাবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, গ্যাস পাইপলাইন রক্ষণাবেক্ষণ কাজ প্রতিবছর নিয়মিতই করা হয় এবং এজন্য ১০ থেকে ১৪ দিন লাইন বন্ধও রাখা হয়। এত বছর বিষয়টি চিন্তার কারণ হয়নি। কিন্তু এবার রাশিয়া কাজ শেষের পর আবার পাইপলাইন চালু করে দেবে কিনা তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
জার্মান অর্থমন্ত্রী হাবেকের কথায় সরকারের এই উদ্বেগই ফুটে উঠেছে। জার্মান সরকারের আশঙ্কা, গ্যাস পাইপলাইন কমানো হতে পারে কিংবা স্থায়ীভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হতে পারে। হাবেক বলেন, ‘সবকিছুই সম্ভব, সবই ঘটতে পারে।’
এদিকে, আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান ফাতিহ বিরোলও সতর্ক করে দিয়ে বলেছেন, রাশিয়া ইউরোপে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ করতে পারে। এর জন্য এখন ইউরোপের প্রস্তুত থাকা দরকার।











