শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনায় বউ পছন্দ না হওয়ায় বরের আত্মহত্যা!

news-image

বরগুনা প্রতিনিধি : বরগুনার আমতলীতে বউ পছন্দ না হওয়ায় বিয়ের দুই দিন পরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন কামাল হাওলাদার (২৫) নামের এক যুবক।

বুধবার বিকেলে উপজেলার চাওড়া ইউনিয়নের চলাভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার চাওড়া ইউনিয়নের চলাভাঙ্গা গ্রামের রাজ্জাক হাওলাদারের ছেলে কামাল হাওলাদারের অমতে তার পরিবার একই উপজেলার টিয়াখালী গ্রামে বিয়ে করিয়ে বউ তুলে বাড়িতে নিয়ে আসে।

বুধবার ছিল বর কামালের বাড়িতে বউভাত। সকালে কামাল বিয়ে নিয়ে তার পরিবারের সঙ্গে অভিমান করে কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যায়। এরপর তার ফোন বন্ধ ছিল। দুপুরে পরিবারের মহিলারা বর-কনেকে গোসল করানোর প্রস্তুতি নেয়। কিন্তু কামালকে না পেয়ে তার ব্যবহৃত মুঠোফোনে কল দেয়। এ সময় তার মুঠোফোন বন্ধ পেয়ে পরিবারের লোকজন তাকে বাহিরে খুঁজতে থাকে। ওই দিন বিকেলে বর কামালের বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে বিলের মাঝে একটি গাছের সঙ্গে গলায় রশি পেচানো অবস্থায় কামালকে ঝুলে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানায়, বর কামালের অমতে পরিবারের লোকজন তাকে বিয়ে করিয়ে দেয়। বউ তার পছন্দ হয়নি। তাই পরিবারের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করেছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুর রহমান বলেন, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে বর কামালের মরদেহ ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর