হাজিরা দিতে পিস্তল নিয়ে আদালতে আসামি
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে নিজের লাইসেন্স করা পিস্তল নিয়ে একটি বন মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে পুলিশের হাতে ধরা খেয়েছেন এক আসামি। এ নিয়ে আদালতে শুরু হয় হৈ চৈ। গতকাল রোববার দুপুরে গাজীপুর বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বন আদালত-২ এ ঘটনা ঘটে। গ্রেপ্তার মনসুর আহমেদ জয়দেবপুর থানার পিরুজালি গ্রামের আব্দুল করিমের ছেলে।
পুলিশ জানা যায়, আইনজীবী ও উপস্থিত সকলের চোখ ফাঁকি দিয়ে নিজের লাইসেন্স করা পিস্তল নিয়েই আদালতের এজলাসে ঢুকে পড়েন মনসুর আহমেদ। একটি বন মামলার এই আসামি লাইসেন্স করা পিস্তল নিয়ে জামিনের জন্য আদালতে হাজির হন। কিন্তু বিচারক তার জামিন আবেদন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিলে তার সঙ্গে থাকা পিস্তলটি সবার নজরে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মনসুর নিশ্চিত ছিলেন আদালত তার জামিন মঞ্জুর করবেন। এ কারণে তিনি হয়তো পিস্তলটি সঙ্গে নিয়ে আদালতে প্রবেশ করেছিলেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার জাকির হাসান বলেন, খবর পেয়ে সেখানে দ্রুত পুলিশ পাঠানো হয়। তাৎক্ষণিক পুলিশ অস্ত্রটি তার কাছ থেকে উদ্ধার করে। অস্ত্র উদ্ধারের পর সেটি থানায় নিয়ে যাওয়া হয়। আর মনসুরকে জেলহাজতে পাঠানো হয়।
তিনি জানান, আদালতে অস্ত্র নিয়ে প্রবেশ করার ঘটনায় তার বিরুদ্ধে রোববার রাতেই সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।











