সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বার্ন ইনস্টিটিউটে আরও ৭ জন ভর্তি, অবস্থা আশঙ্কাজনক

news-image

ঢামেক প্রতিবেদক : চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোতে বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের মধ্যে আরও সাতজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুইজন ফায়ার সার্ভিসের কর্মী রয়েছেন। সবার অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধরা হলেন ফায়ার সার্ভিসকর্মী গাউসুল আজম (২২) ও রবিন মিয়া (২২)। অন্যরা হলেন মাসুম মিয়া (৩৪), ফরমানুল ইসলাম (৩০), রুবেল মিয়া (৩৪), ফারুক (১৬) ও হোসেন মহিবুল্লাহ (২৭)।

রোববার (৫ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে সেনাবাহিনীর হেলিকপ্টারে চট্টগ্রাম থেকে ঢাকার তেজগাঁও পুরোনো বিমানবন্দরে আনা হয়। সেখান থেকে সন্ধ্যায় অ্যাম্বুলেন্সযোগে তাদের শেখ হাসিনা বার্নে নেওয়া হয়। বর্তমানে তারা শেখ হাসিনা জাতীয় বার্নে ভর্তি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর ইউনুস আলী বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

তিনি জানান, সীতাকুণ্ডে বিএম ডিপোতে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ দুই ফায়ার কর্মীসহ সাতজনকে সেনাবাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে। সেখান থেকে অ্যাম্বুলেন্সযোগে তাদের শেখ হাসিনা জাতীয় বার্নে নেওয়া হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, আমাদের এখানে চট্টগ্রাম থেকে আরও সাতজনকে আনা হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। এখন পর্যন্ত শেখ হাসিনা জাতীয় বার্নে দগ্ধ ১৪ জনকে ভর্তি করা হয়েছে। তাদের সবারই ইনহেলেশন (শ্বাসনালী) বার্ন রয়েছে। কেউ শঙ্কামুক্ত নন।

এর আগে শনিবার (৪ জুন) রাতে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। ডিপোর কনটেইনারে কেমিক্যালজাতীয় দাহ্য পদার্থ থাকায় বিস্ফোরণ শুরু হয়। ফলে দ্রুত পুরো ডিপোতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট পৌঁছে। পরে আরও আটটি ইউনিট সেখানে যোগ দেয়। তবে বিস্ফোরণের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পোহাতে হয় ফায়ার সার্ভিসের কর্মীদের।

এদিকে, বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত অর্ধশত মানুষ মারা গেছে। তাদের মধ্যে ফায়ার সার্ভিসের আটজন কর্মীও রয়েছেন। আগুনে আহত হয়েছেন আরও চার শতাধিক। দগ্ধদের মধ্যে ডিপোর শ্রমিক, স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও রয়েছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত বিএম কনটেইনার ডিপোতে লাগা আগুন নিয়ন্ত্রণে আসেনি। সেখানে একের পর এক কনটেইনার বিস্ফোরণ হচ্ছে। জ্বলছে আগুনের লেলিহান শিখা। নিরাপদ দূরত্বে থেকে আগুন নিয়ন্ত্রণের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা। ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে সেনাবাহিনীর একটি টিমও।