ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক : নকল সফটওয়্যার ব্যবহার করে বেনিফিসিয়ারি ওনার্স (বিও) হিসাবে থাকা সব শেয়ার বিক্রি করে ফার্স্টলিড সিকিউরিটিজ লিমিটেডের বিরুদ্ধে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন বিনিয়োগকারীরা। এখন এই অর্থ ফেরতের দাবি জানিয়েছেন তারা।
আজ মঙ্গলবার সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা। নয়াপল্টনে ক্যাপিটাল মার্কেট জানালিস্ট ফোরাম মিলনায়তনে এ সংবাদ সম্মেলন হয়। বিনিয়োগকারীদের পক্ষে লিখিত বক্তব্য তুলে ধরেন মোহাম্মদ আইয়ুব খান।
তিনি বলেন, ফার্স্টলিড সিকিউরিটিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ঢাকা অফিসের আমাদের ৩০ জন বিনিয়োগকারীর সব শেয়ার বিক্রি করে প্রায় ১০ কোটি টাকা আত্মসাৎ করেছেন। শেয়ার বিক্রি সংক্রান্ত কোনো এসএসএস এবং মেইল ফার্স্টলিড সিকিউরিটিজ থেকে আমরা কখনো পেতাম না। বিষয়টি তাদের জানানো হলে তারা সব ঠিক হয়ে যাবে বলে আশ্বস্ত করতেন। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। বাধ্য হয়ে আমরা অন্য হাউজে বিও হিসাব খুলে শেয়ার হস্তান্তরের সিদ্ধান্ত নিই, সেটাও হয়নি। পরে জানতে পারি ২০২১ সালের মার্চ থেকে ফার্স্টলিড সিকিউরিটিজের লেনদেন বন্ধ করে রেখেছে বিএসইসি।
মোহাম্মদ আইয়ুব খান বলেন, হাউজ বন্ধ থাকলেও ডুপ্লিকেট সফটওয়্যার ব্যবহার করে শেয়ার লেনদেন করতেন। গত ২০ জানুয়ারি আমরা সিএসইর সিআরও বরাবর শেয়ার হস্তান্তরের আবেদন করি। দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেলেও চিটাগাং স্টক এক্সচেঞ্জ আমাদের কোনো শেয়ার হস্তান্তর করেনি। এরপর আমার বিএসইসির চেয়ারম্যান বরাবর অভিযোগ করলেও কমিশন থেকে কোনো সদুত্তর পাইনি। তবে সিডিবিএল থেকে জানানো হয়, আমাদের হিসাবে কোনো শেয়ার নেই।
তিনি বলেন, প্রতিষ্ঠানটি আমাদের শেয়ার বিক্রি করে অর্থ আত্মসাৎ করায় আমরা পথে বসে গেছি। এখন আমাদের টাকা/শেয়ার যত দ্রুত সম্ভব ফেরত পেতে প্রধানমন্ত্রী এবং বিএসইসি চেয়ারম্যানের কাছে দাবি জানাই।
বিএসইসির চেয়ারম্যানের প্রতি বিনিয়োগকারীরা বলেন, ‘আমরা সব টাকা হারিয়ে নিঃস্ব। আমাদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করুন। শেয়ার বাজারকে বাঁচান, নিঃস্ব বিনিয়োগকারীদের বাঁচান।’
সংবাদ সম্মেলনে বিনিয়োগকারীদের পক্ষে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী, মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ আলী চোকদার, কৃষ্ণ রায়, কামরুজ্জামান, সাইফুল ইসলাম ও মোহাম্মদ আইনুর।











