সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জেলেনস্কি ভবিষ্যতেও অস্ত্র-অর্থ ভিক্ষা চালিয়ে যাবেন: মেদভেদেভ

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির তীব্র সমালোচনা করেছেন রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ।

তিনি বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভবিষ্যতেও পশ্চিমের কাছে অস্ত্র ও অর্থ ভিক্ষা করতে থাকবেন।

টেলিগ্রাম চ্যানেলে মেদভেদেভ এ কথা বলেন। খবর তাসের।

রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যানের দাবি, জেলেনস্কির কোনো শান্তিপূর্ণ সমাধানের প্রয়োজন নেই।

তিনি বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভবিষ্যতেও পশ্চিমের কাছে অস্ত্র ও অর্থ ভিক্ষা চালিয়ে যাবেন; এর মাধ্যমে তিনি এটি প্রমাণ করার চেষ্টা করবেন যে, তিনি এখনও খেলায় আছেন। এ ছাড়া প্রমাণের চেষ্টা করবেন যে, তিনি উদারপন্থী বিশ্বের আশা এবং ইউরোপের গণতন্ত্রের শেষ দুর্গ।

এমন সময় মেদভেদেভ এ কথা বললেন যখন ইউক্রেনকে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশ অস্ত্র ও অর্থ সহায়তা দিচ্ছে। এ ছাড়া ইউক্রেন রাশিয়াকে প্রতিরোধে বিশ্বের কাছে নিয়মিত অস্ত্র সহায়তা চেয়ে যাচ্ছে।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। এর পর দেশটির রাজধানী কিয়েভসব প্রায় জায়গায় হামলা চালায় রুশ সেনারা। কিন্তু কিছু দিন পরই যুদ্ধের লক্ষ্য পরিবর্তন করে রাশিয়া দোনবাস ও দক্ষিণাঞ্চলকে গুরুত্ব দেওয়ার কথা জানায় মস্কো।

এর মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ ইউক্রেনকে আধুনিক অস্ত্র সরবরাহ করছে। যার জন্য অত্যন্ত ক্ষিপ্ত হয়েছে মস্কো। ইতোমধ্যে ইউক্রেনে বিভিন্ন দেশের সরবরাহ করা অস্ত্র যেসব জায়গায় রাখা হয়েছে সেখানে হামলা চালানোর দাবি করেছে রাশিয়া।