ফেনীতে ভুয়া ডাক্তারকে ১ লাখ টাকা জরিমানা
দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি : ফেনীর দাগনভূঞা ডায়াবেটিক ও জেনারেল হাসপাতালের কলসালটেন্ট পরিচয়দানকারী ডাঃ মোঃ নাছির উদ্দিন নামের পাশে উচ্চ পদবি লাগিয়ে চিকিৎসার নামে মানুষের সাথে প্রতারণা করছিলেন। তার ওইসব উচ্চ পদবির সনদ দেখাতে না পারায় এবং রোগীদেরকে বিভ্রান্ত ও প্রতারণার অভিযোগে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত । এ সময় হাসপাতালের ল্যাবে মেয়াদউত্তীর্ণ কেমিক্যাল রি-এজেন্ট থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম বলেন, এমপিএইচ নামক ডিগ্রি থাকলেও এমপিএইচ (মেডিসিন) নামে কোন ডিগ্রি প্রচলিত নেই। এছাড়া ডা. মো. নাছির উদ্দীনের ভিজিটিং কার্ডে উল্লেখিত সিসিডি (বারডেম) ডিএমইউ (সনোলজিস্ট) এই দুইটি ডিগ্রির কোন সার্টিফিকেট তিনি প্রদর্শন করতে পারেননি। অর্থাৎ ডা. নাছির ভুয়া পদবী ব্যবহার করছেন। তার ব্যবহৃত একটি ডিগ্রির কোন অস্তিত্ব নাই এবং অন্য দুইটি ডিগ্রির কোন সার্টিফিকেট তার কাছে সংরক্ষিত নেই। তার মেডিকেল চিকিৎসক পরিচয়ের অতিরিক্ত পেশাগত যোগ্যতার বিষয়টি জনসাধারণকে বিভ্রান্ত করছে বলে জানানো হয়। এক্ষেত্রে অভিযুক্ত ডা. মো. নাছির উদ্দীনকে মেডিক্যাল এবং ডেন্টাল কাউন্সিল আইন,২০১০ এর ২৯ (১) ধারা লংঘনের অপরাধে ২৯(২) ধারায় এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
একই সঙ্গে ‘দাগনভূঞা ডায়াবেটিক ও জেনারেল হাসপাতাল’ এর ল্যাবের রেফ্রিজারেটরে মেয়াদউত্তীর্ণ কেমিক্যাল রিএজেন্ট থাকায় সেগুলো জব্দ করা হয় এবং হাসপাতাল কর্তৃপক্ষ সামছু উদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় বিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজালা পারভীন রুহি জরিমানার কথা সত্যতা নিশ্চিত করে বলেন, ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।











