রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁধা দামেও লাগামছাড়া বাজার

news-image

রমজান মাসের বাজারঘাট শুরু করে দিয়েছে মানুষ। কিন্তু বাজারে গিয়ে নিত্যপণ্যের দাম শুনে দীর্ঘশ্বাস ফেলছেন তারা। বরাবরের মতো এবারও রোজা শুরুর আগেই অস্থির হয়ে উঠেছে নিত্যপণ্যের বাজার। রমজানে অতি প্রয়োজনীয় নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে সরকার এরই মধ্যে নানা পদক্ষেপ নিয়েছে। জিনিসপত্রের দামে লাগাম টানতে পাইকারি ও খুচরা পর্যায়ে চাল, ডাল, তেল, চিনি, পেঁয়াজ, ছোলা, মুরগি, ডিম, সবজি ও ফলসহ প্রয়োজনীয় ৪০ পণ্যের যৌক্তিক দামও নির্ধারণ করে দেওয়া হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গঠিত হয়েছে উচ্চপর্যায়ের টাস্কফোর্স। পাশাপাশি একাধিক নিয়ন্ত্রক সংস্থা বাজার তদারকি জোরদার করেছে।

কিন্তু এসব উদ্যোগেও বাজারে স্বস্তি মিলছে না। সরকারের বেঁধে দেওয়া দাম উপেক্ষা করে বেশি দামেই নিত্যপণ্য বিক্রি করছেন ব্যবসায়ীরা। আর অতিরিক্ত খরচের চাপে নাকাল ভোক্তারা। গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে রমজান মাসের পণ্য কিনতে বাজারে এসে হতাশ হয়ে পড়েন বেসরকারি চাকরিজীবী মো. শফিকুল ইসলাম। রাজধানীর মালিবাগ বাজারে তিনি এ প্রতিবেদককে জানান, চাল, ডাল, তেল থেকে শুরু করে ছোলা, খেজুর, তরিতরকারি, মুরগি, ডিম সবকিছুর দাম বাড়তি।

তিনি বলেন, ‘ছোলা, মুড়ি, তেল, চিনি, ডাল, বেসন কিনতে এসে হিসাব মিলছে না। ছোলার কেজি ৭৫ টাকা, চিনির প্যাকেট ৮৫ টাকা, মসুর ডালের কেজি ১৩০ টাকা। খোলা সয়াবিন তেল কিনতে গেলাম, সেখানেও আজ কেজিপ্রতি দাম ৪ টাকা বেড়েছে। গত বুধবার ১৬০ টাকায় কেনা গেলেও আজ ১৬৪ টাকা চাইছে। কয়েকদিনের মধ্যে বেগুন ও কাঁচা মরিচের দাম দ্বিগুণ। সরকার বলে আসছে দাম বাড়বে না। কিন্তু বাজারে সব পণ্যের দামে আগুন জ¦লছে।’

গত ২৩ মার্চ ব্যবসায়ী, বিভিন্ন প্রতিষ্ঠান, সুপারশপ ও বাজার কমিটির প্রতিনিধিদের সঙ্গে কৃষি বিপণন অধিদপ্তরের এক মতবিনিময়সভায় জানানো হয়, রমজান মাস সামনে রেখে দেশে সব ধরনের পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। কিছু পণ্যের মজুদ চাহিদার দ্বিগুণ। একই সঙ্গে ছোলা, পেঁয়াজ, ভোজ্যতেল, মসুর ডাল, চিনিসহ রমজানে প্রয়োজনীয় ৪০ পণ্যের দাম নির্ধারণ করে দেয় সরকারি এই সংস্থাটি। কিন্তু গতকাল শুক্রবারের বাজার চিত্র বলছে ভিন্ন কথা। সরকারের বেঁধে দেওয়া দর উপেক্ষা করেই আগের মতো বেশি দামেই পণ্য বিক্রি হচ্ছে। উল্টো বেশ কিছু পণ্যের দাম এদিন বেড়েছে।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, কিছু দোকানে মূল্য তালিকা ঝোলানো থাকলেও তা মানা হচ্ছে না। আবার অনেক দোকানের তালিকায় বাড়তি দামই লেখা থাকছে। অনেক ব্যবসায়ী জানেনই না যে পাইকারি ও খুচরা পর্যায়ে ৪০ পণ্যের দাম বেঁধে দিয়েছে সরকার।

বাজার বিশ্লেষকরা বলছেন, রমজান এলেই বাজারে নিত্যপণ্যের দাম বাড়ে, বিশেষ করে বেশকিছু পণ্যের দামে অস্থিরতা দেখা দেয়। এ সমস্যা পুরনো হলেও এর সমাধান করা যায়নি। বাজার ব্যবস্থাপনার ত্রুটি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর সমন্বয়হীনতার সুযোগ নিয়ে ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা করছেন।

ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি ড. গোলাম রহমান আমাদের সময়কে বলেন, ‘মুক্ত বাজার অর্থনীতির প্রেক্ষাপটে পণ্যের দাম বেঁধে দেওয়া কিংবা বাজারে বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলে কাজে আসবে না। তাছাড়া কৃষি বিপণন অধিদপ্তর যে আইনের ওপর ভিত্তি করে মূল্য বেঁধে দিচ্ছে, সেখানেও ত্রুটি রয়েছে। অপরদিকে আমরা সমস্যার গোড়াতে হাত দিচ্ছি না। খুচরা বাজারে নয়, মিলগেট, মজুতদার, চালকল ও আড়তগুলোতে নজরদারি বাড়াতে হবে। পাশাপাশি পণ্য পরিবহনে বিভিন্ন পর্যায়ে চাঁদাবাজি বন্ধ করতে হবে। অসাধু ব্যবসায়ীদের কেবল চিহ্নিত করলে হবে না, তাদের সবাইকে শাস্তির আওতায় আনতে হবে। তাছাড়া প্রতি রোজায় এমনটা হয়, সুতরাং অনেক আগে থেকেই প্রস্তুতি নেওয়া দরকার ছিল।’

কৃষি বিপণন অধিদপ্তর প্রতিকেজি ছোলার সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করে ৭২ টাকা। কিন্তু রাজধানীর খুচরা বাজার বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৭৬ টাকায়। প্রতিকেজি মোটা মশুর ডালের খুচরা মূল্য ধরা হয়েছে সর্বোচ্চ ৯৮ টাকা। অথচ, বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়। ছোট দানার মশুরের ডাল বিক্রি হচ্ছে ১৩০ টাকা পর্যন্ত। ভালো মানের মুগ ডালের দাম নির্ধারণ হয়েছে ১১৯ টাকা, যা বাজারে ১২২ থেকে ১২৮ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। প্রতিকেজি চিনির সর্বোচ্চ যৌক্তিক মূল্য বেঁধে দেওয়া হয়েছে ৭৪ টাকা। খুচরা বাজারে এই চিনি বিক্রি হচ্ছে ৮০ টাকা পর্যন্ত। প্যাকেট চিনি বিক্রি হচ্ছে ৮৫ টাকায়।

প্রতি লিটার খোলা সয়াবিনের দাম ১৩০ টাকা বেঁধে দেওয়া হলেও বিক্রি হচ্ছে ১৪৮ টাকায়। সরিষার তেল (খোলা) প্রতি লিটার ২১০ টাকা নির্ধারণ করা হয়েছে। কিন্তু বিক্রি হচ্ছে ২২০ টাকায়। বোতলজাত সরিষার তেলের লিটার ২৬০ টাকা।

সরকারের বেঁধে দেওয়া দামে সরু চালের সর্বোচ্চ দর ৭২ টাকা থাকলেও বাজারে ৭৫ টাকায়ও বিক্রি হচ্ছে। খোলা আটার দাম নির্ধারণ করা আছে ৩৫-৩৬ টাকা, যা বাজারে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম সর্বোচ্চ মূল্য ৩৬ টাকা বেঁধে দেওয়া হয়েছে, কিন্তু বিক্রি হচ্ছে ৪০ টাকা পর্যন্ত। একইভাবে রসুন ও আদাও বাড়তি দামে বিক্রি হচ্ছে।

মালিবাগ বাজারের খুচরা বিক্রেতা গাজী স্টোরের ব্যবসায়ী মো. মাসুদ হোসেন আমাদের সময়কে বলেন, ‘সরকার দাম বেঁধে দিলেও আমরা সে দামে পণ্য পাচ্ছি না। আমাদের কিনতে হচ্ছে বাড়তি দামে। তাই কমে বিক্রি করার সুযোগ নেই।’

একই বাজারের নুসরাত স্টোরের খুচরা তেল বিক্রেতা মো. শাহজাহানও বলেন, ‘বাড়তি দামে কিনতে হলে কম দামে বিক্রি করব কীভাবে। সরকার তো বলেই খালাস, ভোগান্তি তো আমাদের পোহাতে হয়।’

কৃষি বিপণন অধিদপ্তরের মূল্য তালিকায় ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি সর্বোচ্চ ১৬৪ টাকা নির্ধারণ করা হলেও বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৭৫ টাকায়। গতকাল রাজধানীর বাজারে বেগুনের কেজি ছিল ৭০ থেকে ১০০ টাকা পর্যন্ত। কাঁচামরিচের কেজি ১০০ টাকা। অথচ সরকারের মূল্য তালিকা অনুযায়ী পণ্য দুটি বিক্রি হওয়ার কথা যথাক্রমে ৩৮ টাকা এবং ৬৭ টাকা কেজি দরে। বাজারে মাঝারি মানের খেজুরের কেজি এখন ৬০০ টাকা, যা এক মাস আগে ৪৫০-৫০০ টাকায় বিক্রি হয়েছে বলে জানান খুচরা বিক্রেতারা। মান ও বাজারভেদে প্রতি কেজি বেসন বিক্রি হয়েছে ৭০-১০০ টাকায়, যা এক মাস আগে ৬০-৮০ টাকায় বিক্রি হয়েছে। বুটের ডাল প্রতি কেজি বিক্রি হয়েছে ৬০-৭০ টাকায়, যা এক মাস আগে ছিল ৫০-৬০ টাকা।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবও বলছে, গতকাল খুচরা বাজারে সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি হয়েছে। টিসিবির তথ্য অনুযায়ী, এদিন প্রতি লিটার খোলা সয়াবিন ১৫৪ টাকায় বিক্রি হয়েছে। প্রতি কেজি সরু চাল সর্বোচ্চ ৭০ টাকা, মোটা চাল ৪৮ টাকা, খোলা আটা ৩৬ টাকা, মসুর (বড় দানা) ১০০ টাকা, ছোলা ৭৫ টাকা, পেঁয়াজ ৪০ টাকা, রসুন ৬০ থেকে ১৩০ টাকা, আদা ১৪০ টাকা, চিনি ৮০ টাকায় বিক্রি হয়েছে।

এ ব্যাপারে কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক আ. গাফ্ফার খান আমাদের সময়কে বলেন, ‘কেউ অতিরিক্ত দামে পণ্য বিক্রি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেব। এ ক্ষেত্রে ভোক্তা অধিদপ্তর, বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি বিপণন অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থার সমন্বয়ে আমরা নিয়মিত মোবাইলকোর্ট পরিচালনা করছি। অভিযুক্তদের বিরুদ্ধে আমরা নিয়মিত ব্যবস্থা গ্রহণ করছি।’

সরকারের পক্ষ থেকে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে হুশিয়ারি দেওয়া হলেও সেভাবে নেই কার্যকর ব্যবস্থা। এক শ্রেণির অসাধু ও সিন্ডিকেট ব্যবসায়ীদের কারসাজির কারণে বাজার নিয়ন্ত্রণহীন বলে জানান খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা। তাদের অভিযোগ- চাহিদা অনুযায়ী পণ্য মজুদ ও সরবরাহ স্বাভাবিক থাকা সত্ত্বেও পণ্য আমদানিকারকরা ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন। আর পাইকারি বাজারে দাম বাড়ার কারণে বেশি দামে পণ্য বিক্রি করতে হচ্ছে বলে জানান খুচরা ব্যবসায়ীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মীজানুর রহমান আমাদের সময়কে বলেন, ‘রোজায় বাজারে অস্থিরতা অতীতেও দেখেছি, এখনো দেখছি। সরকার মূল্য নির্ধারণ করার পরেও তা উপেক্ষিত হয়েছে। আসলে আমাদের বাজার ব্যবস্থাপনায় বড় গলদ রয়েছে। আমরা বাজার মনিটরিং কী, সেটাই জানি না। খুচরা দোকানে গিয়ে মামলা-জরিমানা করলে হবে না। আমাদের চাহিদা ও সরবরাহের ওপর নিবিড় নজরদারি থাকতে হবে। আমাদের কাছে তো পরিসংখ্যানই নেই। আগে চাহিদা ও সরবরাহের প্রকৃত তথ্য থাকতে হবে। তারপর সে অনুযায়ী সরবরাহ স্বাভাবিক রাখতে সময়োপযোগী পরিকল্পনা গ্রহণ করতে হবে।’

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী