রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাঠ-ফাটা রৌদ্রের তীব্র উত্তাপে বিরক্তির যানজট

news-image

ফরহাদ উজজামান
রাজধানীজুড়ে বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছে তীব্র যানজট। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার পর থেকে রাস্তায় যাত্রী সংখ্যা বেড়ে গেছে। পাশাপাশি মেট্রোরেল, ঢাকা উড়াল সেতু, বিভিন্ন স্থানে সড়ক নির্মাণ ও প্রশস্তকরণ কাজের জন্য চলাচলের রাস্তা কমে গেছে রাজধানীতে। যার ফলে সৃষ্টি হচ্ছে এই যানজট। রাস্তায় একটা গাড়ির সঙ্গে আরেকটা গাড়ির ছুঁই ছুঁই অবস্থা। এর ফলে দুর্ভোগ পৌঁছেছে চরমে। কাঠ-ফাটা রৌদ্রের ভেতর যানজট আরও বেশি বিরক্তির কারণ হয়ে উঠছে নগরবাসীর কাছে। তীব্র এই যানজটের জন্য উন্নয়নযজ্ঞের খেসারত, ট্রাফিক অব্যবস্থাপনা ও বাস চালকদের নিয়ম না মানাকেই দায়ী করছেন যাত্রীসহ সংশ্লিষ্টরা।

ঢাকা দক্ষিণ সিটি ও বুখারেস্টের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
বুধবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে দেখা গেছে যানজট। মিরপুর, জাতীয় প্রেসক্লাব, মৌচাক, মগবাজার, রামপুরা, বেইলী রোড, মতিঝিল, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, তালতলা, বিজয় সরণি, বাংলা মোটর, কাওরান বাজার, খামারবাড়ি, ফার্মগেট এসব পথে তীব্র যানজট সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী জনগণ ও দায়িত্বরত ট্রাফিক পুলিশ।

রামপুরা থেকে বেইলি রোডের ভিকারুননিসা স্কুলে মেয়েকে নিয়ে যাবেন লাকি রাহাত। এই অভিভাবক বাংলাদেশ জার্নালকে জানান, বেশ কিছুদিন ধরেই যানজট একটু কম ছিলো। তবে গতকাল থেকে স্কুল কলেজে নিয়মিত ক্লাস শুরু হবার ফলে এর মাত্রা এতো বেড়ে গেছে যে রামপুরা থেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে এখানে (ভিকারুননিসা স্কুল) আসতেও প্রায় দেড় ঘন্টা লেগে গেছে। পরে অনেকটা পথ হেটেই আসছি। এতো গরমে হেটে এসেও স্কুলের দেরি হয়ে গেছে।

এদিকে সিএনজিচালিত অটোরিকশাচালক বাবলু বলেন, আগে সারাদিন চালালে দিনে ২-৩-হাজার টাকার বেশি ইনকাম হইতো। গত কয়দিন ধরে ঢাহায় এতো জ্যামের কারণে দিনে হাজিরার টাহাও তুলবার পারি না। একটা ভাড়া নিয়ে যাইতেই তিন খ্যাপের সময় লাইগা যায়।

সাপ্তাহিক কর্মদিবসে গুগল ম্যাপে ঢাকার রাজপথের স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে তথ্যপ্রযুক্তির ফলাফল বলে, নগরীর বেশিভাগ রাস্তা যানজটে ঠাসা। ঘণ্টার পর ঘণ্টা তীব্র যানজটের কবলে পরে ভোগান্তি বাড়ছে সড়কে চলাচলকারীদের। কিন্তু হঠাৎ করেই কেন বাড়ছে এমন যানজট?

আগে দুপুরে কিছুটা কম থাকলেও এখন প্রায় সকাল-দুপুর, বিকাল পেরিয়ে বা রাত গড়িয়ে যায় যানজটের তীব্রতা।

 

এই বিষয়ে মিরপুর ১০ নাম্বার ট্রাফিক সিগন্যালে এ দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট মাহমুদুল হাসান বাংলাদেশ জার্নালকে বলেন, বুধবার সকাল থেকেই মিরপুর ও আশেপাশের সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়েছিল। বেশ কিছুদিন ধরেই এমন যানজটের তীব্রতা লক্ষ করা যাচ্ছে। তাছাড়া স্কুল কলেজ খুলে দেয়ার পর থেকে যানজটের মাত্রা আরও বেড়েছে। ব্যক্তিগত গাড়ির সাথে বেড়েছে মানুষের চাপ। জনবল কম থাকায় পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে সড়কে চলমান যাত্রীদের কণ্ঠেও ঝরছে বিরক্তি। তাদের ভাষ্য, ঢাকায় এখন ট্র্যাফিক জ্যামে ঘণ্টার পর ঘণ্টা নিশ্চল অবস্থায় যানবাহন দাঁড়িয়ে থাকাটাই যেনো স্বাভাবিক। এ শহরে কয়েকঘণ্টা ট্র্যাফিক জ্যামে আটকে থাকা একটা সাধারণ নিয়ম হয়ে দাঁড়িয়েছে।

যাত্রী ও পথচারীরা বলছে, নিষেধ থাকা সত্ত্বেও নির্ধারিত স্টপেজের বাইরেও মাঝ রাস্তায় চলন্ত গাড়িতে যাত্রী তোলা, অতিরিক্ত যাত্রী বহন, রেষারেষি করে গাড়ি চালাতে গিয়ে জটলা তৈরি করে অহরহ যানজট সৃষ্টির নানা অব্যবস্থাপনার জন্য ট্রাফিকের গাফিলতি ও চালকদের দায়ী করছেন তারা।

এছাড়াও সরেজমিন দেখা যায়, গাজীপুর থেকে গুলিস্তান সড়কে অসংখ্য অঘোষিত বাসস্টপেজ। প্রতিটি বাস এসব স্টপেজে গড়ে ৫-৮ মিনিট করে সময় দেয়। ফলে পেছনে গাড়িগুলোকে দাঁড়িয়ে থাকতে হয়। ব্যস্ততম গুলিস্তানের বঙ্গভবনের সামনের রাস্তায় এমনিতেই যানজট থাকে, তবে এবার তা সীমা ছাড়িয়েছে।

বিকাশ পরিবহনের এক যাত্রী লামিয়া জাহান বাংলাদেশ জার্নালকে বলেন, বাসস্টপ ছাড়াও যেখানে সেখানে দাড়িয়ে যাত্রী তুলে বাস চালকরা। ট্রাফিক পুলিশের সামনেই এমন ঘটনা ঘটলেও তারা কোন পদক্ষেপ নেয় না। এমনিতেই গরম এরপর এমন যানজটে বাসে বসে থাকা বিরক্তিকর।

যাত্রীদের পাশাপাশি তীব্র এ যানজটে ভোগান্তিতে পড়েছে বাসচালকেরাও। আজিমপুর থেকে ছেড়ে আসা বিকাশ পরিবহনের এক বাসচালক বাংলাদেশ জার্নালকে বলেন, আগে আজিমপুর থেইকা এক ঘন্টার আগেই এয়ারপোর্ট পার হইয়া যাইতাম। এহন দেড় ঘন্টায় বিজয় সরণি পার হইবার পারি না। আমাগো তো যত খেপ তত টাকা। কিন্তু এহন আব্দুল্লাহপুর যাইতেই ৩ ঘন্টায় ও হয় না।

চিটাগাং রোড থেকে আসা ঠিকানা পরিবহনের চালক মাসুদ মিয়া বলেন, আমাদের বাস লইয়া বাইপাইল পর্যন্ত যাইতে হয়। কিন্তু গুলিস্তান থেকে গাবতলী যাইতে ২ ঘন্টায় ও যাইবার পারিনা। সারাদিনে একবার যেয়ে আসতেই সময় শেষ হয়ে যায়। গরমে যাত্রীরাও বিরক্ত হইয়া বাস থেইকা নাইমা যায়।

 

কেন এমন যানজট? জানতে চাইলে রমনা জোন ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জয়দেব চৌধুরী বাংলাদেশ জার্নালকে বলেন, প্রতি সপ্তাহের বুধবারেই যানজট বেশি লক্ষ করা যাচ্ছে এবং সেটা অনেকদিন ধরেই। এদিন গাড়ি বেশি চলাচল করে। এছাড়াও মেট্রোরেল ও বিভিন্ন রাস্তায় খোঁড়াখুঁড়ির কারণে রোড সংকীর্ণ হওয়ায় এমন যানজটের সৃষ্টি হয়েছে। মূল সড়কগুলোতে এসব ছোট যানবাহনের ধীর গতিতে চলা যানজট আরো বাড়িয়ে দেয়।

রামপুরার ট্রাফিক সার্জেন্ট সাবিনা ইয়াসমিন বাংলাদেশ জার্নালকে বলেন, এই এলাকায় (রামপুরা) যানজট স্কুল কলেজ খোলার টাইমে (সময়) খুব বেশি থাকে। তবে দুপুরের আগে কিছুটা কমে। আবার স্কুল কলেজ ছুটির সময়ে যানজট বেড়ে যায়। এছাড়া বাকি সময়ে স্বাভাবিক থাকে।

তবে বিশ্লেষকরা বলছেন, রাজধানীতে গণপরিবহন ব্যবস্থা সত্যিকার অর্থে এখনো গড়ে ওঠেনি। বাস কোম্পানিগুলো যাত্রী পেতে প্রতিযোগিতা করে। তারা সড়ক আটকে যাত্রী পাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যান চলাচলই বন্ধ করে দেয়।