শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জায়েদ-নিপুণকে স্থিতাবস্থা কঠোরভাবে মানার নির্দেশ

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে চেম্বার আদালতের দেয়া স্থিতাবস্থা অভিনেত্রী নিপুণ আক্তার ও চিত্রনায়ক জায়েদ খানকে কঠোরভাবে অনুসরণ করতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন।

চিত্রনায়িকা নিপুণ আক্তারসহ দুজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে চিত্রনায়ক জায়েদ খানের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়া হয়।

একই সঙ্গে আদালত অবমাননার অভিযোগে করা আবেদনটি ৪ সপ্তাহের জন্য মুলতবি রাখা হয়েছে (স্ট্যান্ড ওভার)। আদালত বলেছেন, এই সময়ের মধ্যে কেউ চাইলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিয়মিত লিভ টু আপিল করতে পারবেন।

আদালতে জায়েদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম। সঙ্গে ছিলেন নাহিদ সুলতানা ও মজিবুল হক ভূঁইয়া। নিপুণের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ।

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে আদালতের আদেশ অনুসরণ না করার অভিযোগে ৮ মার্চ নিপুণসহ দুজনের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন জায়েদ।

আবেদনটি সেদিন চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে ১৩ মার্চ শুনানির জন্য পাঠান। এর ধারাবাহিকতায় বিষয়টি আজ আপিল বিভাগে ওঠে।

এদিকে আজকের এই আদেশের ফলে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে কে দায়িত্ব পালন করবে জানতে চাইলে জায়েদ খানের আইনজীবী আহসানুল করিম বলেন, জায়েদ খানই এই পদে দায়িত্ব পালন করবেন। তবে নিপুণের আইনজীবী বলেছেন, নিপুণ আক্তারই দায়িত্ব পালন করবেন।

গত ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের ভোট গ্রহণ শেষে শনিবার ভোরে প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহিদুল হারুন এফডিসিতে ফলাফল ঘোষণা করেন। তাতে গত দুই মেয়াদে শিল্পী সমিতির সভাপতি থাকা মিশা সওদাগরকে ৪৩ ভোটে হারিয়ে এবার সভাপতি হন ইলিয়াস কাঞ্চন। আর সাধারণ সম্পাদক পদে হ্যাটট্রিক করা জায়েদ খানের কাছে ১৩ ভোটে হারেন ইলিয়াস কাঞ্চনের প্যানেলের প্রার্থী নিপুণ আক্তার।

তবে অর্থ দিয়ে ভোট কেনার অভিযোগ এনে নির্বাচনী আপিল বোর্ডে জায়েদ খান ও কার্যকরী পরিষদের সদস্য চুন্নুর পদ বাতিলের আবেদন করেন নিপুণ। সে আবেদনে বিষয়ে নির্বাচনী আপিল বোর্ডকে সিদ্ধান্ত নিতে সমাজসেবা অধিদপ্তর চিঠি দেয়।

এরপর জায়েদ খান ও চুন্নুর বিষয়ে বৈঠকে বসে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনী আপিল বোর্ড। বৈঠকে শেষে বোর্ডের প্রধান ও চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান জা‌য়ে‌দের প্রার্থিতা বাতিল বলে সাধারণ সম্পাদক পদে নিপুণ‌কে বিনাপ্রতিদ্ব‌ন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেন।

তবে নিপুণ‌কে বিনা প্রতিদ্ব‌ন্দ্বিতায় বিজয়ী ঘোষণা এবং নিজের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন চিত্রনায়ক জায়েদ খান। সে রিটের শুনানি নিয়ে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনী আপিল বোর্ড কর্তৃক জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে। সেই সাথে জায়েদের প্রার্থিতা বাতিল করে নিপুণকে বিজয়ী ঘোষণার বৈধতা প্রশ্নে রুল জারি করা হয়। এছাড়া নিপুণের অভিযোগের বিষয়ে নির্বাচনী আপিল বোর্ডকে সিদ্ধান্ত নিতে সমাজসেবা অধিদপ্তরের চিঠির কার্যকারিতা স্থগিত করা হয়।

পরবর্তীতে হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে নিপুণ। সে আবেদনের শুনানি নিয়ে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে বিষয়টি প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন। সে পর্যন্ত চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে দুজনের কেউই দায়িত্ব পালন করতে পারবে না মর্মে (স্ট্যাটাসকো) আদেশ দেয়া হয়।

এরপর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এবিষয়ে শুনানি নিয়ে হাইকোর্টকেই তাদের জারি করা রুলটি নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়। এছাড়া হাইকোর্টে রুল নিস্পত্তির আগ পর্যন্ত চেম্বার আদালতের দেয়া আদেশই বহাল থাকবে বলে নির্দেশ দেন দেশের সর্বোচ্চ আদালত।

এরপর হাইকোর্ট রুল শুনানি শেষে সাধারণ সম্পাদক পদে জায়েদ খান বৈধ বলে রায় দেন। কিন্তু হাইকোর্টের সে রায়ের বিরুদ্ধে নিপুণ আক্তারের করা আবেদনের শুনানি নিয়ে চেম্বার আদালত হাইকোর্টের রায় চার সপ্তাহের জন্য স্থগিত করে বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ৪ এপ্রিল শুনানির জন্য দিন ধার্য করেন। এই সময় পর্যন্ত আদালত সাধারণ সম্পাদক পদে স্থিতাবস্থার (স্ট্যাটাসকো) আদেশ দেন।

 

এ জাতীয় আরও খবর

৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ৮ নদীবন্দরে সতর্কতা

চট্টগ্রামের ‘গুয়াংজু বাজার’ রেয়াজুদ্দিন

ইরানে টানা সপ্তম রাতেও মার্কিন হামলা, পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি তেহরানের

বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

সংসারের ভার কাঁধে, কাজের আশায় নারীদের ভোরের অপেক্ষা

রক্তক্ষয়ী ১৮ জুলাই: সংঘর্ষ, আগুন আর ইন্টারনেট বিচ্ছিন্নতায় থমকে গিয়েছিল দেশ

‘পানি লাগবে পানি’—মুগ্ধের সেই ডাক আজও স্মৃতিতে, অপেক্ষা বিচারের

মুগ্ধর স্বপ্নের বাংলাদেশ এখনো দেখিনি: যমজ ভাই স্নিগ্ধ

কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানো, ৭ জন বরখাস্ত

পটুয়াখালীর খামারে কোটি টাকার সাপের বিষ, বিক্রির পথ বন্ধ

মেসিকে ঘিরে স্পেনের বিশেষ পরিকল্পনা

কক্সবাজার সৈকতে টর্নেডো, আতঙ্কে ছুটলেন পর্যটকরা