রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মৃত্যুফাঁদ রেললাইন, দৈনিক ঝরছে ২ প্রাণ

news-image

নিউজ ডেস্ক  : প্রতিদিনই একসঙ্গে স্কুলে আসা-যাওয়া করত তিন বান্ধবী- মিম, রিমা ও তাসফিয়া। গত বুধবার সকালেও এক সঙ্গেই স্কুলে যায় কুমিল্লার বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ওই তিন ছাত্রী। স্কুল শেষে সেদিন বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার সদর উপজেলার বিজয়পুর এলাকায় গেটকিপারহীন অরক্ষিত রেললাইন পার হওয়ার সময় ট্রেন দুর্ঘটনায় একই সঙ্গে ঘটনাস্থলে মৃত্যু হয় ১২ থেকে ১৪ বছর বয়সী তিন বান্ধবীর।

এর মধ্যে দুই শিশু ট্রেনে কাটা পড়ে। অন্যজনের ছোট্ট শরীর আটকে যায় চলন্ত ট্রেনের সামনে। তার বুকে গেঁথে গিয়েছিল ট্রেনের সামনের রড। নিথর দেহটি লাকসাম হাইওয়ে পুলিশ ফাঁড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার নিয়ে যায় ট্রেনটি।

এর আগের দিন সকালে রাজধানীর মগবাজার পেয়ারাবাগ সিগন্যালে ট্রেনের ধাক্কায় মারা যান রবিন নামে ২০ বছর বয়সী এক তরুণ। কানে হেডফোন দিয়ে মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন তিনি। সিগন্যালে গেটকিপার থাকলেও সবার সামনেই দুর্ঘটনাটি ঘটে। এর এক দিন আগেই রাজধানীর খিলগাঁও বাগিচা এলাকায় গেটকিপারহীন অরক্ষিত রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে রিবেরু নামে এক গৃহবধূর দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে কয়েক ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

দেশজুড়ে ২ হাজার ৮০০ কিলোমিটার রেলপথ রয়েছে। এ দীর্ঘ পথে রয়েছে অসংখ্য লেভেল ক্রসিং। সেগুলোয় রয়েছে অসংখ্য সচেতনতামূলক সাইনবোর্ড; মিলবে গেটকিপারও। তবু ঠেকানো যাচ্ছে না প্রাণহানি। প্রতিদিনই বিস্তৃত এ রেলপথের কোথাও না কোথাও পাওয়া যাচ্ছে মানুষের লাশ। কর্তৃপক্ষের দুর্বল নজরদারি, অরক্ষিত লেভেল ক্রসিং, দুর্বৃত্তদের হামলা আর পথচারীদের অসতর্কতার কারণে রেলপথ এখন পরিণত হয়েছে মৃত্যুফাঁদে। অসচেতনতা বা কর্তৃপক্ষের উদাসীনতায় রেললাইনে কেবল দুর্ঘটনাই ঘটছে না। হত্যার পর ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে রেললাইনে লাশ ফেলে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে বলে চালিয়ে দিতেও এখন এ পথ বেছে নিয়েছে দুর্বৃত্তরা। বিষয়টি যে খুবই উদ্বেগজনক, তা বেরিয়ে এসেছে খোদ হাইওয়ে পুলিশের হিসাবে।

হাইওয়ে পুলিশের গত ৩ বছরের (২০১৯-২০২১) অপমৃত্যুর মামলার পরিসংখ্যান বলছে- সারাদেশে রেললাইনে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২ হাজার ৩১১ জন। এদের মধ্যে পুরুষ ১ হাজার ৭৬৩; শিক্ষার্থী সংখ্যায় দেড়শ ছাড়িয়ে গেছে। এসব ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে ২ হাজার ২৫২টি। অন্যগুলো শুধুই সংখ্যা। এ হিসেবে দিনে গড়ে দুটি প্রাণ ঝরছে রেললাইনে। আর চলতি মাসের গত ১০ দিনে ঢাকার বিভিন্ন এলাকায় রেললাইন থেকে ১৫ নারী-পুরুষের লাশ মিলেছে। এ তিন বছরে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে রেলক্রসিংয়ে দ্রুত পারাপারের সময়। মৃতের তালিকায় অধিকাংশই শ্রমজীবী মানুষ। অধিকাংশ ঘটনায় উপার্জনক্ষম মানুষকে হারিয়ে পথে বসেছে বহু পরিবার। বহু মানুষ পঙ্গু হয়েছেন।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, তাদের অধিক্ষেত্রে ১ হাজার ৯১০টি রেলক্রসিংয়ের মধ্যে অনুমোদিত ১ হাজার ৩৫৫টি। আর অনুমোদন ছাড়াই অরক্ষিতভাবে আছে ৫৫৫টি রেলক্রসিং। এসব (১ হাজার ৯১০টি) রেলক্রসিংয়ে লাইনম্যান রয়েছে মাত্র ৯০২ জন। আর লাইনম্যান ছাড়াই অরক্ষিতভাবে চলছে ১ হাজার ৮টি রেলক্রসিং।

রেলপথ মন্ত্রণালয় সূত্র জানায়, সারাদেশে ২ হাজার ৭৮৯টি লেভেল ক্রসিংয়ের মধ্যে ১ হাজার ৩২১টিই অবৈধ। আবার বৈধ ১ হাজার ৪৬৮টির মধ্যে ৯০৪টিতেই কোনো গেটম্যান নেই। অর্থাৎ, ৬২ শতাংশ বৈধ ক্রসিংয়ে গেটম্যান নেই। অবৈধ লেভেল ক্রসিংগুলোর মধ্যে ৯৫০টিই এলজিইডির তৈরি বা তাদের অর্থায়নে ইউনিয়ন পরিষদের নির্মিত। অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) ১২টি, বিভিন্ন সিটি করপোরেশন ৫৪টি, উপজেলা পরিষদ ৯টি, পৌরসভা ১১৬টি ও অন্যান্য প্রতিষ্ঠান/ব্যক্তি ১৭০টি লেভেল ক্রসিং নির্মাতা।

সংশ্লিষ্টরা বলছেন, রেললাইনের দুপাশে ১০ ফুট করে ২০ ফুট দূরত্ব পর্যন্ত সার্বক্ষণিক ১৪৪ ধারা জারি রয়েছে। বাংলাদেশ রেলওয়ে আইন অনুযায়ী, এ সীমানার ভেতর কাউকে পাওয়া গেলে তাকে দ-বিধির ১০১ ধারায় গ্রেপ্তার করা যায়। এমনকি এ সীমানার ভেতরে গবাদিপশু চরলে আটক করে তা বিক্রি করে সেই অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার বিধানও রয়েছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় এ আইন প্রতিনিয়তই ভঙ্গ করছেন পথচারীরা। তাই প্রতিনিয়তই ঘটছে মর্মান্তিক দুর্ঘটনা।

এদিকে অধিকাংশ লেভেল ক্রসিংয়ে নেই নিরাপত্তা বার (লোহা বা বাঁশ)। আবার যেখানে বার রয়েছে সেখানে শেষ মুহূর্তেও সেই বার উঠিয়ে বা এর নিচ দিয়ে চলাচল করছে অনেক যান/ব্যক্তি। আবার লেভেল ক্রসিংগুলো যথাযথ মানের না হওয়ায় রেলপথে আটকে যাচ্ছে যান। সেই সঙ্গে সতর্কতার ঘাটতি ও ঝুঁকি নিয়ে দ্রুত চলাচলের চেষ্টায় লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা বাড়াচ্ছে। রেললাইন বা লাইনের দুপাশ ঘেঁষে গড়ে উঠেছে অসংখ্য বস্তি, লোহা-লক্কড়ের দোকানপাট, ছোট-বড় বাজার। রয়েছে মানুষের আড্ডাও। প্রভাবশালীদের কাছে রেলের জমি দখল এখন যেন স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। রেলের দেওয়া কাঁটাতারের বেড়া এমনকি সীমানা প্রাচীর ভেঙে আড়াআড়িভাবে রাস্তা রয়েছে অসংখ্য স্থানে। এসব পথে চলাচল করছে হাজারো মানুষ, ট্রেনের ধাক্কায় অথবা কাটা পড়ে মৃত্যুও হচ্ছে অগণিত। এ ছাড়া রেলের দুপাশে গড়ে ওঠা বস্তি ঘিরে চোর, ছিনতাইকারী, ডাকাত, মলমপার্টি, মাদক কারবারিসহ সব ধরনের অপরাধীদের অভয়ারণ্য গড়ে উঠেছে। রেললাইনের দুধারে গড়ে ওঠা এসব অবৈধ স্থাপনার সঙ্গে ক্ষমতাসীন দলের নেতাকর্মী, স্থানীয় প্রভাবশালী ছাড়াও রেলের অনেক কর্মকর্তা-কর্মচারীও জড়িত।

এদিকে ভোল পাল্টে ট্রেনে ও রেলপথে সক্রিয় ছিনতাই-ডাকাত চক্র ‘আম্মাজান’, ‘কৃষ্ণবালা’ ও ‘সুইসগিয়ার’ গ্রুপের সদস্যরা। প্রায়ই তাদের হাতে সর্বস্ব খোয়ানো ছাড়াও প্রাণ যাচ্ছে রেলের যাত্রীসহ রেলপথ ব্যবহারকারী সাধারণ মানুষের। আবার কানে ফোন গুঁজে কথা বলা কিংবা রেললাইন ধরে হেঁটে চলাও এখন নিত্যনৈমিত্তিক ঘটনা। এ সব কারণে প্রায়ই মানুষ ট্রেনে কাটা পড়ে মারা যাচ্ছে। জনবলের অভাবে রেলরুটের অধিকাংশ পয়েন্টেই নেই জিআরপি পুলিশ। ফলে কর্তৃপক্ষের এ অবহেলায় অরক্ষিত রেললাইন ঘিরে দীর্ঘ হচ্ছে লাশের বহর। এর দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না বলেও অভিমত বিশেষজ্ঞদের।