নানা ছাড়েও টানা যায়নি খেলাপি ঋণের লাগাম
জিয়াদুল ইসলাম
নানা রকম ছাড় দিয়েও টেনে ধরা যায়নি খেলাপি ঋণের লাগাম। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২১ সালে খেলাপি ঋণের পরিমাণ ও হার দুই-ই বেড়েছে। পুরো বছরে খেলাপি ঋণ বেড়েছে প্রায় সাড়ে ১৪ হাজার কোটি টাকা। এর মধ্যে শেষ তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর) বেড়েছে দুই হাজার ১২৩ কোটি টাকা।
সব মিলিয়ে গত বছরের ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় এক লাখ ৩ হাজার ২৭৪ কোটি টাকা, যা ব্যাংক খাতে মোট বিতরণ করা ঋণের ৭ দশমিক ৯৩ শতাংশ। তবে প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ এর দ্বিগুণেরও বেশি। এর মধ্যে আদালতের স্থগিতাদেশ, পুনঃতফসিল ও রাইট অফ (ঋণ অবলোপন) ঋণ রয়েছে। এ সময়ে সরকারি, বেসরকারি ও বিদেশি সব খাতের ব্যাংকেই খেলাপিঋণের পরিমাণ বেড়েছে।
অর্থনীতিবিদসহ খাতসংশ্লিষ্টরা বলছেন, সরকারের নমনীয় নীতির কারণেই খেলাপি ঋণ বাড়ছে। আর এ খেলাপি ঋণই অর্থনীতিকে ঝুঁকির মুখে ফেলছে। গত সোমবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) এক অনুষ্ঠানে খেলাপি ঋণকে ব্যাংক খাতের ক্যানসার বলে মন্তব্য করা হয়েছে।
‘ইথিকস ইন ব্যাংকিং’ শীর্ষক ২০তম নুরুল মতিন স্মারক বক্তৃতায় পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) ভাইস চেয়ারম্যান সাদিক আহমেদ বলেন, গ্রাহকদের ঢালাও বিভিন্ন নীতি সুবিধা দেওয়ার কারণে খেলাপি ঋণের লাগাম টানা যাচ্ছে না। খেলাপি ঋণের সংজ্ঞায় সাম্প্রতিক সময়ে বিভিন্ন শিথিলতা আনার কারণে ইচ্ছাকৃত খেলাপির সংখ্যা বাড়ছে। খেলাপি ঋণের মতো জাতীয় সমস্যার সমাধানে বারবার সুবিধা দেওয়ার টেকসই কোনো বিকল্প নেই। খেলাপি নামের এ ক্যানসার ব্যাংকিং খাতের জন্য মোটেও ভালো নয়।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ আমাদের সময়কে বলেন, খেলাপি ঋণ কমিয়ে আনার ক্ষেত্রে সরকারের রাজনৈতিক সদিচ্ছার অভাব রয়েছে। এ কারণে খেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে না গিয়ে বারবার সুবিধা ও ছাড় দেওয়া হচ্ছে। এর ফলে ঋণগ্রহীতাদের মধ্যে এ ধারণা জন্মেছে, চাইলেই সুবিধা পাওয়া যায়। আবার খেলাপি ঋণ নিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে যেসব নির্দেশনা দেওয়া হয়, সেগুলোও পরিপালন হয় না। ব্যাংকগুলোরও খেলাপি ঋণ আদায়ে যথেষ্ট তৎপরতার অভাব রয়েছে। খেলাপি ঋণ কমিয়ে আনতে সরকার ও বাংলাদেশ ব্যাংকে শক্ত অবস্থানে যাওয়ার পরামর্শ দেন তিনি।
২০২০ সালের মার্চে দেশে করোনার আঘাত আসার পর ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ে। ফলে ব্যবসায়ীদের স্বল্পসুদে প্রণোদনার ঋণ দিয়ে সহযোগিতার পাশাপাশি ওই বছরজুড়েই ঋণ পরিশোধে বিশেষ সুবিধা দেওয়া হয়। ফলে ওই সময়ে ঋণের কিস্তি পরিশোধ না করেও কেউ খেলাপি হননি। ২০২১ সালে এ বিশেষ সুবিধা বহাল রাখা না হলেও ঋণ পরিশোধে ছাড় অব্যাহত রাখে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে ছিল ২০২১ সালের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বকেয়া কিস্তির ২৫ শতাংশ অর্থ পরিশোধে ওই ঋণ সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি না করা। আর ২০২১ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ১৫ জানুয়ারি মধ্যে বকেয়া কিস্তির ১৫ শতাংশ অর্থ পরিশোধ করা হলে ওই ঋণ ডিসেম্বর ২০২১ পর্যন্ত খেলাপি হবে না মর্মে ছাড় দেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, বিশেষ এ ছাড়ের কারণে বছরের শেষ তিন মাসে ঋণ আদায় অনেক বেড়েছে। আবার এ সময়ে বিপুল অঙ্কের ঋণ পুনঃতফসিলের মাধ্যমে নিয়মিত করা হয়েছে। মূল হিসাবে খেলাপি ঋণ কমিয়ে দেখাতে ঋণ অবলোপনের পথেও হেঁটেছে ব্যাংকগুলো। এসব কারণে খেলাপি ঋণ তুলনামূলক কম বেড়েছে। তা না হলে উল্লেখযোগ্য পরিমাণ খেলাপি ঋণ বাড়ত।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, ২০২১ সালের ডিসেম্বর শেষে ব্যাংকিং খাতের মোট ঋণস্থিতি দাঁড়িয়েছে ১৩ লাখ ১ হাজার ৭৯৭ কোটি ২৬ লাখ টাকা। এর মধ্যে খেলাপিতে পরিণত হয়েছে এক লাখ ৩ হাজার ২৭৩ কোটি ৭৮ লাখ টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৭ দশমিক ৯৩ শতাংশ। ২০২০ সালে খেলাপি ঋণ ছিল ৮৮ হাজার ৭৩৪ কোটি টাকা বা ৭ দশমিক ৬৬%। ফলে গত বছর খেলাপি ঋণ বেড়েছে ১৪ হাজার ৫৩৯ কোটি ৭৮ লাখ টাকা। এদিকে তিন মাস আগে গত বছরের সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ ছিল এক লাখ ১ হাজার ১৫০ কোটি ৩০ লাখ টাকা। ফলে গত তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ২ হাজার ১২৩ কোটি ৪৮ লাখ টাকা।
প্রতিবেদনে দেখা যায়, খেলাপি ঋণের বড় অংশই রয়েছে সরকারি খাতের ব্যাংকগুলোতে। ২০২১ সাল শেষে রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪৪ হাজার ৯৪৬ কোটি টাকা, যা ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের ১৯ দশমিক ২৮%। ২০২০ সালে ছিল ৪২ হাজার ২৭২ কোটি ৯৩ লাখ টাকা বা ২০ দশমিক ৮৯%। ফলে গত এক বছরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপিঋণ বেড়েছে ২ হাজার ৭০৪ কোটি টাকা। এ সময়ে বেসরকারি ৪২ ব্যাংকে খেলাপিঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫১ হাজার ৫২০ কোটি ৮২ লাখ টাকা, যা ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের ৪ দশমিক ৬৬%, ২০২০ সালে যা ছিল ৪০ হাজার ৩৬১ কোটি ৪২ লাখ টাকা।
গত বছর বেসরকারি ব্যাংকগুলোর খেলাপি ঋণ বেড়েছে ১১ হাজার ১৫৯ কোটি টাকা। ২০২১ সাল শেষে বিদেশি আট ব্যাংকে খেলাপি ঋণ ৭৪৭ কোটি টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে দুই হাজার ৭৮৫ কোটি টাকা। তবে গত বছর বিশেষায়িত তিন ব্যাংকে খেলাপি ঋণ সামান্য কমে হয়েছে ৩ হাজার ৯৯০ কোটি ৯৭ লাখ টাকা, যা ২০২০ সালে ছিল ৪ হাজার ৬১ কোটি ৫৯ লাখ টাকা।











