কারচুপির অভিযোগে ঢাকা বার নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান বিএনপির
আদালত প্রতিবেদক : কারচুপির অভিযোগে ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল। আজ রোববার ঢাকা আইনজীবী সমিতি ভবনের চার তলায় আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফল প্রত্যাখানের ঘোষণা দেন প্যানেলটির নেতারা। একই সঙ্গে একজন নিরপেক্ষ প্রধান নির্বাচন কমিশনারের অধীনে পুননির্বাচনের দাবি জানিয়েছেন তারা।
সংবাদ সম্মেলনে নির্বাচন প্রত্যাখ্যান বিষয়ে নীল প্যানেলের সভাপতি প্রার্থী খোরশেদ মিয়া আলম ও সাধারণ সম্পাদক প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম স্বাক্ষরিত বক্তব্য বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা বারের সাবেক সভাপতি মাসুদ আহম্মেদ তালুকদার পাঠ করেন। এ সময় বিএনপির ঢাকা বার নেতা ঢাকার বারের সাবেক সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী, খোরশেদ মিয়া আলম ও সৈয়দ নজরুল ইসলামসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মাসুদ আহম্মেদ তালুকদার বলেন, গত ২৩ ও ২৪ ফেব্রুয়ারি ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির ২০২২-২০২৩ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাদা প্যানেল ও নীল প্যানেল অংশগ্রহণ করেন। নীল প্যানেলে সভাপতি পদে খোরশেদ মিয়া আলম ও সাধারণ সম্পাদক পদে সৈয়দ নজরুল ইসলাম প্রার্থী হন। নীল প্যানেল জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী আইনজীবীদের নিয়ে এবং সাদা প্যানেল আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের নিয়ে গঠিত প্যানেল।
নির্বাচনে ঢাকার মেট্রোপলিটন পাবলিক প্রসিকিউটর এবং আওয়ামী আইনজীবী পরিষদের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আবুকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করা হয়। তার নিয়োগে সকল সাধারণ আইনজীবীর আপত্তি ছিল। তার বিরুদ্ধে গত ঢাকা বারের ২০২১-২২ এর নির্বাচনে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে নির্বাচনের ফলাফল পরিবর্তন করার অভিযোগ ছিল।
তারপরও এ বছর নির্বাচন অনুষ্ঠানের জন্য আব্দুল্লাহ আবুর নানা রূপ বিতর্কিত ভূমিকা প্রমাণিত হওয়ার পরও তাকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করা হয়। তার নিয়োগের বিরুদ্ধে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী আইনজীবীরাসহ সাধারণ আইনজীবীরা তার ২০২১-২২ সালের নির্বাচনে অনিয়ম করার কারণে প্রতিবাদ করেন। সভা-সমাবেশ করে তার পদত্যাগ দাবি করেন।
তিনি অভিযোগ করেন, ‘নির্বাচনের দুদিন নির্বাচন কমিশনের ব্যাচ পরে নির্বাচনী বুথের মধ্যে প্রবেশ করে সাদা প্যানেলের প্রার্থীর পক্ষে বলপূর্বক প্রায় সকল ভোটারের ভোট কেটে দিয়েছে। ভোটাররা প্রতিবাদ করলে তাদেরও নানাভাবে অপমান অপদস্ত করা হয়। প্রধান নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি রহস্যজনক কারণে নিরব ভূমিকা পালন করেন। বহিরাগতরা ভোটার স্লিপ ও ব্যালট বলপূর্বক সংগ্রহ করে। ব্যালট বই ছিনতাই করেন। তাতে সাদা প্যানেলের প্রার্থীদের পক্ষে ভোট দেওয়া হয়।
জাল ভোটের এক মহোৎসব অনুষ্ঠিত হয়। ঢাকা বারে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল্লাহ আবু সম্পূর্ণ ব্যর্থ হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা ইউনিট এবং নীল প্যানেলের পক্ষে ভোটে অংশ গ্রহণকারী প্রার্থীরা সম্পূর্ণ অনাস্থা প্রদর্শন করেছেন। তাই সংগত কারণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিট ও সাধারণ আইনজীবীদের পক্ষে এ প্রহসনের নির্বাচন ও ঘোষিত ফলাফল সম্পূর্ণভাবে প্রত্যাখান করা হলো। এবং একই সঙ্গে একজন নিরপেক্ষ প্রধান নির্বাচন কমিশনারের অধীনে পুন নির্বাচনের দাবী জানানো হলো।
অভিযোগ সম্পর্কে ঢাকার মেট্রোপলিটন পাবলিক প্রসিকিউটর এবং নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আব্দুল্লাহ আবু বলেন, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। নির্বাচন সুষ্ঠু হয়েছে। তাদের পক্ষ থেকে নির্বাচন চলাকালীন এবং গণনা শেষ না হওয়া পর্যন্ত কোন অভিযোগ পাননি। নির্বাচনে তারা হেরে যাওয়ায় এখন তিনদিন পর মনবেদনা থেকে অভিযোগ করেছে।
উল্লেখ্য, ঢাকা আইনজীবী সমিতির ২০২২-২০২৩ কার্যকরী কমিটি গঠনের নির্বাচনের আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেল ২৩টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৭টি পদে জয় পেয়ে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। অন্যদিকে, বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যের নীল প্যানেল দুইটি সম্পাদকীয় পদসহ ৬টি পদে জয়লাভ করেছে।











