রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের ঐতিহ্য তুলে ধরার নামে বিজ্ঞাপন বাণিজ্য

news-image

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগমনী ও বহির্গমন টার্মিনালে দেশের ইতিহাস-ঐতিহ্য-পর্যটন তুলে ধরে তা প্রদর্শনের শর্ত রয়েছে ইজারা চুক্তিতে। এ শর্তে রাজি হয়ে গত ৩১ আগস্ট বিমানবন্দরের ৪৮৬ দশমিক ৫৮৩ বর্গফুট জায়গা দ্বিতীয় বছরের জন্য ইজারা নেয় কে-মার্ক ও গোল্ডহিল অ্যালায়েন্স নামে দুটি প্রতিষ্ঠান।

কিন্তু ইজারার শর্ত উপেক্ষা করে দেশের ইতিহাস-ঐতিহ্য-পর্যটন প্রদর্শনের পরিবর্তে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন সংবলিত ডিসপ্লে বোর্ড, এলইডি স্ক্রিনসহ বিভিন্ন বোর্ড বসিয়ে কোটি-কোটি টাকা হাতিয়ে নিচ্ছে তারা। তবে রহস্যজনক কারণে নীরব ভূমিকা পালন করছে বিষয়টি দেখভালের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান- বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি)।

এর আগে কে-মার্ক কর্তৃপক্ষকে এ বিষয়ে একটি চিঠি দেয় বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান। ওই চিঠিতে- শাহজালাল বিমানবন্দরে আগমনী ও বহির্গমন টার্মিনালের দৃশ্যমান ফাঁকা অথবা মানহীন বিজ্ঞাপন অপসারণ করে দেশের ইতিহাস, ঐতিহ্য, পর্যটন তুলে ধরে তা প্রদর্শনের জন্য বলা হয়। কিন্তু ইজারার চুক্তির পর বছরের পর বছর শর্ত লঙ্ঘন করে এলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

সিএএবি সূত্র জানায়, শাহজালাল বিমানবন্দরে শক্তিশালী একটি চক্র সিন্ডিকেট করে বিলবোর্ড ও ডিসপ্লে বোর্ডের ব্যবসা নিয়ন্ত্রণ করছে। একই ব্যক্তি একাধিক প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে এসব অপকর্ম করছে। তাদের মদদ দিচ্ছে বেবিচকের একটি অসাধু চক্র। ইজারার শর্ত লঙ্ঘনকারীদের কাছ থেকে তারাও অবৈধভাবে কামিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।

এদিকে গোল্ডহিল অ্যালায়েন্স নামে আরও একটি প্রতিষ্ঠান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে রুফটপে যাত্রীসেবা লাউঞ্জে তিন হাজার বর্গফুট জায়গা ইজারা নেয়। আগামী ৩০ জুন পর্যন্ত দেওয়া ইজারায় প্রতিষ্ঠানটির নিজ খরচে ৬ হাজার বর্গফুট জায়গায় লাউঞ্জ নির্মাণের যাবতীয় কাজ করার কথা। এর মধ্যে ৫০ শতাংশ এলাকা লাউঞ্জ ও অন্য যাত্রী সেবামূলক কাজে ব্যবহার ও ৫০ শতাংশ বেবিচক কর্তৃপক্ষ ব্যবহারের শর্ত দেওয়া হয়। পাশাপাশি শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, প্যাসেঞ্জার লিফট বসানোসহ এক ডজনের বেশি শর্ত দেওয়া হয়। তবে নাম প্রকাশ না করার শর্তে বিমানবন্দরের এক ঊর্ধ্বতন কমকর্তা জানান, গোল্ডহিল অ্যালায়েন্সও তাদের দেওয়া শর্ত অনুযায়ী কাজ করেনি। তারা ইচ্ছামতো বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বসিয়ে লাউঞ্জের সৌন্দর্যহানি করেছে, যা অত্যন্ত দুঃখজনক।

বেবিচকের পরিচালক (এটিএম) মিজানুর রহমান জানান, ইজারা-নীতিমালা অনুযায়ী ইজারা দেওয়া হয়েছে। কেউ ইজারার শর্ত লঙ্ঘন করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, কে-মার্কের সিইও তানভীর আহমেদের অফিসের ঠিকানা দেওয়া হয়েছে বনানী ডিওএইচএসের ২১ নম্বর সড়কের বি/১২৯ নিচতলা। আবার গোল্ডহিল অ্যালায়েন্সের ঠিকানাও একই। প্রকৃতপক্ষে দুটি প্রতিষ্ঠানেরই মালিক তানভীর আহমেদ। তিনি বেবিচকের অসাধু কিছু কর্মকর্তার যোগসাজশে ইজারা নীতিমালা লঙ্ঘন করে খামখেয়ালিভাবে কাজ করছেন।

অভিযোগ ভিত্তিহীন দাবি করে কে-মার্কের সিইও তানভীর আহমেদ জানান, নিয়ম অনুযায়ী সিএএবির কাছ থেকে ইজারা নিয়ে ভ্যাট-ট্যাক্স দিয়ে ব্যবসা করছি। বিমানবন্দরে ইতিহাস ঐতিহ্য ও পর্যটনের বিজ্ঞাপন কিছু রাখা হয়েছে বলেও জানান তিনি।