রাজধানীতে বদলেছে অপরাধের ধরন, বেড়েছে ধর্ষণ
মো.ফরহাদ উজজামান
রাজধানীতে ধরন পাল্টে বিপজ্জনক মাত্রায় বেড়ে চলেছে অপরাধ। সড়কে বা রিকশায়, বাসে কিংবা ব্যক্তিগত গাড়িতে চলাচলের সময়, সকাল-দুপুর এমনকি সন্ধ্যায় জনাকীর্ণ কিংবা ফাঁকা রাস্তায় মানুষ ছিনতাইকারীদের কবলে পড়ছে। পিছিয়ে নেই অজ্ঞান পার্টি, মলম পার্টি, চোর-ডাকাতরাও। খুনোখুনির মতো অপরাধ এখন কিছুটা কম; কিন্তু আশঙ্কাজনভাবে বাড়ছে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধ।
এমনকি বাড়ছে মাদককেন্দ্রিক নানা সামাজিক অপরাধ। কিছুদিন এসব অপরাধী চক্রের তৎপরতা কম লক্ষ্য করা গেলেও এখন প্রায় প্রতিদিনই রাজধানীর কোথাও না কোথাও ছিনতাইসহ নানা অপরাধমূলক ঘটনা ঘটাচ্ছে তারা। এ কারণে নগরবাসীর মনেও দেখা দিয়েছে উদ্বেগ-আতঙ্ক। দিন থেকে রাত, আবার রাত থেকে ভোর পর্যন্ত নগরীতে বেপরোয়া ও ভয়ঙ্কর হয়ে উঠেছে এসব অপরাধী।
ঢাকার বছরভিত্তিক অপরাধের ধরন বিশ্নেষণে দেখা যায়, ২০২১ সালে প্রতিদিন গড়ে ঢাকায় ১৮টি মামলা হয়েছে। সারা বছরে ধর্ষণের মামলা হয়েছে ৫৫৬টি। ২০২০ সালে এই সংখ্যা ছিল ৫৬৯টি। ২০১৯ সালে ৫৭৮টি, ২০১৮ সালে ৩৭৮টি, ২০১৭ সালে ৩৭৫টি, ২০১৬ সালে ৩২৫টি, ২০১৫ সালে ৩১৬ ও ২০১৪ সালে ২৭৮টি ধর্ষণের মামলা হয়েছে। ২০১৮ সালের পর থেকে ঢাকায় ধর্ষণের ঘটনা বাড়তে থাকে। ২০১৭ সালের সঙ্গে তুলনা করলে দেখা যায়, এক বছরের ব্যবধানে ২০১৯ সালে ঢাকায় এক লাফে ধর্ষণের ঘটনায় মামলা ২০০ বেড়ে যায়। ঢাকায় শিশু নির্যাতনেও দেখা যাচ্ছে একই চিত্র। ২০১৪ সালে শিশু নির্যাতনের ঘটনায় মামলা হয় ১৭৩টি, ২০১৫ সালে ১৮৭টি, ২০১৬ সালে ১৮০টি, ২০১৭ সালে ২৬৮টি, ২০১৮ সালে ২৮৮টি, ২০১৯ সালে ৩৮৮টি, ২০২০ সালে ৪২৬ ও ২০২১ সালে হয় ৩৮৩টি।
গত বছরের ২৪ ডিসেম্বর রাজধানীর উত্তরা পূর্ব থানার ৬ নম্বর সেক্টরে প্রেমিককে বেঁধে রেখে এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। পুলিশ জানায়, জহিরুল ইসলাম নামের এক নির্মাণ শ্রমিকের সঙ্গে মুঠোফোনে ব্রাহ্মণবাড়িয়ার এক তরুণীর (২৬) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২৪ ডিসেম্বর ওই তরুণী উত্তরা পূর্ব থানার ৬ নম্বর সেক্টরে আসেন। ওই দিন রাতে জহিরুল তরুণীর সঙ্গে একটি নির্মাণাধীন ভবনের সামনে কথা বলার সময় জহিরুলের পূর্বপরিচিত পাঁচজন তাদের জোর করে নির্মাণাধীন ভবনে নিয়ে জহিরুলকে বেধে রাখে এবং তরুণীকে ধর্ষণ করে।
একই বছরের ৩০ নভেম্বর রাজধানীর ডেমরায় শাপলা ফুল ও চকলেটের প্রলোভন দেখিয়ে ৫ বছরের এক শিশুকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর মা অভিযুক্ত রিফাতের (১৯) বিরুদ্ধে ডেমরা থানায় মামলা করেন।
সর্বশেষ পুরান ঢাকার লালবাগ এলাকা থেকে তুলে নিয়ে চার দিন আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। কয়েক জন যুবক তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। গত বুধবার সন্ধ্যায় ওই ছাত্রীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের সামনে থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে তার চিকিৎসা চলছে।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, সামাজিক অপরাধ, নারী ও শিশুর ওপর নির্যাতন বন্ধ করার একক দায়িত্ব পুলিশের নয়। মানবিক মূল্যবোধ তৈরি করার পেছনে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের বড় ভূমিকা রয়েছে। তবে এটাও ঠিক, যারা পারিবারিক নির্যাতনের মতো অপকর্মে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া জরুরি।
রাজধানীতে চুরি-ছিনতাই ঘটনা বেড়েছে। যাত্রীবাহী পরিবহনে ছিনতাই ও ডাকাতির ঘটনাও ঘটছে। এতে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর জের ধরে ঢাকার প্রতিটি থানায় টহল ও চেকপোস্ট বাড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে।
সম্প্রতি পুলিশের এক মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠানে ডিএমপির ৫০ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং আটটি অপরাধ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই নির্দেশনা দেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।
গত ১৮জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর মিরপুরের লালকুঠির মাজার রোড এলাকায় মো. বিজয় নামের এক কিশোরকে কুপিয়ে দুই লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়।
আহত বিজয়ের বাবা জানান, তিনি লালকুঠি বাজারে মাছের ব্যবসা করেন। ছেলে বিজয় স্থানীয় একটি স্কুলে দশম শ্রেণিতে পড়ে এবং তার ব্যবসার কাজে সাহায্য করে। সন্ধ্যার দিকে দোকান থেকে দুই লাখ টাকা নিয়ে সে লালকুঠির আনন্দনগরে বিজয়ের খালু মো. ইসলামের দোকানে যাচ্ছিল। দোকানের কাছাকাছি গেলে ওই এলাকার আট থেকে দশজন যুবক টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। বিজয় বাধা দিলে চাপাতি দিয়ে কুপিয়ে তাকে জখম করে।
গত ৬ ফেব্রুয়ারি রাজধানীর সি আর দত্ত রোডে সুন্দরবন হোটেলের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে জনি দাস (২২) নামে এক দোকান কর্মচারী আহত হন।
এছাড়া গত ১১ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় এক রিকশা যাত্রীর ল্যাপটপ ছিনতাই করে মোটরসাইকেলযোগে পালানোর সময় দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, দুইটি চাকু, মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়।
গত ২০ জানুয়ারি রাতে আব্দুল্লাহপুর থেকে ঢাকা-রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জগামী একটি বাসে উঠলে ডাকাত দলের খপ্পরে পড়েন শফিকুল ইসলাম নামের এক চিকিৎসক ও তার বন্ধু। তাদের চোখ বেঁধে রাতভর বেধড়ক পেটায় ডাকাত দলের সদস্যরা।
শফিকুল ইসলাম বলেন, মহাসড়কে চলাচলকারী একটা বাস ১২ ঘণ্টা ধরে ঢাকা শহরে সারা রাত ঘুরে ডাকাতি করে, কিন্তু ঢাকা সিটির কোনো চেকপোস্ট সেটি থামায় না, বিষয়টা খুবই ভাবনার। বাসে ওঠার পর নির্জন একটা জায়গায় গিয়ে তাদের ওপর ৭-৮ জন ঝাঁপিয়ে পড়ে। একজন গলায়, আরেকজন পেটে ছুরি ধরে তাদের। তার বন্ধুকে বাসের পেছনের দিকে নিয়ে যায়। অকথ্য ভাষায় গালিগালাজ, চড়থাপ্পড় চলে। একজন বললেন, এই বাসের সব ডাকাত। সবকিছু কেড়ে নিয়ে ডাকাত দলের সদস্যরা তাদের চোখ-হাত-পা বেঁধে ফেলে। সবকিছু দিয়ে দেয়ার পরও ডাকাত দলের অত্যাচার শেষ হয় না।
ডিএমপির তথ্য বলছে, ২০২১ সালে রাজধানীতে চুরির ঘটনা ঘটেছে এক হাজার ২৬টি, ২০২০ সালে ৮৭৪টি, ২০১৯ সালে এক হাজার ৮৭টি, ২০১৮ সালে ৮৬৯টি, ২০১৭ সালে ৭৮৯টি, ২০১৬ সালে ৯৫৬টি, ২০১৫ সালে ৯৬৮টি ও ২০১৪ সালে ৮৮২টি। আর ২০২১ সালে ছিনতাইয়ের ঘটনায় মামলা হয় ১৪৫টি, ২০২০ সালে ১৭৬টি, ২০১৯ সালে ১৫৫টি, ২০১৮ সালে ২১৬টি, ২০১৭ সালে ২১৮টি, ২০১৭ সালে ১০৩টি, ২০১৬ সালে ১৩২টি, ২০১৫ সালে ২০৫টি ও ২০১৪ সালে ২৬৫টি।
এবিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার বাংলাদেশ জার্নালকে বলেন, করোনার সময় কিছুটা চুরি, ছিনতাই বেড়েছিলো। তবে আমাদের তৎপরতায় এখন অনেকটাই কমে গেছে। থানায় মামলা হবার সঙ্গে সঙ্গে আমরা অভিযান চালিয়ে গ্রেপ্তার করি।
ছিনতাই যতো হয় মামলা সে হারে হয় না এমন প্রশ্নে হাফিজ আক্তার বলেন, ডিএমপি কমিশনার প্রতিটি থানায় নির্দেশ দিয়েছেন মামলা নিতে এবং ভুক্তভোগীদের সবভাবে সাহায্য করতে। তিনি আরও বলেন, অনেক ভুক্তভোগী মামলা করতে চান না। আমরা তাদের আশ্বাস দিয়ে মামলা করাচ্ছি। থানায় মামলা নিতে হয়রানি করলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও জানানোর সুযোগ রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, এক সময় ঢাকার একেকটি এলাকায় একেকটি সন্ত্রাসী গ্রুপের আধিপত্য দেখা যেত। সুব্রত বাইন, ডাকাত শহীদ, শাহাদত, কিলার আব্বাস, জিসান, শাহিন শিকদার- প্রত্যেকেই হয়ে উঠেছিল নিজ নিজ এলাকার ত্রাস। ২০০১ সালে ২৩ জন শীর্ষ সন্ত্রাসীর নাম ঘোষণা করা হয়েছিল। এরপর তাদের গ্রেপ্তারে শুরু হয় অভিযান। এ রকম অভিযানে ডাকাত শহীদসহ দুজন মারা গেছেন। ১৩ জন ভারত, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে পলাতক। অন্যরা কারাগারে বন্দি। এক কথায়, এলাকাভিত্তিক সন্ত্রাসীদের রমরমা দাপটের দৃশ্য বদল হয়েছে।
বিপরীতে এখন রাজধানীর বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যদের দাপট লক্ষ্য করা যাচ্ছে। তবে আগ্নেয়াস্ত্রের ব্যবহার কম হওয়ায় খুনোখুনির ঘটনা কমেছে। ২০১৪ সালে ঢাকায় ২৬২টি খুনের ঘটনা ঘটে। কিন্তু ২০২১ সালে খুনের ঘটনা ১৬৬টি। সাত বছরের ব্যবধানে খুনের ঘটনা কমেছে ৯৬টি। ২০১৫ সালে রাজধানীতে হত্যার শিকার হন ২২৬ জন, ২০১৬ সালে ১৬৫, ২০১৭ সালে ২১৮, ২০১৮ সালে ২১৬, ২০১৯ সালে ২০৮ ও ২০২০ সালে ২১৯ জন।
রাজধানীর হানিফ ফ্লাইওভারের ওপর দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র ট্রাক ও পিকআপ থামিয়ে চাঁদাবাজি করে আসছিল। চাঁদাবাজির অভিযোগে সেই চক্রের ১০ সদস্যকে গত ১৬ জানুয়ারি গ্রেপ্তার করে র্যাব। র্যাব জানায়, যাত্রাবাড়ী থানার হানিফ ফ্লাইওভারের ওপর একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের কয়েকজন সদস্য দীর্ঘদিন ধরে ট্রাক, পিকআপ, ড্রাইভার ও বিভিন্ন গাড়ির ড্রাইভারদের কাছ থেকে অবৈধ টোল আদায়ের রসিদ ব্যবহার করে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছে। চাঁদা দিতে রাজি না হলে চালকদের জীবননাশের হুমকিধমকি দিতে ও তাদের অত্যাচারে সাধারণ গাড়ির চালকদের জীবন অতিষ্ঠ করতো।
সম্প্রতি মোহাম্মদপুর ও তার আশেপাশের এলাকা সন্ত্রাসী, চাঁদাবাজি, ছিনতাই, মাদক কেনাবেচা, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে করতো ‘লও ঠেলা’ নামে একটি কিশোর দল গ্রুপের মূলহোতা দশের বাবুসহ তার ৯ সহযোগীকে রাজাধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব-২। এরা মোহাম্মদপুর ও তার আশেপাশের এলাকা সন্ত্রাসী, চাঁদাবাজি, ছিনতাই, মাদক কেনাবেচা, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধ করতো।
কিশোর গ্যাংয়ের বিষয়ে জানতে চাইলে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বাংলাদেশ জার্নালকে বলেন, কিশোর গ্যাং প্রতিরোধে র্যাব সবসময় কাজ করছে। বিভিন্ন সময় মামলার ভিত্তিতে কিশোর গ্যাংয়ের অনেকগুলো গ্রুপকে গ্রেপ্তার করেছে। মামলা ছাড়াও র্যাবের টহলদল কিশোর গ্যাংয়ের অপরাধ সংঘঠিত করার সময় তাদের আইনের আওতায় আনা হয়েছে।
তিনি আরও বলেন, র্যাব এসব কিশোর অপরাধীদের গ্রেপ্তারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভুমিকা পালন করার পাশাপাশি বিভিন্ন ধরনের সচেতনতামলূক কার্যক্রমের অংশ হিসেবে টিভিসি ও প্রচার করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জিয়া রহমান বলেন, রাষ্ট্রের আর্থসামাজিক অবস্থার সঙ্গে অপরাধ প্রবণতার ধরনের যোগসূত্র আছে। সমাজ বদলের একেকটি ধাপে একেকটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। আকাশ সংস্কৃতি ও পর্নোগ্রাফি হাতের নাগালে থাকায় এর এক নেতিবাচক প্রভাব পড়ছে।











