রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আদালতে আসামির হাজিরা দেওয়াই যেন শাস্তি!

news-image

অনলাইন ডেস্ক : ঝিনাইদহ জেলার মহেশপুর থানার হামিদপুর গ্রামের মো. ফজলুর রহমানের ছেলে মো. মেহেদী হাসান (৩৬) বিবিএ সম্পন্ন করে বিসিএসের প্রস্তুতি এবং চাকরির খোঁজে ঢাকায় আসেন। থাকতেন রাজধানীর মোহাম্মাদপুরে। ২০১৩ সালের ৬ এপ্রিল মেহেদী পুলিশের হাতে গ্রেপ্তার হন। তখন তার বয়স ২৭ বছর।

পরে ৭ এপিল মোহাম্মাদপুর থানার ৫৬(২)২০১৩ এবং ৫৭(২)২০১৩ নম্বর মামলায় সন্দেহজনক আসামি হিসেবে চারজনকে গ্রেপ্তার দেখানো হয়। পর দিন সাতদিন করে ১৪ দিনের পুলিশ রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। রিমান্ড আবেদনের ফরোয়াডিংয়ে মেহেদী হাসানসহ চার আসামিকে বিরোধী শিবিরের সক্রিয় সদস্য উল্লেখ করা হয়।

২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টায় জামায়াতে ইসলামীর ডাকা হরতালে মিছিলসহ মোহাম্মাদপুর থানাধীন ইকবাল রোডের কেয়ার হসপিটালের সামনে রাস্তার যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটনায় জড়িত বলা হয়। উভয় মামলায় আদালত একদিন করে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে একই বছর ৯ এপ্রিল তাকেসহ চার আসামিকে কারাগারে পাঠানো হয়। মামলাটিতে মেহেদী হাসান এক মাস কারাভোগের পর জামিন লাভ করেন। মামলা দুটি তদন্তের ৫ মাসের মাথায় ২০১৩ সালের ২২ জুলাই আদালতে ৩২ জনের বিরুদ্ধে দণ্ডবিধি এবং বিস্ফোরক আইনের দুটি ধারায় চার্জশিট দাখিল করেন মোহাম্মাদপুর থানার এসআই মাহবুবুর রহমান। এর মধ্যে এজাহারনামীয় আসামি মাত্র চারজন। মেহেদী হাসানসহ অপর আসামিরা সন্দেহজনক। এ দুই মামলার মধ্যে একটি মামলায় ঢাকার প্রথম অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ২০১৭ সালের ৫ নভেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করেন। এর পর গত ৫ বছর একজন সাক্ষীরও সাক্ষ্য হয়নি। অপর মামলায় ঢাকা মহানগর ১০ নম্বর বিশেষ ট্রাইব্যুনাল গত বছর ২৯ মার্চ চার্জগঠন করেছেন।

মোহাম্মাদপুর থানার মামলায় কারাগারে থাকাবস্থায় শেরেবাংলা নগর থানার ২৬(২)২০১৩ এবং ২৭(২)২০১৩ নম্বর মামলায় মেহেদী হাসানসহ চার আসামিকে সন্দেহজনক আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড নেওয়া হয়। এ দুই মামলায় শেরেবাংলা নগর থানাধীন চন্দ্রিমা উদ্যানের উড়োজাহাজের ক্রসিংয়ের সামনে এহাজারনামীয় ৪৯ জনসহ আরও ৫০-৬০ জন রাস্তার যানবহন ভাঙচুর এবং বাসে পেট্রল ঢেলে আগুনের অভিযোগ করা হয়।

মামলাটি তদন্তের পর ২০১৪ সালের ২৫ এপ্রিল শেরেবাংলা নগর থানাপুলিশের এসআই রাজু আহমেদ উভয় মামলায় মেহেদী হাসানসহ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। এ দুই মামলার মধ্যে একটি মামলায় ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ২০১৬ সালের ৬ এপ্রিল আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করেন। এর পর গত ছয় বছর একজন সাক্ষীরও সাক্ষ্য হয়নি। অপর মামলায় ঢাকা মহানগর ১২ নম্বর বিশেষ ট্রাইব্যুনাল ২০১৬ সালের ২৫ জুলাই চার্জগঠন করলেও গত ছয় বছরে একজন সাক্ষীও হাজির হয়নি।

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার নাগাইশ গ্রামের মো. আব্দুল হকের ছেলে মো. আদনান বিন হক বাঁধন (২৭)। ২০১৩ সালের ১০ মার্চ তাকে সন্দেহজনক আসামি হিসেবে বাড্ডা থেকে গ্রেপ্তার করা হয়। পর দিন বাড্ডা থানার ৫(১২)২০১২ নম্বর মামলায় তাকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

২০১২ সালের ৪ ডিসেম্বর দায়ের হওয়া ওই মামলায় অভিযোগ, ওই বছর ৪ ডিসেম্বর দুপুর পৌনে ২টার দিকে প্রগতি সরণি রোডের উত্তর বাড্ডা রাজভোগ মিষ্টির দোকানের সামনে জামায়াতে ইসলামীর ডাকা হরতালের সমর্থনে লাঠিসোটা নিয়ে রাষ্ট্র ও সরকারবিরোধী মিছিল স্লোগান নিয়ে ২০-৩০ জন অজ্ঞাতনামা আসামি রাস্তার যানবাহন ভাঙচুর ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে।

মামলাটি তদন্তের পর ২০১৩ সালের ৩১ আগস্ট বাড্ডা থানাপুলিশের এসআই হুমায়ুন কবির মামলায় আদনানসহ ১২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। মামলায় ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ২০১৫ সালের ১ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করেন। এর পর গত সাত বছরে একজন সাক্ষীরও সাক্ষ্য হয়নি।

অন্যদিকে গুলশান থানার ৫(০১)২০১৩ নম্বর মামলায় ২০১৩ সালের ১৩ মার্চ গ্রেপ্তার দেখানোর আবেদনসহ সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায়। ২০১৩ সালের ৫ জানুয়ারি দায়ের হওয়া ওই মামলায় অভিযোগ, ওই বছর ৫ জানুয়ারি রাত সোয়া ১১টার দিকে গুলশান থানাধীন গুলশান অ্যাভিনিউয়ের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের পাশে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর বাসার সামনে গ্রেপ্তারকৃত এহাজারনামীয় ১৯ জনসহ বিএনপির ২২ নেতাকর্মী হরতালের সমর্থনে একটি বাসে আগুন দেয়। মামলাটি তদন্তের পর ২০১৪ সালের ৩০ এপ্রিল গুলশান থানাপুলিশের এসআই মিজানুর রহমান মামলায় আদনানসহ আটজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। ৫৮ জনকে অব্যাহতি প্রদান করেন। মামলায় ঢাকার তৃতীয় অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করেন। এর পর গত ছয় বছর একজন সাক্ষীরও সাক্ষ্য হয়নি।

উভয় মামলায় আদালত আসামি আদনানের একদিন করে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। মামলা দুটিতে আদনান এক মাস কারাভোগের পর জামিন লাভ করেন।

উল্লিখিত মামলায় মেহেদী হাসান এবং আদনান বিন হক বাঁধন সন্দেহজনক হিসাবে গ্রেপ্তার হয়। তাদের রিমান্ড আবেদনে কোনো ডকুমেন্ট ছাড়াই শিবিরকর্মী হিসেবে উল্লেখ করা হয়। মামলার চার্জশিটের অপর আসামিদেরও অধিকাংশ আসামিই সন্দেহজনক। মামলায় বিনাবিচারে তারা গত ৯ বছর আদালতে হাজিরা দিয়ে যাচ্ছেন। তাদের মতো এ রকম হাজারও মামলায় সন্দেহজনক আসামি হিসেবে গ্রেপ্তার হয়ে হাজার হাজার আসামি বিনাবিচারে হাজিরা দিয়ে যাচ্ছেন। বছরের পর বছর কোনো সাক্ষ্য না হলেও রাজনৈতিক মামলা হওয়ায় আদালত মামলাগুলোর বিচার স্থগিত করেন না। সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক মামলায় বিচার কখনো শেষ হয় না। আদালতে হাজিরাই যেন আসামিদের শাস্তি। সরকার পরিবর্তন হলে একসময় মামলা প্রত্যাহার হয়ে যাবে।

মামলায় গ্রেপ্তার হওয়া সম্পর্কে মেহেদী হাসান বলেন, ‘বিবিএ শেষ করে ঢাকায় বিসিএসের প্রস্তুতি এবং চাকরির খোঁজে ছিলাম। ঘটনার দিন সকালে নামাজ পড়ে মোহাম্মাদপুরস্থ জামিয়া রহমানি মাদ্রাসার সামনে পিঠা খাওয়ার সময় পুলিশ আমাকে বলে স্যার কথা বলবেন বলে গাড়িতে তুলে নিয়ে যায়। এর পর যে মেসে থাকতাম সেখানেও তল্লাশি করে। কিছু না পাওয়ার পরও মামলায় আদালতে পাঠায়। সে মামলায় ৯ বছর ধরে বিনাবিচারে আদালতে হাজিরা দিচ্ছি।’

অন্যদিকে আদনান বিন হক বাঁধন বলেন, ‘আমি তখন তিতুমীর কজেলের অনার্স প্রথম বর্ষের ছাত্র। বাড্ডায় আত্মীয়ের বাসায় থাকতাম। ঘটনার দিন সকালে বাসার সামনে থেকে ধরে নিয়ে যায়। মামলার ঘটনা সম্পর্কে কিছু না জানার পরও মামলায় আদালতে পাঠায়। একটি সাক্ষীও হয়নি। ৯ বছর ধরে আদালতে যাচ্ছি।

এদিকে বিচার পর্যবেক্ষণ করে দেখা গেছে, রাজনৈতিক মামলা বিগত সময়ে এত বছর জীবিত থাকতে দেখা যায়নি। কারণ ১৯৯১ সালে পর থেকে ২০০৬ সাল পর্যন্তে কোনো রাজনৈতিক দলই একটানা দুই ও তিন মেয়াদে ক্ষমতায় ছিল না। ফলে সরকার পরিবর্তন হওয়ার পরই বিগত সরকারের সময়ে তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া সব রাজনৈতিক মামলা রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার হলেও অন্যদের মামলা থেকে গেছে। কিন্তু বর্তমান আওয়ামী লীগ সরকারই একটানা তিন মেয়াদে ক্ষমতায় থাকায় মামলাগুলো থেকে গেছে।

একটি পরিসংখ্যানে দেখা গেছে, ২০০৯-১৩ মেয়াদের আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের আমলে ‘রাজনৈতিক হয়রানিমূলক’ বিবেচনায় ৭ হাজার ১৯৮ মামলা সম্পূর্ণ বা আংশিক প্রত্যাহারের সুপারিশ করা হয়েছিল। এর উল্লেখযোগ্য একটি অংশ ছিল হত্যা মামলা। ইতোমধ্যে এসব মামলার বেশিরভাগই সুপারিশ মেনে আদালত থেকে প্রত্যাহার করা হয়েছে। ওই সময় আলোচিত কিছু মামলাও রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করা হয়। এর পরবর্তী মেয়াদে রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় ৩৪ হত্যা মামলাসহ ২০৬ আলোচিত মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়।

এর আগে ২০০১-০৬ মেয়াদের বিএনপি-জামায়াত জোট সরকারও হরতাল-অবরোধে নাশকতায় ৫ হাজার ৮৮৮ মামলা সম্পূর্ণ প্রত্যাহার এবং ৯৪৫ মামলা থেকে কিছু আসামিকে অব্যাহতি দেয়। ওই সব মামলা প্রত্যাহারে মোট ৭৩ হাজার ৫৪১ আসামি বিচার এড়াতে সক্ষম হয়।

এদিকে হরতাল-অবরোধে নাশকতার ঘটনায় রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়, মামলায় চার্জশিটও হয়। তবে বিচার হয় না। বিগত ১৯৯১ ও ২০০১ সালের বিএনপি সরকার এবং ১৯৯৬ সালের আওয়ামী লীগ সরকারের সময় নাশকতার অভিযোগে হাজার হাজার মামলা হলেও মামলাগুলোর বিচার হয়নি।

এ সম্পর্কে আসামি বাঁধনের আইনজীবী অ্যাডভোকেট প্রিললাল সাহা বলেন, তার ক্লায়েন্ট সন্দেহজনক আসামি। নির্দোষ হয়েও ৯ বছর ধরে বিনাবিচারের আদালতে হাজিরা দিচ্ছেন। মামলাগুলোয় হয় দ্রুত সাক্ষী নেওয়া হোক, না হয় বিচার স্থগিত করে আসামিদের খালাস দেওয়া হোক।

অন্যদিকে এ সম্পর্কে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু বলেন, সন্দেহজনক হয়ে সে নির্দোষ তা বলা যাবে না। পুলিশ সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে চার্জশিটে দিয়েছেন। আদালত দ্রুততার সঙ্গে চার্জও গঠন করেছে। আর সাক্ষী আনার দায়িত্ব পুলিশের। পুলিশ সে কাজটি করছে না বলে সাক্ষ্য হয় না।