রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাইরাল গানে দীঘির নাচ (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : দক্ষিণ ভারতীয় সিনেমা কাঁপাচ্ছে ‘পুষ্পা: দ্য রাইজ-পার্ট ওয়ান’। যার উন্মাদনা ছড়িয়ে পড়েছে প্রতিবেশী দেশগুলোতেও। সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত এই সিনেমার ডায়লগ, আল্লুর সিগনেচার স্টাইল- এমনকি সিনেমার প্রতিটি গান এখন সামাজিক মাধ্যমের রসদ। অনেকেই ‘পুষ্পা’র গানের সঙ্গে নেচে ভাইরাল হচ্ছেন।

এবার সেই স্রোতে গা ভাসালেন বাংলাদেশের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘিও। ‘পুষ্পা’র সিনেমার ‘স্বামী’ গানের সঙ্গে রাশমিকার স্টাইলে নেচে ভাইরাল হয়েছেন তিনি।

ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, ব্রাইডাল সাজে কোনো ফটোশুটের ফাঁকে ‘স্বামী’ গানে রাশমিকার ঢংয়ে নাচছেন দীঘি। সঙ্গে রয়েছেন কোরিওগ্রাফার তানজিল জনি। ১৫ সেকেন্ডের সেই ভিডিওটি জনি তার ফেসবুক পেজে প্রকাশ করলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। এবং লাখ লাখ ভিউও পাচ্ছে এটি।

সিনেমায় নায়িকা হয়ে অভিনয় শুরু করার আগে থেকেই দীঘি নানা গানের সঙ্গে টিকটক করে জনপ্রিয়তা পেয়েছে। সেসব গান শুধু মাত্র ভালো লাগা থেকেই করেন বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন এই তারকা।

উল্লেখ্য, ওপার বাংলায় ১৭ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পায় ‘পুষ্পা: দ্য রাইজ’। করোনা আবহে এরই মধ্যে বক্স অফিস থেকে ৪০০ কোটি রুপি আয় করে নিয়েছে এটি। গুঞ্জন রয়েছে, সিনেমাটির সাফল্যের পর নায়িকা রাশমিকা তার পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন প্রায় ৫০ শতাংশ।