রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শামির পাশে দাঁড়ানোয়, কোহলির মেয়েকে ধর্ষণের হুমকি

news-image

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে হারের পর সমালোচিত হয়েছিলেন ভারতীয় পেসার মোহম্মদ শামি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে শামির পাশে দাঁড়িয়ে সমালোচকদের কড়া বার্তা দিয়েছিলেন অধিনায়ক বিরাট কোহলি। এই ‘অপরাধে’ তার ১০ মাসের মেয়েকে দেয়া হয় ধর্ষণের হুমকি। অনেকে ভেবেছিলেন, ওই কাজ পাকিস্তানের কোনো ব্যক্তির করা। তবে সোমবার জানা গেছে, অত্যন্ত নিন্দনীয় এই কাজের পেছনে রয়েছে এক দক্ষিণপন্থী ভারতীয় টুইটার ব্যবহারকারী। খবর আনন্দবাজারের

গত শনিবার সংবাদ সম্মেলনে শামির সমালোচকদের দ্ব্যর্থহীন ভাষায় আক্রমণ করেছিলেন কোহলি। বলেছিলেন, ধর্ম নিয়ে কাউকে এ রকম আক্রমণ করা মানবিকতার সব থেকে নিচু স্তর। সাফ জানিয়েছিলেন, এ ধরনের জিনিস কোনো দিন বরদাস্ত করা হবে না।

এর পরই গত ৩০ অক্টোবর রাত ১১টা ৫৫ মিনিটে আমেনা নামে এক টুইট ব্যবহারকারী কোহলির মেয়ে ভামিকাকে ধর্ষণের হুমকি দিয়ে একটি টুইট করে। কোহলি সমর্থকরা সাথে সাথে একযোগে ওই টুইটের তীব্র বিরোধিতা করতে থাকেন। অনেকে বলতে থাকেন, এই টুইট পাকিস্তানের কোনো ব্যক্তির করা। কারণ ওই অ্যাকাউন্টে পাকিস্তানের জার্সি পরা এক নারী ক্রিকেটারের ছবি দেয়া রয়েছে।

কিন্তু সোমবার ‘বুম’ নামে একটি ওয়েবসাইটের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পাকিস্তানের কেউ নয়, শত্রু রয়েছে ভারতেই! তেলুগুভাষী দক্ষিণপন্থী কোনো ব্যক্তির করা এই টুইট, যে আগে অন্য একটি নাম ব্যবহার করে টুইট করত। কিছুক্ষণ পরই অবশ্য টুইটটি মুছে দেয়া হয়।

ওই ব্যবহারকারীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়েছে কি না, তা নিয়ে টুইটারের পক্ষ থেকে কোনো উত্তর মেলেনি। তবে মনে করা হচ্ছে, ওই ব্যক্তি তেলেঙ্গানা বা হায়দরাবাদের বাসিন্দা। ওই টুইটার প্রোফাইল থেকে তেলুগু ভাষায় একাধিক টুইট রয়েছে। শুধু তাই নয়, দক্ষিণপন্থী একাধিক পোস্ট রিটুইট করা হয়েছে ওই অ্যাকাউন্ট থেকে, যেখানে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।