রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধভাবে দখলকৃত ১০০ একর বনভূমি উদ্ধার

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার উত্তর বনবিভাগের ফাসিয়াখালী রেঞ্জের আওতাধীন উদিতার বিল এলাকায় ঝুপড়ি বসতি তুলে দখলের চেষ্টা করা প্রায় ১০০ একর বনভূমি উদ্ধার করেছে কক্সবাজার উত্তর বনবিভাগ। এসময় প্রায় ১৯০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

গতকাল মঙ্গলবার দিনব্যাপী এ অভিযান চালানো হয়। কক্সবাজার উত্তর বনবিভাগের সদর রেঞ্জের কর্মকর্তা ও স্পেশাল টিমের ইনচার্জ একেএম আতা এলাহী এ তথ্য জানান।

বন বিভাগের এই কর্মকর্তা জানান, বেশ কয়েকদিন ধরে স্থানীয় কিছু বনদস্যু ফাঁসিয়াখালী উদিতার বিল এলাকায় বনভূমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করছিল। এ খবর পেয়ে চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত উজ জামান এর নেতৃত্বে মঙ্গলবার সকাল থেকে কক্সবাজার উত্তর বনবিভাগ উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এসময় প্রায় ১৯০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে আনুমানিক ১০০ একর বনভূমি উদ্ধার করা হয়।

অভিযানে সহকারী বন সংরক্ষক ও ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা দীপন চন্দ্র দাস, ফাঁসিয়াখালী রেঞ্জ আশিকুর রহমান ও বিভিন্ন বিট অফিসের ভিলেজারসহ একটি বিশেষ টিম উপস্থিত ছিলেন।

কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন সরকার বলেন, বনভূমি ধ্বংস করার মানসে ভূমিদস্যুরা দিন দিন বনভূমিতে অবৈধ স্থাপনা তৈরি করছে। তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ রক্ষায় বনকে ধ্বংস করা যাবে না।