রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানদের দেশ ছেড়ে পালানো ভিত্তিহীন: তালেবান

news-image

নিউজ ডেস্ক : তালেবানের মুখপাত্র আবদুল কাহার বালখিছবি: টুইটার থেকে নেওয়া
এক সপ্তাহ আগে কাবুল দখলের পর প্রথমবারের মতো তালেবানের সাংস্কৃতিক কমিশনের মুখপাত্র আবদুল কাহার বালখি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি তালেবান সরকারের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন।

গত মঙ্গলবার বালখি তালেবানের প্রথম সংবাদ সম্মেলনে জনসমক্ষে আসেন। ওই দিন তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের বক্তব্য ভাষান্তর করেছিলেন তিনি। এখন পর্যন্ত তাঁকে কোনো পদ না দেওয়া হলেও ধারণা করা হচ্ছে, তালেবানের নতুন সরকারে গুরুত্বপূর্ণ পদ পেতে যাচ্ছেন তিনি।

আবদুল কাহার বালখি বলেন, তাঁরা সামনে এগিয়ে যেতে চান। দেশীয় ও আন্তর্জাতিক সহযোগীরা এ ক্ষেত্রে সাহায্য করবে বলে আশা করেন তিনি। পাঠকদের জন্য তাঁর সাক্ষাৎকারটি নিচে তুলা ধরা হলো—

সরকার গঠন
আবদুল কাহার বালখি: এখনো পরামর্শ চলছে, সব পক্ষের অংশগ্রহণে একটি সরকার গঠন করা হবে, এটা নিশ্চিত। দেশের রাজধানী কাবুল না কান্দাহার হবে, সেটি নিয়েও আলোচনা চলছে (কান্দাহারে তালেবানের জন্মস্থান)।

কাবুল বিমানবন্দরে বিশৃঙ্খলা
বালখি: বিষয়টি নিয়ে সম্পর্কের ভিত্তিতে আলোচনা চলছে। নিরাপত্তাব্যবস্থা নিয়ে আমেরিকানদের সঙ্গে আমরা কাজ করছি। বিমানবন্দরের বাইরের চেকপয়েন্টগুলো আমাদের নিয়ন্ত্রণে আর ভেতরের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীর হাতে। একে অপরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি আমরা।

কাবুলের জনগণ ও তালেবানের মধ্যে আস্থার সংকট
বালখি: জনগণ যেভাবে তাড়াহুড়ো করে বিমানবন্দরের দিকে যাচ্ছে, সেটা খুবই দুর্ভাগ্যজনক। কারণ, আমরা ইতিমধ্যে নিরাপত্তা বাহিনীর কনিষ্ঠ পর্যায় থেকে জ্যেষ্ঠ পর্যন্ত, সবার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছি। এ ধরনের ভীতিকর পরিস্থিতি তৈরি হওয়ার বিষয়টি ভিত্তিহীন।

দ্রুত কাবুল দখল
বালখি: প্রতিটি ঘটনা এত দ্রুত ঘটেছে যে জনগণ অবাক হয়ে গেছে। এটা আমাদের পরিকল্পনায় ছিল না। প্রাথমিকভাবে ঘোষণা করেছিলাম, আমরা কাবুলে ঢুকতে চাই না। রাজধানীতে ঢোকার আগে আমরা একটি রাজনৈতিক সমাধান চেয়েছিলাম, সেখানে একটি যৌথ ও সব পক্ষের অংশগ্রহণে সরকার গঠনের পরিকল্পনা ছিল। কিন্তু দেখা গেল সরকারি বাহিনী পালিয়ে যাওয়ায় জায়গাগুলো পরিত্যক্ত হয়ে যায়। বাধ্য হয়ে নিজেদের বাহিনী নিয়ে আমরা নিরাপত্তার দায়িত্ব নিই।

শাসন ও নারীর অধিকার
বালখি: আফগানদের মধ্যে আলোচনার মূল একটি কারণ ছিল কোন অধিকারগুলো প্রয়োজন, সে বিষয়ে একটা সমঝোতায় পৌঁছানো। ইসলামি আইনের বিষয়টি সবারই জানা এবং সেখানে নারী-পুরুষের অধিকারের বিষয়ে কোনো অস্পষ্টতা নেই। এ ছাড়া ইসলামি আইনে পুরুষ ও শিশুর অধিকার নিয়েও নির্দেশনা রয়েছে।

টার্গেট কিলিং এবং সরকারি ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিপীড়ন
বালখি: আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে নিজেদের মধ্যে শৃঙ্খলা আনা। অন্যদের ওপর আইন প্রয়োগ করার আগে আমরা নিজেদের ওপর সেটা প্রয়োগ করতে চাই, যাতে এটা সমাজের সবার জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকে। আমাদের মধ্যে কেউ যদি নিপীড়ন ও হত্যায় জড়িত থাকে, তবে তাদেরই প্রথম বিচারের মুখোমুখি করা হবে।

তালেবান কি সন্ত্রাসী সংগঠন
বালখি: আমি মনে করি না যে জনগণ আমাদের সন্ত্রাসী মনে করে। আমি মনে করি, এটা শুধু ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’। এটা শুধু যুক্তরাষ্ট্রের দেওয়া একটি শব্দ। যারা এ পথে পড়ে না, তাদেরও সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয়েছে।