রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টিকা নিতে মানুষের আগ্রহ বাড়ছে

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকার ৫ জুলাই করোনার টিকা পেতে নিবন্ধনের বয়সসীমা ৩৫ বছরে নামিয়ে আনে। সুযোগ পেয়েই নিবন্ধন করে ফেলেন ঢাকার আদাবরের বাসিন্দা সিকাতুল মুনিরা। তিনি গতকাল রোববার রাজধানীর শেরেবাংলা নগরের ঢাকা শিশু হাসপাতাল কেন্দ্রে টিকা নিতে গিয়েছিলেন। আধা ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকা নিয়ে বাসায় ফেরেন তিনি।

সিকাতুল মুনিরা বলেন, তিনি টিকা আরও আগে নিতে চেয়েছিলেন। কিন্তু বয়সসীমার কারণে পারেননি। এবার টিকা নিতে পেরে তিনি অনেকটা স্বস্তি বোধ করছেন।

দেশে করোনা পরিস্থিতির অবনতির মধ্যে টিকা নিতে মানুষের আগ্রহ বাড়ছে। একদিকে যেমন টিকার জন্য নিবন্ধন বাড়ছে, তেমনি কেন্দ্রে ভিড় বাড়ছে। লাইনে দাঁড়িয়ে মানুষ টিকা নিচ্ছে। নতুন দিক হলো, পুরুষের পাশাপাশি নারীদের লাইনও বড় হচ্ছে।

ঢাকার তিনটি ও ছয়টি উপজেলার টিকাকেন্দ্র ঘুরে গতকাল দেখা যায়, টিকা নিতে গিয়ে মানুষকে কিছু ক্ষেত্রে সামান্য ভোগান্তি পোহাতে হয়েছে। কিছু জায়গায় টিকা নেওয়ার পর বিশ্রাম না নিয়েই গ্রহীতা চলে যাচ্ছিলেন। একটি উপজেলায় নারী-পুরুষকে একই কক্ষে টিকা দেওয়া হচ্ছিল। এ নিয়ে নারীদের কেউ কেউ বিব্রত বোধ করছিলেন। দুয়েকটি জায়গায় বসার পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। একটি কেন্দ্রে এক নারীকে একই সঙ্গে দুই ডোজ টিকা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এদিকে বিধিনিষেধের মধ্যে যানবাহন না পেয়ে অনেকে টিকা নিতে যেতে ভোগান্তিতে পড়েন। রিকশা পেলেও ভাড়া দিতে হয় অনেক বেশি।

দেশে ৭ ফেব্রুয়ারি গণটিকাদান শুরু হয়। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গতকাল পর্যন্ত টিকার জন্য নিবন্ধিত হয়েছেন ১ কোটি ২১ লাখ ৭০ হাজার ৪৪৫ জন। গতকাল টিকা দেওয়া হয় ২ লাখ ১১ হাজার ৩৭৬ জনকে। এর মধ্যে প্রায় ৪২ শতাংশ নারী।

ঢাকা শিশু হাসপাতালের টিকাকেন্দ্রে গিয়ে গতকাল সকালে দেখা যায়, নারী ও পুরুষের লাইন প্রায় সমান। হাসপাতালটিতে টিকা কার্যক্রমের তত্ত্বাবধায়ক রোগতত্ত্ববিদ কিংকর ঘোষ বলেন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে টিকা নিচ্ছেন। আগে নারীর সংখ্যা কম দেখা যেত। এখন বাড়ছে।

ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে টিকার বুথ কোথায়, তার কোনো নির্দেশিকা নেই। ফলে বিপাকে পড়তে হয় টিকাগ্রহীতাদের। গতকাল এ হাসপাতালে গিয়ে টিকার বুথ খুঁজে পাচ্ছিলেন না আয়নাল হোসেন ও রাবেয়া বেগম দম্পতি। বেশ কিছু সময় ঘোরাঘুরির পর মানুষকে জিজ্ঞেস করতে করতে তাঁরা টিকার বুথে পৌঁছান। একই হাসপাতালে টিকা নিতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমিত দাস বলেন, অনেককেই বুথ খুঁজে পেতে ভোগান্তি হচ্ছে। বিশেষ করে বয়স্কদের কষ্ট হয়। এই সমস্যা ছাড়া টিকার বাকি ব্যবস্থাপনা ভালো।

সোহরাওয়ার্দী মেডিকেলের পরিচালক মো. খলিলুর রহমান বলেন, নির্দেশিকা লাগানোর ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালেও টিকাদান ব্যবস্থাপনায় তেমন কোনো ঘাটতি চোখে পড়েনি। শুধু হাসপাতাল ভবনের তৃতীয় তলায় টিকাদান বুথে যেতে প্রবীণদের ভোগান্তি পোহাতে হয়। কারণ, হাসপাতালের চারটি লিফটের দুটি অকেজো।

মুগদা হাসপাতালের পরিচালক অসীম কুমার নাথ বলেন, ঈদের ছুটির পর গতকাল টিকা নিতে আসা মানুষের চাপ বেশি ছিল। বয়োজ্যেষ্ঠদের জন্য হুইলচেয়ারের ব্যবস্থা রাখা আছে।

উপজেলার চিত্র
উপজেলাগুলোর মধ্যে কোথাও কোথাও টিকা নিতে মানুষের আগ্রহ দেখা গেছে। আবার কোথাও তেমন আগ্রহ দেখা যাচ্ছে না।

ময়মনসিংহের নান্দাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাকেন্দ্রে গতকাল সকালে দেখা যায়, দুটি বুথের সামনে টিকাগ্রহীতাদের তেমন কোনো ভিড় নেই। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুর রশীদ বলেন, গ্রামে ঘুরে মানুষকে অনুরোধ জানিয়ে এবং মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে সাড়া পাওয়া যাচ্ছে না।

রাজশাহীর বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে গতকাল টিকা নিতে যাওয়া মানুষের ভিড় দেখা যায়। তবে শৃঙ্খলা ছিল না। লাইনে দাঁড়ানোর অনুরোধ কেউ শুনছিলেন না। বসার চেয়ার না পেয়ে বয়স্কদের অনেকে দাঁড়িয়ে ছিলেন। কেন্দ্রটিতে কোনো স্বেচ্ছাসেবী দেখা যায়নি।

উপজেলার তাহেরপুর গ্রামের আরতি রানী (৫৫) টিকা নেওয়া শেষে বাড়ি ফিরে যাচ্ছিলেন। তিনি বলেন, টিকা নেওয়ার পর যে ৩০ মিনিট বিশ্রাম নিতে হয়, তা তাঁর জানা নেই। কেউ তাঁকে জানায়নি।

ব্যবস্থাপনার বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম রাব্বানী বলেন, ‘আপনাদের তথ্য দেওয়া বারণ।’

নারী-পুরুষকে একই লাইনে দাঁড়িয়ে টিকা নিতে হয় যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কেন্দ্রটিতে গতকাল টিকা নিতে যাওয়াদের বেশ ভিড় ছিল। বয়স্ক ব্যক্তিদের অভিযোগ, তাঁদেরও দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়ে থাকতে হয়েছে। আগে দেওয়ার কথা থাকলেও সে ব্যবস্থা করা হয়নি।

৬৭ বছরের আবদুল মাজেদ বলেন, টিকা পেতে তাঁর দেড় ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। উপজেলার গোপসেনা গ্রামের গৌরী রানী ঘোষ দাবি করেন, আড়াই ঘণ্টা অপেক্ষার পর তিনি টিকা পেয়েছেন। টিকা নেওয়ার পর তাঁকে কেউ বিশ্রাম নিতে বলেনি। তাই তিনি বাড়ি চলে যান।

অবশ্য কেশবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলমগীর হোসেন উল্লেখ করেন, বয়স্কদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার ব্যবস্থা আছে। বিশ্রাম নিতে বলা হলেও মানুষ শুনতে চায় না।

নারী-পুরুষকে একই কক্ষে টিকা দেওয়ার ঘটনা দেখা যায় সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে নতুন ভবনের দোতলায় নারী ও পুরুষদের জন্য আলাদা কক্ষ আছে। তবে ব্যবহার করা হচ্ছিল একটি। পর্যবেক্ষণ কক্ষের ব্যবস্থা থাকলেও সেটি বন্ধ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ ইমরান হোসেন বলেন, টিকাগ্রহীতার সংখ্যা কম। তাই একটি কক্ষ ব্যবহার করা হচ্ছে।

রংপুরের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকাদানকেন্দ্রের বাইরে টিকাগ্রহীতাদের বসার কোনো ব্যবস্থা দেখা যায়নি।

এক নারীকে একই সঙ্গে দুই ডোজ টিকা দেওয়ার ঘটনা ঘটে চট্টগ্রামের সীতাকুণ্ডের বাংলাদেশ ইনস্টিটিউট অব ইনফেকশাস ডিজিজেজ হাসপাতালে। এই টিকাকেন্দ্রের ২ নম্বর বুথের সামনে জটলা দেখে গিয়ে দেখা যায়, এক নারী (৪৫) অভিযোগ করছেন, তাঁকে একই সঙ্গে দুই ডোজ টিকা দেওয়া হয়েছে। তিনি নিজের বাঁ হাতে সুই ফোটানোর দুটি দাগ দেখাচ্ছিলেন। অবশ্য এক স্বাস্থ্যকর্মী তাঁকে বলছিলেন ‘দুটি টিকা দিলেও কোনো অসুবিধা হবে না’।

হাসপাতালটির উপপরিচালক মোহাম্মদ বখতিয়ার আলম বলেন, বিষয়টি তিনি খতিয়ে দেখবেন।

[প্রতিবেদনে তথ্য দিয়ে সহায়তা করেছেন উপজেলার প্রতিনিধিরা]