রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অতন্দ্র প্রহরীর মতো মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি আহ্বান শেখ হাসিনার

news-image

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগের ৭২ বছর পূর্তিতে ‘শেখ হাসিনার নেতৃত্বের চার দশক: সংগ্রামী নেতা থেকে কালজয়ী রাষ্ট্রনায়ক’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় যুক্ত হন।

আওয়ামী লীগের ৭২ বছর পূর্তিতে ‘শেখ হাসিনার নেতৃত্বের চার দশক: সংগ্রামী নেতা থেকে কালজয়ী রাষ্ট্রনায়ক’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় যুক্ত হন। ঢাকা, ২৩ জুন।ছবি: পিআইডি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের প্রত্যেক নেতা-কর্মীকে অতন্দ্র প্রহরীর মতো বাংলার জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এ দেশের মানুষের ভাগ্য নিয়ে যেন কেউ আর ছিনিমিনি খেলতে না পারে।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বুধবার বিকেলে দলের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দেওয়া ভাষণে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মূল অনুষ্ঠানে যুক্ত হন।

শেখ হাসিনা বলেন, ‘এই বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর কখনো কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে, সে জন্য অতন্দ্র প্রহরীর মতো বাংলাদেশের মানুষের পাশে থাকবে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা-কর্মী, সেটাই আমি চাই।’ তিনি আওয়ামী লীগকে মূল্যবান হীরকখণ্ডের সঙ্গে তুলনা করে বলেন, ‘আওয়ামী লীগকে বলব হীরার টুকরা। যতবার কেটেছে, ততবার আরও জ্বলজ্বল হয়েছে এবং আরও নতুনভাবে জ্যোতি ছড়িয়েছে। আর আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই বাংলাদেশ বিশ্বে একটা মর্যাদা পেয়েছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আলোচনা সভার প্রারম্ভিক বক্তব্য দেন। দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদও বক্তব্য দেন।
শেখ হাসিনা বলেন, ‘এই আওয়ামী লীগ অনেক ঘাত-প্রতিঘাত সহ্য করেছে, অনেক চড়াই-উতরাই, বন্ধুর পথ পার হয়েছে। আজ আমরা ক্ষমতায় আছি বলেই মানুষের ভাগ্য পরিবর্তিত হচ্ছে।’
প্রধানমন্ত্রী বলেন, আজ আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই বাংলাদেশের মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসাসহ বিভিন্ন মৌলিক চাহিদাগুলোর সংস্থানের সুযোগ আছে। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে জনগণ আবার বঞ্চিত হবে। কাজেই তারা যেন আর বঞ্চনার স্বীকার না হয়।

জনগণের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘তারা ভরসা করেছিল বলেই আমরা টানা তৃতীয়বারের মতো রাষ্ট্র পরিচালনার সুযোগ পাওয়ায় দীর্ঘ সময় হাতে পেয়েছি। দেশকে সুন্দরভাবে সাজানোর যেমন সুযোগ পেয়েছি, তেমনি দেশের দুঃখী মানুষের ভাগ্য পরিবর্তন করার একটা সুযোগ পেয়েছি। আজকে করোনাভাইরাস আমাদের কিছুটা প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে সত্য কিন্তু এই অবস্থা থেকেও ইনশা আল্লাহ আমরা উত্তরণ ঘটাতে পারব।’ তিনি এ সময় কোভিড-১৯ টিকা গ্রহণের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলাসহ মাস্ক ব্যবহার করা, হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব মেনে চলার বিষয়গুলোও পুনরায় দেশবাসীকে স্মরণ করিয়ে দেন। পাশাপাশি অবশ্যই পালনের আহ্বান পুনর্ব্যক্ত করেন।

দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গণভবন থেকে ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত আলোচনা সভা সঞ্চালনা করেন। আলোচনা সভায় আরও বক্তব্য দেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য এবং কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী, মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সংগঠনের ৭২ বছর পূর্তিতে প্রকাশিত দলের তথ্য ও গবেষণা পরিষদ সম্পাদিত একটি বইয়ের মোড়কও উন্মোচন করেন। এর আগে অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবসহ পঁচাত্তরের ১৫ আগস্টের শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।