৩ মিনিটে দুবার কাঁপল সিলেট
সিলেট ব্যুরো : ভূমিকম্প নিয়ে আতঙ্কের মধ্যে সিলেটে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সোমবার সন্ধ্যার দিকে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়। সন্ধ্যা ৬টা ২৭ মিনিট ও ৬টা ২৯ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট। এ সময় নগরজুড়ে আতঙ্ক দেখা দেয়। বাসা ও অফিসে থাকা মানুষজন ঘর ছেড়ে আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ঢাকা আবহাওয়ায় অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মমিনুল ইসলাম বলেন, আজ ভূকম্পন হয় ৬টা ২৯ মিনিট ৩১ সেকেন্ডে। এর মাত্রা ছিল ৩ দশমিক ৮।
দুবার ঝাঁকুনি অনুভব হলেও এটি একই ভূমিকম্পের ঝাঁকুনি হিসেবেই ধরে নেওয়া হচ্ছে বলে জানান আবহাওয়াবিদ মমিনুল ইসলাম। তিনি বলেন, এর উৎপত্তিস্থল ঢাকা থেকে ১৮৮ কিলোমিটার উত্তর পূর্ব দিকে। সে হিসেবে এটি সিলেট সেন্ট্রালেই ধরে নেওয়া যায়।
ঢাকা আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আজ সন্ধ্যা ৬টা ২৯ মিনিট ৩১ সেকেন্ডে এ ভূকম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল সিলেট অঞ্চলে। ঢাকা থেকে উত্তর-পূর্ব দিকে উৎপত্তিস্থলের দূরত্ব ১৮৮ কিলোমিটার। রিখটার স্কেলে মাত্রা ছিল ৩ দশমিক ৮।
এর আগে গত ২৯ মে সকাল ১০টা থেকে বেলা দুইটার মধ্যে সিলেটে অন্তত পাঁচটি ভূকম্পন অনুভূত হয়। পরদিন ভোরে আবার ভূমিকম্প হয়, যার সবগুলোর কেন্দ্রস্থল সিলেটের জৈন্তাপুর এলাকায়। ২৯ মে ভূমিকম্পের পর থেকেই সিলেটজুড়ে ভূমিকম্প আতঙ্ক বিরাজ করছে।
বিশেষজ্ঞদের মতে, বড় ধরনের ভূমিকম্পের আগে বা পরে এমন ছোট ছোট ভূকম্পন অনুভূত হয়। ফলে ভূমিকম্পের ডেঞ্জারজোন হিসেবে পরিচিত সিলেটে বড় ধরনের ভূমিকম্পের শঙ্কা দেখা দিয়েছে।
২৯ মে ভূমিকম্পের পর সিলেট সিটি করেপারেশনের পক্ষ থেকে নগরের ঝূঁকিপূর্ণ ৭টি বহুতল বিপনী বিতান ১০ দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া নগরের বহুতল ভবনগুলো ভূমিকম্প সহনীয় কী না তা জরিপ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান বলেন, ২০১৬ সালে সর্বশেষ সিলেটের ঝুঁকিপূর্ণ ভবনগুলোর ব্যাপারে জরিপ চালানো হয়েছিল। এতে ৩২টি ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। গত ২৯ মের ভূমিকম্পের পর এই ভবনগুলোর মধ্যে ৭টি বাণিজ্যিক ভবন বন্ধ করে দেওয়া হয়েছে।
তিনি বলেন, সিলেটে প্রায় ৭০ হাজার হোল্ডিং আছে। এর মধ্যে সাত তলার উপরে ভবন আছে অন্তত ৪০০টি। তবুও সিটি করপোরেশনের হিসেবের বাইরেও আরও অনেক বহুতল ভবন আছে। এখন আবার বহুতল ভবনগুলোর ব্যাপারে জরিপ চালানো উচিত।
নুর আজিজ বলেন, নগরের বহুতল ভবনগুলো ভূমিকম্পসহনীয় কি না, তা পরীক্ষা করে দেখার জন্য বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন। আমরা দ্রুতই সে উদ্যোগ নেব। সব ঝুঁকিপূর্ণ ভবন আমাদের পক্ষে ভেঙে ফেলা সম্ভব নয়। তবে যে ভবনগুলো ভূমিকম্পসহনীয় নয় সেগুলোর সামনে সতর্কতামূলক সাইনবোর্ড টানিয়ে দেব।
বিশেষজ্ঞদের মতে, সিলেটে সবচেয়ে বেশি প্রয়োজন নগরীর সব ভবনকে ভূমিকম্প প্রতিরোধক করা। এ জন্য নতুন ভবন নির্মাণের আগে মাটি পরীক্ষা করতে হবে। মাটির ধরণের ওপর নির্ভর করে ভবনকে একতলা বা বহুতল করতে হবে। জলাশয় ভরাট করে বহুতল ভবন নির্মাণ করা যাবে না। ভূমিকম্প প্রতিরোধী ডিজাইনে এবং মানসম্পন্ন নির্মাণ সামগ্রি ব্যবহার করে দালান তৈরি করতে হবে। আর পুরনো দুর্বল ভবনগুলোকে সংস্কার করে শক্তি বৃদ্ধি করতে হবে। সম্ভব না হলে ভেঙ্গে ফেলতে হবে। বিল্ডিং কোড লঙ্ঘন করে কোন অবস্থাতেই ভবন নির্মাণ করা যাবে না।











