মুক্তিযুদ্ধের সংগঠক ও ভাষা সৈনিক মীর আনিছুল হক পেয়ারা স্যারের ইন্তেকাল
হারুন উর রশিদ সোহেল, রংপুর : মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, শিক্ষক, রাজনীতিবীদ ও ভাষা সৈনিক মীর আনিছুল হক পেয়ারা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। তিনি সবার কাছে পেয়ারা স্যার হিসাবে পরিচিত ছিলেন।আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি এক ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যু কালে তিনি রংপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্কাউট কার্যক্রমের সাথে জড়িত ছিলেন।
তিনি দীর্ঘদিন ধরে নিউরোজিক্যাল সমস্যাসহ নানা শারীরিক জটিলতায় রংপুরের মাহিগঞ্জের নিজ বাড়ি ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে রংপুরের সামাজিক, সাংষ্কৃতিক, রাজনৈতিক, পেশাজীবিসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।জানা গেছে ১৯৩৬ সালে জন্ম নেয় মীর আনিসুল হক পেয়ারা। রংপুরের আদি শহর মাহিগঞ্জের আফানউল্লাহ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার মধ্য দিয়ে তাঁর কর্ম জীবন শুরু করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠক হিসেবে নিজেকে সম্পৃক্ত করেন। জেলা স্কাউটস্ কমিশনার হিসেবে তিনি সফলতার সাথে দায়িত্ব পালন করেন এবং স্কাউটের কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তিনি রাষ্ট্রপতির “রৌপ্য ব্যাঘ্র” পদক লাভ করেন। তিনি একাধারে ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠক।
তিনি বাংলাদেশ শিল্প ঝণ সংস্থার সাবেক চেয়ারম্যানসহ রংপুরের মাহিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, আফান উল্লাহ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। মীর আনিসুল হক পেয়ারা রঙ্গপুর গবেষনা পরিষদ, লেখক সংসদ, রঙ্গপুর সাহিত্য পরিষদ, সারথী একাডেমিসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিয়োজিত ছিলেন। এছাড়াও তিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, উপদেষ্টা ও সহ-সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। আজ সোমবার সকাল ১১টায় নগরীর মাহিগঞ্জ শাহী মসজিদ মাঠে জানাযা শেষে মাহিগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হবে।
এদিকে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ভাষা সৈনিক সবার প্রিয় মীর আনিছুল হক পেয়ারা স্যারের মৃত্যুতে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রংপুর বিভাগীয় কমিশনার, সিটি করপোরেশনের মেয়র, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা পরিষদ চেয়ারম্যান শোক প্রকাশ করে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এছাড়া রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কমিউনিষ্ট পার্টি, সিপিবি, ওয়াকার্স পার্টি, গণতন্ত্রী পার্টি, জাসদ, বাসদ ও রংপুর প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, রংপুর সাংবাদিক ইউনিয়ন, সিটি প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, রংপুর সাংবাদিক কল্যাণ সমিতি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুর জেলা শাখা, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-টিসিএ, মাহিগঞ্জ প্রেসক্লাব, তাজহাট থানা প্রেসক্লাব, রংপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, দৈনিক আমাদের প্রতিদিন পরিবার, যুগান্তর স্বজন সমাবেশ, মহানগর ও জেলা ছাত্রদল, যুবদল, কৃষক দল, তাঁতী দল, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ, জাতীয় যুব সংহতি, ছাত্র সমাজ, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শোক প্রকাশ করেছেন।











