বরিস জনসন ‘গোপন অনুষ্ঠানে বিয়ে করলেন’
অনলাইন ডেস্ক : ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ওয়েস্টমিনস্টার ক্যাথেড্রালে একটি গোপন অনুষ্ঠানে বাগদত্তা ক্যারি সাইমন্ডসকে বিয়ে করেছেন বলে জানা গেছে। শনিবার ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে এ বিয়ে অনুষ্ঠিত হয়েছে বলে বেশ কয়েকটি স্থানীয় পত্রিকা জানিয়েছে। রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর প্রকাশ করেছে।
তবে ডাউনিং স্ট্রিট এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
ওয়ার্কস অ্যান্ড পেনশনস সেক্রেটারি টেরেস কফি টুইট করে বলেছেন, আজকের বিয়ে উপলক্ষে বরিস জনসন এবং ক্যারি সাইমন্ডসকে অভিনন্দন।
নর্দার্ন আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার আরলেন ফস্টার টুইটারে তাদের ‘বিশাল অভিনন্দন‘ জানিয়েছেন।
রোববার দ্য মেইলের খবরে বলা হয়েছে, অনুষ্ঠানটিতে ৩০ জন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ব্রিটেনে করোনাভাইরাস মহামারিকালে নিয়ম অনুযায়ী কোনো অনুষ্ঠানে অতিথির সর্বোচ্চ অনুমোদিত সংখ্যাও হচ্ছে ৩০।
খবরে বলা হয়, এ অনুষ্ঠানটি আয়োজনের প্রস্তুতিতে গির্জার অল্প কয়েকজন কর্মকর্তা জড়িত ছিলেন। বিয়ে পড়ান ফাদার ড্যানিয়েল হামফ্রেস।
দ্য সান বলছে, ডাউনিং স্ট্রিটের সিনিয়র কর্মকর্তারাও এ বিয়ের ব্যাপারে অবগত ছিলেন না।
খবরে আরও বলা হয়, শনিবার ব্রিটিশ সময় বেলা দেড়টার কিছু পরে ওয়েস্টমিনস্টার ক্যাথেড্রাল থেকে সাধারণ জনগণকে সরে যেতে বলা হয়। এর আধা ঘণ্টা পর একটি লিমোতে চড়ে সেখানে হাজির হন সাদা পোশাক পরিহিত সাইমন্ডস।
এছাড়া শনিবার রাতে ১০ নম্বর ডাউনিং স্ট্রিট ছেড়ে যাচ্ছেন বাদকরা, এমন ছবিও তোলা হয়েছে।
৫৬ বছর বয়সী বরিস জনসনের সাঙ্গে ৩৩ বছরের সাইমন্ডসের প্রেমের খবর সংবাদমাধ্যমে প্রথম আসে ২০১৯ সালে। এরপর গতবছরের ফেব্রুয়ারিতে তারা বাগদানের খবর প্রকাশ করেন। তাদের সন্তান উইলফ্রেডের জন্ম হয় গত এপ্রিলে।











