সাহাবিদের গুণাবলি
আমিরুল ইসলাম লুকমান : হিজরতের সময় সওর পর্বতের গুহায় আশ্রয়রত নবী করিম সা. সঙ্গী হজরত আবু বকরকে বলেছিলেন, ‘বিষন্ন হয়ো না। আল্লাহ আমাদের সঙ্গে আছেন।’ -সুরা তওবা: ৪০
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর উম্মতের মধ্যে শ্রেষ্ঠ হলেন সাহাবায়ে কেরাম। কিয়ামত পর্যন্ত আগত সমগ্র মানুষের জন্য তারা সত্যের মাপকাঠি। এ কারণে তাদের প্রতি নিজের রাজির কথা স্পষ্ট করে ঘোষণা করেছেন আল্লাহ। সাহাবিরা যেসব গুণের অধিকারী ছিলেন, আমাদেরও উচিত ওইসব গুণাবলি অর্জন করা। যেন আল্লাহ আমাদের ওপর রাজি ও সন্তুষ্টি হোন। নিচে সাহাবিদের বিশেষ কিছু বৈশিষ্ট্য উল্লেখ করা হলো
দৃঢ় ইমান ও বিশ্বাস : সাহাবিদের ইমান সম্পর্কে কোরআনে অসংখ্য আয়াত বর্ণিত হয়েছে। শুধু সুরা আনফালেই প্রায় ২০ জায়গায় সাহাবিদের ইমানের কথা আলোচিত হয়েছে। কোরআন মানবজাতির জন্য যেসব মর্ম ও আদেশ, আকিদা ও আদর্শ নিয়ে এসেছিল, সাহাবিরা সেসবের ওপর পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত ছিলেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা সেগুলোর ওপর পূর্ণমাত্রায় আমল করেছেন। কোরআনে বলা হয়েছে, ‘ইমানদারদের ভেতর এমন লোক আছে, যারা কোনো প্রকার পরিবর্তন ঘটায়নি।’ সুরা আহজাব : ২৩
ইবাদত ও ইখলাস : আল্লাহর সন্তুষ্টির আশায় সাহাবিরা বেশিরভাগ সময় নানা প্রকার ইবাদতে মশগুল থাকতেন। তারা একমাত্র আল্লাহর জন্য এসব ইবাদত করতেন, অন্য উদ্দেশ্য ছিল না। জান্নাত লাভ, আল্লাহর প্রিয় হওয়াই তাদের অভিপ্রায়। ফলে তাদের পুরো জিন্দেগি ইবাদতে পরিণত হয়েছিল।
সৎ কাজের আদেশ : কোরআনে ইরশাদ হয়েছে, ‘(হে মুসলিমরা) তোমরা সেই শ্রেষ্ঠতম দল মানুষের কল্যাণের জন্য যাদের অস্তিত্ব দান করা হয়েছে। তোমরা পুণ্যের আদেশ করে থাকো ও অন্যায় কাজে বাধা দিয়ে থাকো এবং আল্লাহর প্রতি ইমান রাখো।’ সুরা আলে ইমরান : ১১০
এই আয়াতটি সাহাবায়ে কেরামসহ সমগ্র মুসলিম উম্মতের জন্য অবতীর্ণ হয়েছে। বিভিন্ন নীতিমালার আলোকে সাহাবিরা জীবনভর এই আদেশের ওপর আমল করেছেন পূর্ণাঙ্গরূপে। যখন জবানের প্রয়োজন হয়েছে, জবান দিয়ে আর যখন জীবন ও সম্পদের প্রয়োজন হয়েছে, তখন জীবন ও সম্পদ দিয়ে জিহাদের মাধ্যমে। শুধু এতটুকু নয়, তারা পরবর্তী প্রজন্ম তাবেঈদেরও এসব গুণাবলি শিক্ষা দিয়েছেন।
আল্লাহর রাস্তায় ব্যয় : সাহাবিরা তাদের জীবন ও সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন। হজরত আবু বকর (রা.), হজরত ওমর (রা.), হজরত উসমান (রা.), হজরত আবদুর রহমান ইবনে আউফ (রা.) প্রমুখ সাহাবি জীবনের সঙ্গে সঙ্গে সম্পদ দিয়েও জিহাদের ময়দানে অবদান রেখেছেন। আল্লাহতায়ালা বলেছেন, ‘রাসুল এবং যেসব লোক তার সঙ্গে ইমান এনেছে তারা নিজেদের জান-মাল দিয়ে জিহাদ করেছে। তাদেরই জন্য সর্বপ্রকার কল্যাণ এবং তারাই কৃতকার্য।’ সুরা তওবা : ৮৮
সত্যবাদিতা ও জ্ঞানার্জন : সাহাবিরা নবী করিম (সা.) থেকে শরিয়তের সব বিষয়ের জ্ঞানার্জন করেছেন। সাহাবিরা আল্লাহর আদেশ পালনে এবং জিহাদে পূর্ণ সত্যবাদী ছিলেন। সত্যবাদীদের উত্তম উদাহরণ হজরত আবু বকর (রা.)। মেরাজের রাতের ঘটনার বিষয়ে নবী করিম (সা.) কে সত্য বলায় তাকে নবী (সা.) মহাসত্যবাদী উপাধি দেন। আল্লাহতায়ালা বলেছেন, ‘হে মুমিনরা! আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো।’ সুরা তওবা : ১১৯
অপরকে প্রাধান্য : সাহাবিরা নিজেদের প্রয়োজন পূরণের চেয়ে অপরের প্রয়োজন পূর্ণ করার প্রতি বেশি গুরুত্ব দিতেন। এটি তাদের স্বভাবগত অভ্যাস ছিল। অপরের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া তাদের বৈশিষ্ট্য ছিল। সাহাবিরা নিজেদের সব কাজ ও কথায় মধ্যপন্থা অবলম্বন করতেন। শরিয়তের আদেশ-নিষেধের বাইরে কখনো বাড়াবাড়ি ও শিথিলতা প্রদর্শন করতেন না।











