ব্যাংক লেনদেনের সময় বাড়ল
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান বিধিনিষেধ আগামী ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময় ব্যাংক আগের মতো সীমিত পরিসরে খোলা থাকবে। এ সময়ে ব্যাংক লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত। তবে ব্যাংকের অন্যান্য আনুষঙ্গিক কাজ চলবে বিকেল ৪টা পর্যন্ত। আজ রোববার (২৩ মে) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ঘোষিত প্রজ্ঞাপন প্রেক্ষিতে নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী সোমবার (২৪ মে) থেকে ৩০ মে পর্যন্ত সীমিত পর্যায়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। এ সময়ে লেনদেন হবে সকাল ১০টা হতে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত আর লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদন হবে বিকেল ৪টা পর্যন্ত। বাংলাদেশ ব্যাংক কর্তৃক ১৩ এপ্রিল ২০২১ তারিখে জারিকৃত ডিওএস সার্কুলার লেটার নং-১৫ এ প্রদত্ত অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলাে।
এর আগে একই কারণে গ্রাহকের লেনদেনের সুবিধার্থে গত রোববার (২৯ মার্চ) থেকে বৃহস্পতিবার (২ এপ্রিল) পর্যন্ত সাধারণ ছুটির সময় পাঁচদিন সীমিত আকারে ব্যাংক খোলা ছিল। ওই সময়ে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লেনদেন হয়, আর ব্যাংক খোলা ছিল দুপুর দেড়টা পর্যন্ত। তবে পরের নির্দেশনায় ব্যাংকের লেনদেন এক ঘণ্টা এবং খোলা রাখার সময় দেড় ঘণ্টা বাড়ানো হয়েছে।











