আইনের শাসন না থাকলে সেই দেশ সোমালিয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী
মানিকগঞ্জ প্রতিনিধি : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমরা কেউই আইনের ঊর্ধ্বে নই। আইনের যে ধারা আছে, সে ধারা অনুযায়ী দেশ চলে। আইন মানুষের জন্য, মানুষকে কষ্ট দেওয়ার জন্য নয়। আইন দেশের বিশৃঙ্খলা থামিয়ে রাখেন, আইন মানুষকে সাহায্য করে। একটি দেশ তখনই ভালো চলে, যখন দেশে আইনের শাসন থাকে। যে দেশে আইনের শাসন নেই, সেই দেশ সোমালিয়া হবে। কাজেই আইনের প্রতি আমাদের আস্থাশীল হতে হবে।
শনিবার সন্ধ্যায় মানিকগঞ্জ শুভ্র সেন্টারে দলীয় নেতকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সহ সভাপতি আব্দুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকারসহ দলীয় নেতাকর্মীরা।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজকে করোনার কারণে ছেলেমেয়েদের লেখাপড়া বন্ধ প্রায় একবছর হয়ে গেল। কোনো পরীক্ষা দিতে পারেনি। ওই দিকে আমাদের চিন্তা করতে হবে। আমাদের দেশের ক্ষতি হচ্ছে। উন্নয়ন আশা করেছিলাম ৮ পার্সেন্ট হবে, সেটা হচ্ছে না। কমে গেছে করোনার জন্যে। এরমধ্যে যদি আমরা আরও কিছু বিশৃঙ্খলা ঘটাই, তাহলে দেশ আরও পিছিয়ে যাবে। উন্নয়ন থেমে যাবে। এটা আমরা চাই না। আমরা সবাই মিলে দেশের কাজ করি। করোনা নিয়ন্ত্রণ করতে না পারলে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং মানুষের মৃত্যু বেড়ে যাবে। এই কথাটি কিন্তু আমাদের মনে রাখতে হবে।
জাহিদ মালেক বলেন বলেন, আমরা চাই না দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হোক। ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল, ষড়যন্ত্র করে ২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা হয়েছিল। ষড়যন্ত্রের মাধ্যমে হেফাজতের তাণ্ডব দেখেছি। ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। তবেই আমাদের দেশে উন্নয়ন হবে। বিএনপি জামাত জোট শুধু বিরোধিতাই করে। তারা দেশের উন্নয়ন চায় না, মানুষের কথা ভাবে না, মানুষের পাশে দাঁড়ায়নি। তারা জানে না, মানুষকে আর বোকা বানানো যাবে না।
তিনি আরও বলেন, দেশে করোনা পরিস্থিতি ভালো ছিল। কিন্তু আমাদের একটু অনিয়ন্ত্রিত চলাফেরার কারণে দেশে আজ করোনা মৃত্যু ও সংক্রমণ বেড়ে গেছে। ভারতের সঙ্গে আমাদের বর্ডার করোনার কারণে বন্ধ রয়েছে। করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ভারতের সঙ্গে আমাদের বর্ডার বন্ধ থাকবে।











